সববাংলায়

আমাদের চোখের পাতা লাফায় কেন

আমরা অনেকেই অনুভব করেছি হঠাৎ করেই আমাদের কোন একটি চোখের পাতা লাফাতে শুরু করে, আবার কিছুক্ষণ পর তা বন্ধও হয়ে যায়। অনেকে এর মধ্যে আবার অশুভের ইঙ্গিতও খুঁজে পান। এমনকি ‘মেঘনাদবধ কাব্য’  তেও মেয়েদের ডান চোখ নাচাকে অশুভের ইঙ্গিত হিসেবে দেখানো হয়েছে – ‘সশঙ্ক লঙ্কেশ শূর স্মরিলা শঙ্করে;/প্রমীলার বামেতর নয়ন নাচিল; আত্মবিস্মৃতিতে,হায়,অকস্মাৎ সতী /মুছিলা সিন্দুর বিন্দু সুন্দর ললাটে’। সাহিত্যের কথা নয়, চোখের পাতা লাফায় কেন তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা এখানে জেনে নেব।

চোখের পাতা কাঁপা বা লাফানোর কারণ হল পেশির সংকোচন। ডাক্তারি পরিভাষায় একে বলে মায়োকিমিয়া (Myokymia)। সাধারণত একটি চোখের পাতাই কাঁপে তবে কখনও কখনও দুটি চোখের পাতাই এক সঙ্গে লাফাতে পারে। এই চোখ কাঁপা বা লাফানো কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক দিন অব্দি টানা হতে পারে। দিনে দুয়েকবার হলে কোনও চিন্তার কারণ না থাকলেও যদি একটানা চোখের পাতা লাফাতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

মায়োকিমিয়া বা চোখের পাতা লাফানোর বিভিন্ন কারণ থাকতে পারে, যেমনঃ

চোখের শুষ্কতা: চোখের শুষ্কতা চোখের পাতা লাফানোর জন্য দায়ী বলে চিকিৎসকরা মনে করেন। বিভিন্ন কারণে চোখের শুষ্কতা হতে পারে যেমন কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের দিকে বেশি তাকালে, অতিরিক্ত এ্যালকোহলের প্রভাবে, বয়সজনিত কারণ।

এলার্জি: চোখে এলার্জি থাকলে চোখ চুলকায় বা হাত দিয়ে ঘষে; ফলে চোখ থেকে জলের সাথে কিছুটা হিস্টামিনও নির্গত হয়। ধারণা করা হয় হিস্টামিন চোখের পাতা কাঁপার জন্য দায়ী।

দৃষ্টি সমস্যা: দৃষ্টি সমস্যা থাকলে চোখের উপর চাপ পড়তে পারে। ফলে চোখের পাতা কাঁপতে পারে।

চোখের উপর চাপ: চোখের উপর বেশি চাপ পড়লে পাতা লাফাতে পারে। আজকের যুগে মোবাইল বা কম্পিউটারের দিকে একটানা বেশি তাকালে বা অন্য অনেক রকম কাজ আছে যেখানে চোখের উপর চাপ পড়ে।

ক্লান্তি এবং নিদ্রাহীনতা:  ক্লান্তি বা নিদ্রাহীনতা থেকেও চোখের পাতা লাফানো শুরু হতে পারে। তাই ঠিক মত ঘুম হলে চোখের পাতা লাফানো কমে যাবে।

মানসিক চাপ: অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকলে চোখের পাতা লাফাতে পারে।

তামাক, ক্যাফিন এবং এ্যালকোহল: অনেক বিশেষজ্ঞ মনে করেন তামাক, ক্যাফিন এবং এ্যালকোহল অতিরিক্ত গ্রহণের কারণে চোখের পাতা লাফাতে পারে। ্তাই এই সব বস্তু সেবন কম করলে কমে যেতে পারে।

পুষ্টির ভারসাম্যহীনতা: খাদ্যে ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে এমনটি হতে পারে।

চোখের পাতা লাফায় কেন তার কারণগুলি জানা থাকলে আপনি নিজের জীবনযাত্রা বদলিয়ে দেখতে পারবেন এর উপশম হল কিনা। যদিও মায়োকিমিয়া গুরুতর রোগ নয় তবে অতিরিক্ত হলে সঠিক কারণটি নির্ণয় করে তার নিরসন করে নেওয়াই ভাল।

 


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading