সববাংলায়

কোন বস্তু গরম বা ঠাণ্ডা হয় কীভাবে?

বিভাগঃ ,

ধরুন আপনি চা তৈরি করছেন। একটি পাত্রে জল, চিনি, চা পাতা ইত্যাদি উনুনে বসালেন। আগুনের তাপ পেয়ে চা তৈরি হল। কাপে চা নিয়ে খেতে যাবেন আর সেই সময় দরজায় কেউ ডাকাডাকি শুরু করল। আগন্তুকের সঙ্গে কিছুক্ষণ কথা বলে এসে দেখলেন আপনার চা ঠান্ডা হয়ে গেছে। আর সেই সময়ই আপনার মাথায় প্রশ্ন ঝিলিক দিল, “কোন বস্তু গরম বা ঠান্ডা হয় কীভাবে?” সাধারণভাবে তো সকলেই জানেন তাপ দিয়ে কোন বস্তুকে গরম করা যায়; আবার কোন গরম বস্তুকে সাধারণ তাপমাত্রায় রাখলে বা অন্য কোন ঠান্ডা বস্তুর সঙ্গে রাখলে বস্তুটি ঠান্ডা হয়ে যায়। এখন কোন বস্তু গরম বা ঠান্ডা হওয়ার পিছনের বিজ্ঞানটা কী সেটাই এখানে মূল প্রশ্ন।

গরম বা ঠান্ডা আসলে কী?

প্রথমেই জেনে নেওয়া দরকার এই গরম বা ঠান্ডা আসলে কী? আমরা সকলেই জানি যেকোন বস্তু অনু দিয়ে গঠিত। এই অনুগুলি কখনই স্থির থাকে না। এরা সর্বদা গতিশীল থাকে। এই অনুগুলির গতিশক্তি বাড়লে কোন বস্তু গরম হয়, আর গতিশক্তি কমলে বস্তুটি ঠান্ডা হয়। একই উষ্ণতার দুটি বস্তুর ভিতরের অনুগুলির গড় গতিশক্তি একই হয়। তবে উষ্ণতা বা অনুর গড় গতিশক্তি একই হলেও ভারি অনুর গতি হালকা অনুর গতি থেকে কম হয়।

অর্থাৎ কোন বস্তুর অনুগুলির গড় গতিশক্তি বাড়াতে পারলে বস্তুটি গরম হবে এবং কমালে ঠান্ডা হবে। আর তার সহজ উপায় তাপ প্রয়োগ বা নিষ্কাশন। কোন বস্তুতে তাপ প্রয়োগ করলে অনুগুলির গতি বাড়ে ফলে গড় গতিশক্তি বাড়ে ও উষ্ণতা বৃদ্ধি পায় এবং তাপ নিষ্কাশন করলে অনুগুলির গতি কমে ফলে গড় গতিশক্তি কমে ও উষ্ণতা কমে যায়। অর্থাৎ তাপের আদান-প্রদান বা সঞ্চালন কোন বস্তুর গরম বা ঠান্ডা হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও অন্যান্য পদ্ধতি, যেমন ইলেক্ট্রো ম্যাগনেটিক ওয়েভ, বৈদ্যুতিক শক্তি ইত্যাদির দ্বারাও বস্তুকে গরম করা সম্ভব।

তাপ সঞ্চালন হয় কীভাবে?

তাপ সব সময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকেই সঞ্চালিত হয় এবং এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না দুটির বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে। পরিবহন (Conduction), পরিচলন (Convection) ও বিকিরণ (Radiation) পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। এখানে পদ্ধতিগুলি সম্পর্কে বিস্তারিত দেওয়া হল।

পরিবহন: এই পদ্ধতিতে এক বস্তু থেকে আরেক বস্তুতে বা একই বস্তুর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে তাপ সঞ্চালনের সময় পদার্থের অনুগুলির কোনরকম স্থান পরিবর্তন হয় না, শুধুমাত্র কম্পনের মাধ্যমে পার্শ্ববর্তী অনুতে তাপ সঞ্চালিত হয়। আমরা আগেই জেনেছি উত্তপ্ত হলে অনুর গতি বাড়ে, কঠিন পদার্থের ক্ষেত্রে অনুগুলির কম্পাঙ্ক বাড়তে থাকে – তার ফলে পাশের অনুগুলিকে ধাক্কা মারতে থাকে ও সেগুলিরও কম্পাঙ্ক বাড়ে অর্থাৎ সেগুলি গরম হতে থাকে। এই ভাবে এক বস্তু থেকে অন্য বস্তু থেকে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাপ সঞ্চালিত হয়। সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে এই পদ্ধতিতে সহজে তাপ পরিবাহিত হয় কারণ কঠিন পদার্থের ক্ষেত্রে অনুগুলি কাছাকাছি অবস্থান করে।

উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যখন চা করতে বসালেন তখন পাত্রটির নিচের অংশ তাপ পেয়ে গরম হয় আর সেই তাপ পরিবাহিত হয়ে ভিতরের দিকটা গরম হয় যা পাত্রের মধ্যস্থ জলকে গরম করে।

পরিচলন পদ্ধতি: এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় পদার্থের গরম অংশের অনুগুলি নিজের স্থান পরিবর্তন করে শীতল অংশে গিয়ে সেই অংশটিকেও গরম করে। সাধারণত তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়।

উদাহরণ হিসেবে আপনার চা তৈরি করার পদ্ধতিকেই বেছে নেব। চায়ের পাত্রের তলার জল গরম হয়ে উপরের দিকে উঠে যায় ও উপরের অংশ গরম হয়। আর উপরের শীতল জলের অনু নিচের শূন্যস্থান পূরণ করতে নিচের দিকে নেমে আসে। সেগুলি আবার গরম হয়ে উপরে ওঠে, এই ভাবে চক্রাকারে পদ্ধতিটি চলতে থাকে।

বিকিরণ পদ্ধতি: কোন রকম জড় মাধ্যম বা সরাসরি সংস্পর্শ ছাড়াই এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। কোন বস্তু থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ এসে অন্য বস্তুর উপর পড়লে সেই বস্তুটি সেই তাপ শোষণ করে ও গরম হয়। এখানে জেনে রাখা ভাল, যে সমস্ত বস্তুই তাপ বিকিরণ ও শোষণ করে, তবে বিকিরণের হার শোষণের থেকে বেশি হলে বস্তুটি ঠান্ডা হতে থাকে আর উল্টোটা হলে গরম হয়। তাপীয় সাম্যাবস্থায় তাপ শোষণ ও বিকিরণের হার একই হয়।

উদাহরণ হিসেবে বলা যায়, আপনার চায়ের কাপ থেকে বিকিরণের মাধ্যমে তাপ পরিবেশে ছড়িয়ে পড়ায় চা ঠান্ডা হয়ে যায়। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে তাপ এসে পৌঁছায় যদিও এর মধ্যে কোন জড় মাধ্যম নেই।

সব শেষে বলা যায়, গরম ও ঠান্ডা আপেক্ষিক বিষয়, দুটি বস্তুর মধ্যে তুলনামূলক আলোচনায় গরম বা ঠান্ডা বলা হয়। তাপ সব সময় গরম বস্তুর থেকে ঠান্ডা বস্তুর দিকে যায়। তাই উপরে বর্ণিত তাপের সঞ্চালন পদ্ধতির এক বা একাধিক প্রক্রিয়ায় কোন বস্তু গরম বা ঠান্ডা হয়।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।