অর্থ- সম্ভ্রান্ত বা অভিজাত বংশের মহিলা
উৎস: – শব্দের যাত্রাপথ চিরকালই বড় অদ্ভূত। অনেকটা সুকুমার রায়ের ‘হাঁস ছিল সজারু (ব্যাকরণ মানিনা)/হয়ে গেল হাঁসজারু কেমনে সে জানিনা।’ গোছের ব্যাপার স্যাপার। একটা শব্দ যখন জন্মালো তখন একরকম মানে,আবার বড় হবার সাথে তার মানে ক্রমশ পাল্টে যেতে লাগল।এই যেমন ইংরেজী শব্দ – Lady। Lady মানে এখন অভিজাত বংশের মহিলা হলেও লেডি’র জন্মের সময় যে মানে টা ছিল সেটা জানলে কিন্তু আপনার চোখ কপালে উঠবেই। Lady শব্দটি এসছে আদি ইংরেজী Hlaf থেকে।এই Hlaf শব্দটি আবার দুটি শব্দের মিশ্রণ- Loaf অর্থাৎ পাঁউরুটি আর dige অর্থাৎ যিনি আটা বা ময়দা মাখেন।সব মিলিয়ে যেটা দাঁড়ালো সেটা হলো hlaf মানে যিনি পাঁউরুটি তৈরী করেন।হা কপাল! কি মানের আজ কি মানে হয়েছে!তবে একটা বিষয়ে কিন্তু আমরা অবশ্যই ভুল করব যদি পাঁউরুটি তৈরী করাকে আমরা আজকের সময়য়ের প্রেক্ষিতে বিচার করি।আজকের সময় হয়ত পাঁউরুটি তৈরী করাকে নিম্নবর্গের মানুষের কাজ হিসেবে গণ্য করা হয়, কিন্তু Lady শব্দটির উৎপত্তির হয় ব্রিটেনে আ্যংলো স্যাক্সন উপজাতিদের বসবাসের সময়।সময়টা পঞ্চম শতাব্দী থেকে একাদশ শতাব্দী।এই সময় টায় Hlaf যে মহিলা ছিলেন তিনি বাড়ির সর্বময় কর্ত্রী ছিলেন।কারণ তার হাতেই ছিল বাড়ির সকলের সারাদিনের প্রধান খাবারের দায়িত্ব। পাঁউরুটি বলতে আজকের সময়ের মাল্টিগ্রেন ব্রেড কিংবা ব্রাউন ব্রেড যা দিয়ে স্যান্ডউইচ কিংবা হট ডগ তৈরী হয় বোঝালেও, সেই সময় পাঁউরুটি আ্যংলো স্যাক্সনদের প্রধান খাদ্য ছিল-যা ঘরেই তৈরী হত। সুতরাং গুরুত্বের দিক দিয়ে বিচার করলে সেদিনের Hlaf,আজকের Lady’র থেকে কোন অংশেই কম ছিলেন না।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান