সববাংলায়

২০২১ সালের নোবেল বিজয়ীদের তালিকা

বিশ্বের সর্বাধিক সম্মানজনক পুরস্কার হিসেবে নোবেল পুরস্কারকে বিবেচনা করা হয়। ১৯০১ সাল থেকে প্রথম নোবেল পুরস্কার প্রদান শুরু করে সুইডিশ একাডেমি। অনন্যসাধারণ গবেষণা, উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক কাজের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। শুরুতে মোট পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হত – পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নোবেল প্রদান শুরু হয় যার নাম দেওয়া হয় ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’ (The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel)। ২০২১ সালে এই ছয়টি বিভাগে যাঁরা নোবেল পেলেন –

পদার্থবিজ্ঞানে নোবেল

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে মনোনীত হয়েছেন তিনজন পদার্থবিজ্ঞানী।

স্যুকুরো মানাবে (Syukuro Manabe) (জাপান)

ক্লস হেসেলমান (Klaus Hasselmann)(জার্মানি)

জর্জিও পারিসি (Giorgio Parisi)(ইতালি)

পৃথিবীর জলবায়ুর একটি ভৌত মডেল নির্মাণের মধ্য দিয়ে এর পরিবর্তনশীল জলবায়ু এবং বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গবেষণা করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মুখ্য আবহাওয়াবিদ স্যুকুরো মানাবে এবং ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ মেটেরিওলজির অধ্যক্ষ ক্লস হেসেলমান। এছাড়া রোমের স্যাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জর্জিও পারিসি গবেষণা করেছিলেন পারমাণবিক স্তর থেকে মহাজাগতিক স্তর পর্যন্ত বিশৃঙ্খলার এক জটিল ওঠা-পড়ার আবিষ্কার বিষয়ে। সহজ করে বলতে গেলে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল প্রাপক তিন বিজ্ঞানীরই মূল আবিষ্কার ছিল জলবায়ুর পরিবর্তনের সঙ্গে মানুষের শারীরিক ব্যবস্থার জটিলতার সম্পর্ক নির্ণয়।

রসায়নে নোবেল

এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন দুজন বিজ্ঞানী –

বেঞ্জামিন লিস্ট (Benjamin List)(জার্মানি)

ডেভিড ডব্লিউ.সি ম্যাকমিলান (David W.C. MacMillan)(ইংল্যান্ড)

আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিজ্ঞানী ম্যাকমিলান এবং রুরের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের অধ্যক্ষ বেঞ্জামিন লিস্ট উভয়েরই গবেষণার বিষয় ছিল অসমঞ্জস জৈব অনুঘটনের উন্নয়ন। এই পদ্ধতিতেই আসলে অণু গঠিত হয়। অণু গঠনের এক অভিনব পদ্ধতি আবিষ্কারের শিরোপা পেয়েছেন এই দুই বিজ্ঞানী।

চিকিৎসাশাস্ত্রে নোবেল

এই বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দুজন –

ডেভিড জুলিয়াস (David Julius)(মার্কিন যুক্তরাষ্ট্র)

আর্ডেম প্যারাপৌশিয়ান (Ardem Parapoutian)(লেবানন)

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড হাগস মেডিকেল ইনস্টিটিউটে গবেষণারত আর্ডেম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় অবস্থিত ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ডেভিড জুলিয়াস একত্রে কাজ করেছেন মানবশরীরে তাপ ও স্পর্শের সংবেদী গ্রাহক সম্পর্কে।

সাহিত্যে নোবেল

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন একজনই –

আব্দুলরাজ্জাক গুরনাহ্‌ (Abdulrazzaq Gurnah) (তানজানিয়া)

১৯৯৪ সালে লেখা ‘প্যারাডাইস’, ২০০১ সালে লেখা ‘বাই দ্য সী’ ইত্যাদি মোট ১০টি উপন্যাসের রচয়িতা গুরনাহের সাহিত্যে বারবার উঠে এসেছে শরণার্থীদের সমস্যা ও সঙ্কটের কথা এবং ঔপনিবেশিকতার বিরুদ্ধে এক সুপ্ত জেহাদ। ব্যক্তিজীবনে তিনিও ছিলেন ব্রিটেনে এসে ওঠা এক শরণার্থী।

নোবেল শান্তি পুরস্কার

এ বছর নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হয়েছেন দুজন –

মারিয়া রেসা (Maria Ressa) (ফিলিপিন্স)

দিমিত্রি আন্দ্রেভিচ মুরাতভ (Dimitry Andreyevich Muratov) (রাশিয়া)

গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির উপায় হিসেবে বাক্‌-স্বাধীনতার প্রয়োজনীয়তার দিকটি তুলে ধরেছেন তাঁরা দুজনেই। মত প্রকাশের স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করেছেন তারা। আন্তর্জাতিক ও দেশীয় স্তরে শান্তিরক্ষার পদ্ধতিতে এই বিষয়টিকে সচেতন দৃষ্টিতে বিচার করেছেন তাঁরা।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading