সববাংলায়

সত্যবতীর জন্মরহস্য

বিভাগঃ ,

সত্যবতীর সাথে মহারাজা শান্তনুর বিয়ে হল। বিয়ে দিল শান্তনু এবং গঙ্গার ছেলে ভীষ্ম। সত্যবতী ছিলেন জেলে দাসরাজের  কন্যা। কিন্তু  সত্যবতী দাসরাজের নিজের কন্যা নয়, পালিতা কন্যা। তাহলে সত্যবতীর আসল পিতা কে?

যযাতির বংশধরদের মধ্যে ছিল মহারাজ পুরু। তার বংশে জন্মগ্রহণ করেন রাজা কুরু। মহারাজা কুরুর চার পুত্রের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ যিনি, তাঁর  বংশেই কয়েক পুরুষ পরে রাজা শান্তনু। আর বড় ছেলে পুরুবংশের মূল ধারা থেকে বেরিয়ে গেল। সেই  বংশেই  কয়েক পুরুষ পরে চেদিরাজ উপরিচর বসু। তিনি দেবরাজ ইন্দ্রের বন্ধু ছিলেন। একদিন তাঁর স্ত্রী গিরিকা তাঁকে মিলনের জন্য আহ্বান জানালেন। কিন্তু সেই সময়েই রাজার পিতৃপুরুষেরা আদেশ দিলেন তাঁকে মৃগয়ায় যেতে হবে। পিতৃপুরুষদের কথা, সেতো ফেলা যায় না। রাজা মনে কামনা নিয়েই স্ত্রীকে ছেড়ে মৃগয়ায় গেলেন। কিন্তু সেখানে গিয়েও স্ত্রীকে ভুলতে পারলেন না। একটি অশোকবৃক্ষের কাছে মনোরম পরিবেশে  স্ত্রীর সুন্দর  অবয়ব মনে করে তাঁর শুক্রপাত হল। সেই শুক্র রাজা একটি পাতায় ধারণ করলেন এবং একটি বাজপাখিকে দেখতে পেয়ে তাঁকে অনুরোধ করলেন সেটি তাঁর স্ত্রীর কাছে পৌঁছে দিতে। বাজপাখি পাতাটি নিয়ে ঊড়ে চলল আকাশে। অন্য আর একটি বাজপাখি দূর থেকে দেখে ভাবল এই পাখিটা বোধহয় মাংস নিয়ে যাচ্ছে। সে হামলা করল পাখিটার ওপর। দুই পাখিদের মধ্যে আকাশে যুদ্ধ শুরু হল। আর ফলস্বরূপ পাতায় ধরা রাজার শুক্র নীচে যমুনার জলে পড়ে গেল।

সেই সময় কোনও এক ব্রাহ্মণের অভিশাপে মাছরূপে যমুনার জলে বাস করছিল অদ্রিকা নামে এক অপ্সরা। যমুনার জলে পরা রাজার শুক্র সে গিলে ফেলল এবং ঘটনার দশ মাস পরে জেলেদের জালে ধরা পড়ল। তার পেট থেকে জেলেরা যমজ ছেলে আর মেয়েকে উদ্ধার করল। আর এদের জন্ম দেওয়ার ফলে অদ্রিকাও শাপমুক্ত হল। জেলেরা তারপর বাচ্চাদুটোকে নিয়ে রাজার কাছে গেল। রাজা উপরিচর বসু ছেলেটিকে মানুষ করলেন এবং মেয়েটিকে জেলের হাতেই দান করলেন। সেই মেয়েটিই হল সত্যবতী।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. “মহাভারতের একশোটি দুর্লভ মুহূর্ত”, আনন্দ পাবলিশার্স, পঞ্চম মুদ্রণ – ধীরেশচন্দ্র ভট্টাচার্য, অধ্যায়-০৮ অলৌকিক মাতা, পৃষ্ঠাঃ ৪৯-৫২; অধ্যায়-০৯ ব্যাসদেবের জন্ম পৃষ্ঠাঃ ৫৩-৫৬
  2. “মহাভারতের ভারতযুদ্ধ ও কৃষ্ণ”, আনন্দ পাবলিশার্স, সপ্তম মুদ্রণ – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, পৃষ্ঠাঃ ১৫৪-১৫৫
  3. http://story-of-mahabharat.blogspot.in/birth-of-satyavatithe-mother-of-vyasa.html
  4. http://www.apamnapat.com/articles/StoriesFromMahabharata620.html

 
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading