অর্থ- যে ব্যক্তি কখনো হাসে না।গোমরামুখো।
উৎপত্তি- গ্রিক শব্দ agelastos (না হাসা)
সুকুমার রায় তাঁর হেঁসোরাম হুঁশিয়ারের ডায়রিতে একটি প্রাণীর বর্ণনা দিয়েছিলেন- যার চেহারা দেখলে মনে হয় সে এ জগৎ সংসারের সবকিছু নিয়েই বিরক্ত।তার মুখে যেন কোন সুখ নেই। নাম তাই দেওয়া হয়েছিল তাই ‘গোমরাথেরিয়াম’।কিছু মানুষ থাকেন যাদের কোন কিছু বলেই, কোন কিছু করেই হাসানো যায়না।এরকম মানুষ সব শতাব্দী সব যুগেই ছিল।মহাকবি হোমার তার ‘ইলিয়াড’-এ ‘নেস্টর’ নামে এমনই এক পৌরাণিক চরিত্রের সাথে আমাদের আলাপ করিয়েছিলেন,যে তার পান্ডিত্য ও অগাধ জ্ঞানের কারণে এতই অহংকারী ছিল যে তাকে কেউ কখনো হাসতে দেখেনি।শেক্সপীয়র তার ‘মার্চেন্ট অব ভেনিস’-এ আন্তোনিও’র মুখ ভার করে বসে থাকার সাথে এই নেস্টর এর তুলনা করেছিলেন।রাশিয়ান রূপকথা ‘The Unsmiling Tsarvera’-তে আমরা দেখতে পাই এমনই এক রাজকুমারীকে যে নাকি কখনো হাসে না।রাজা মশাই ঠিক করেন, যে তাকে হাসাতে পারবে, তার সাথেই রাজকন্যার বিয়ে হবে।মনোবিদরা বলেন সর্বদা মুখে এই গাম্ভীর্য বজায় রাখার অনেকগুলো কারণ হতে পারে-টেস্টোস্টেরণ হরমোন বেশি ক্ষরণ হলে।আবার লোক সমাজে নিজের গুরুত্ব বাড়াতেও অনেকে ভেবেচিন্তে না হাসার সিদ্ধান্তই নেন।
Aphonogelia হল এমন একটি স্নায়ুঘটিত রোগ যে রোগে আক্রান্ত ব্যক্তিরা হাসতে পারেন না।
এবার এমন একজন ভদ্রমহিলার কথা বলি যিনি একটি অবিশ্বাস্য কান্ড ঘটিয়ে ফেলেছেন।টেস ক্রিশ্চিয়ান এমনই এক মহিলা যিনি ১০বছর বয়সের পর থেকে আর একবারের জন্যও হাসেনি।এখন ওনার বয়স পঞ্চাশ।তার মানে চল্লিশ বছর উনি না হেসে কাটিয়ে দিয়েছেন।ভাবছেন তো পাগল নাকি!আজ্ঞে না!উনি ভেবে চিন্তেই এই কম্ম টি করেছেন।হাসলে যেহেতু গালে ভাঁজ পড়ে, তাই নিজের গালটিকে ‘কুঞ্চনহীন’ করে তোলার লক্ষ্যেই উনি এই অসাধ্য সাধনটি চালিয়ে যাচ্ছেন এখনোআমেরিকান সুপার সেলিব্রিটি কিম কারদিশানও এই পদ্ধতি অনুসরণ করা শুরু করেছেন তার ত্বককে অবাঞ্ছিত ভাঁজের হাত থেকে বাঁচাতে।
সুকুমার রায় বোধহয় এই সমস্ত না হাসা ব্যক্তিদের কথা ভেবেই সেই কবে লিখেগিয়েছিলেন–
রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা,
হাসির কথা শুনলে বলে,
“হাসব না-না, না-না!”
সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে!
এক চোখে তাই মিটমিটিয়ে
তাকায় আশে পাশে।
ঘুম নাহি তার চোখে আপনি ব’কে ব’কে
আপনারে কয়, “হাসিস যদি
মারব কিন্তু তোকে!”
…রামগরুড়ের বাসা ধমক দিয়ে ঠাসা
হাসির হাওয়া বন্ধ সেথায়,
নিষেধ সেথায় হাসা।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান