সববাংলায়

সাবান জল দিয়ে ধুলে ময়লা পরিষ্কার হয় কেন

বিভাগঃ ,

আমরা জামাকাপড় পরিষ্কার করতে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করে থাকি। শুধু জামাকাপড় কেন, থালাবাসন থেকে শুরু করে মুখ বা চুল সব ক্ষেত্রেই সাবান বা ঐ জাতীয় পদার্থ ব্যবহার করি। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সাবান জল দিয়ে ধুলে ময়লা পরিষ্কার হয় কেন।

সাবান জল দিয়ে ধুলে ময়লা পরিষ্কার হয় কেন বোঝার আগে জেনে নিই রাসায়নিক দিক দিয়ে সাবান কি। সাবান হল ফ্যাটি এসিডের একটি লবণ। চর্বি বা তেলের সঙ্গে ক্ষার (কস্টিক সোডা বা কস্টিক পটাশ) ফুটিয়ে ফ্যাটি এসিডের ওই লবণ তৈরি করা হয়। অর্থাৎ সাবানের একটি অনু হাইড্রোকার্বনের লম্বা শৃঙ্খল ও ধাতব আয়ন নিয়ে গঠিত হয়। রাসায়নিকভাবে বিক্রিয়াটি এরকম ভাবে লেখা যায়, যেখানে R যেকোন লম্বা হাইড্রোকার্বন শৃঙ্খলাকে বোঝায়।

R-COOH (ফ্যাটি আসিড) + NaOH (কস্টিক সোডা) –> R-COONa (সাবান অনু) + H2O (জল)

সাবানের অনুর এই ধাতব অংশটি হাইড্রোফিলিক অংশ অর্থাৎ যা জলের অনু পছন্দ করে বা আকর্ষণ করে এবং হাইড্রোকার্বন অংশটি হাইড্রোফবিক অংশ অর্থাৎ জলের অনুকে অপছন্দ করে বা বিকর্ষণ করে।

যখন সাবান জলে কোন ময়লা জিনিস দেওয়া হয় তখন ধাতব আয়নটি জলকে ঘিরে থাকে ও হাইড্রোকার্বন অংশটি জল দ্বারা বিকর্ষিত হয়ে ময়লার অনুগুলিকে ঘিরে ধরে, বিশেষ করে ময়লায় গ্রিজ বা তেল থাকলে তা আবার হাইড্রকার্বন বা ফ্যাটি আসিডের অনুগুলিকে আছে টেনে নেয়। এর ফলে সাবানের অনুর একটি অংশ জলের সঙ্গে আটকে থাকে ও অপর অংশটি ময়লার সঙ্গে আটকে যায়,  এই অবস্থায় অতিরিক্ত জল দিয়ে ধুলে ময়লাগুলি বের হয়ে আসে। পাশাপাশি জিনিস ধোয়ার সময় তা ভালো ভাবে নাড়াচাড়া বা কচলানো হয় তাতেও ময়লাগুলি ভেঙে গিয়ে জিনিসটি থেকে আলগা হয়ে যায়।

এর পাশাপাশি সাবান জলের পৃষ্ঠটান (surface tension) কমাতে সাহায্য করে। যেকোন বস্তুর কম বেশি পৃষ্ঠটান থাকে তাই সেই বস্তু একসাথে থাকে। তাই শুধু জল একটি জিনিসকে সমান ভাবে ভেজাতে পারে না। একটি উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। কাচের জানলায় বৃষ্টি পড়লে দেখা যায়, জল বিন্দুগুলি ফোঁটা ফোঁটা হিসেবে থাকে এবং জানলাটিকে সমানভাবে ভেজায় না। কারণ জলের পৃষ্ঠটান বেশি থাকায় সেগুলি জল বিন্দু হয়ে থাকে এবং এক সময় অভিকর্ষের টানে নিচের দিকে নেমে যায়। সাবানের অনুগুলি এখানে সারফেক্ট্যান্ট হিসেবে কাজ করে জলের পৃষ্ঠটান কমায় ও বস্তুকে আরও ভাল ভাবে ভেজাতে সাহায্য করে। ফলে ময়লা আরও ভালোভাবে পরিষ্কার হয়।

প্রসঙ্গত,  ইদানিং কালে ডিটারজেন্টে সাবান ছাড়াও অন্যান্য কেমিক্যাল সারফেকট্যান্ট থাকে যা একই ভাবে কাজ করে।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading