সববাংলায়

৩০ সেপ্টেম্বর | আন্তর্জাতিক অনুবাদ দিবস

প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশে কিছু দিবস পালিত হয়। ওই নির্দিষ্ট দিনে অতীতের  কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জন সচেতনতা তৈরি করতেই এই সমস্ত দিবস পালিত হয়। পালনীয় সেই সমস্ত দিবস গুলির মধ্যে একটি হল আন্তর্জাতিক অনুবাদ দিবস (International  Translation Day)।

প্রতি বছর ৩০ সেপ্টেম্বর বিভিন্ন দেশে অনুবাদের গুরুত্বকে ছড়িয়ে দেওয়ার জন্য, পেশাদার অনুবাদকদের কাজের প্রতি সম্মান প্রদর্শন এবং অনুবাদকর্মকে পেশা হিসেবে গ্রহণ করবার জন্য ভাষাকর্মীদের আরও বেশি উৎসাহিত করে তোলবার উদ্দেশ্যে আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয়। অনুবাদের মাধ্যমে অন্য দেশের শিল্প সংস্কৃতি সম্পর্কে যেমন একটা ধারণা তৈরি হয় তেমনি তা বিভিন্ন দেশের মধ্যে  পারস্পরিক  সম্পর্ক গড়ে তোলবার কাজেও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে। সেইকারণেই ইদানীংকালে পালনীয় দিবসগুলির মধ্যে এই আন্তর্জাতিক অনুবাদ দিবসও তার স্থান করে নিয়েছে।

১৯৫৩ সালে গড়ে ওঠা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ট্রান্সলেটরস (International Federation of Translators) বা এফআইটি নামক সংস্থাটিই প্রথম ১৯৯১ সালে এই আন্তর্জাতিক অনুবাদ দিবস পালনের ধারণাটি  সামনে এনেছিল। এই সংস্থাটি বিশ্বজোড়া অনুবাদক, দোভাষী প্রভৃতিদের নিয়ে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক গোষ্ঠী। ১০০টির বেশি পেশাদার অনুবাদক সংস্থা এর সঙ্গে যুক্ত এবং সারা বিশ্বের ৫৫টি দেশের প্রায় এক লক্ষ অনুবাদকের প্রতিনিধিত্ব করে এই সংস্থা। বিশ্বব্যাপী অনুবাদকদের মধ্যে সংহতি গড়ে তোলার জন্য এবং পেশা হিসেবে অনুবাদকর্মকে আরও বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত এই সংস্থা আনুষ্ঠানিকভাবে এই বিশেষ দিবসটি পালনের কথা বলেছিল।

পরবর্তীকালে  জাতিসংঘের সাধারণ পরিষদ (United Nations General Assembly) ২০১৭ সালের ২৪ মে একটি প্রস্তাব পেশ করার মাধ্যমে আইনত ৩০ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। অনুবাদের মাধ্যমে যে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে এবং তা বিশ্বশান্তি বজায় রাখার পক্ষে যে গুরুত্বপূর্ণ, সেকথা রাষ্ট্রপুঞ্জ অনুধাবন করতে পেরেই এই দিনটিকে বিশেষ মর্যাদা দান করে। ১১টি দেশ রাষ্ট্রপুঞ্জের এই প্রস্তাবে সম্মতি জানিয়ে সাক্ষর করেছিল এবং এফআইটি ছাড়াও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কনফারেন্স ইন্টারপ্রেটারস , ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল ট্রান্সলেটরস অ্যান্ড ইন্টারপ্রেটারস, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারস প্রভৃতি বিভিন্ন  সংস্থাও রাষ্ট্রপুঞ্জের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছিল।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ট্রান্সলেটরস বিশেষভাবে ৩০ সেপ্টেম্বর দিনটিকেই বেছে নিয়েছিল তার কারণ ওই দিনটিতেই বেথলেহেম (Bethlehem) শহরে সেন্ট জেরোমের(st.Jerome) মৃত্যু হয়েছিল। সেন্ট জেরোমই প্রথম গ্রীকভাষার  ‘ওল্ড টেস্টামেন্ট’ (Old Testament) অর্থাৎ বাইবেলের প্রথম ভাগটি লাতিন ভাষায় অনুবাদ করেছিলেন। এছাড়াও হিব্রুভাষায় লিখিত গসপেল (Gospel) বা সুসমাচারের বিভিন্ন অংশ তিনি গ্রীক ভাষায় অনুবাদ করেছিলেন। এমনকি অনুবাদকদের পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত ছিলেন জেরোম। এর থেকেই বুঝতে পারা যাবে অনুবাদকর্মটি কত প্রাচীনকাল থেকে চলে আসছে।

উল্লেখযোগ্য যে, ২০০৫ সাল থেকে রাষ্ট্রপুঞ্জ তাদের কর্মচারীদের, স্বীকৃত স্থায়ী মিশন কর্মীদের, এবং নির্বাচিত অংশীদার বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রদের আহ্বান জানায় সেন্ট জেরোমের নামাঙ্কিত অনুবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য। এই প্রতিযোগিতায় আরবী, চীনা, ইংরেজি, ফরাসী, রাশিয়ান, স্পেনীয়, জার্মান প্রভৃতি ভাষায় শ্রেষ্ঠ অনুবাদের জন্য পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এই প্রতিযোগিতার একটি উদ্দেশ্য হল বহুভাষিকতার উদযাপন এবং অবশ্যই অনুবাদকদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সকলের সামনে তুলে ধরা।

বিভিন্ন দেশ বিচিত্রভাবে আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করে থাকে। ২০১৮ সাল থেকে আমেরিকান অনুবাদক সমিতি এই বিশেষ দিনটিতে সামাজিক মাধ্যমে একগুচ্ছ পোস্ট সম্বলিত একটি করে সিরিজ প্রকাশ করে থাকে অনুবাদকদের ভূমিকা এবং তাদের কাজের গুরুত্ব সম্পর্কিত তথ্য জনসাধারণকে জানাবার জন্য। ২০১৯ সালে এই সংস্থা আন্তর্জাতিক অনুবাদ দিবস উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছিল, যার বিষয় ছিল ‘অনুবাদক বা দোভাষীর জীবনের একটি দিন’ (A Day in the Life of a Translator or Interpreter)। এছাড়াও নানা জায়গায় সেমিনার, সম্মেলন, বিভিন্ন ইভেন্ট আয়োজন করে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে।

প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ট্রান্সলেটরস এই আন্তর্জাতিক অনুবাদ দিবসের জন্য একটি করে প্রতিপাদ্য বা থিম নির্বাচন করে। ২০১৬ সালের প্রতিপাদ্য হিসেবে নির্বাচন করা হয়েছিল ‘অনুবাদ ও ব্যাখা : বিশ্ব সংযুক্তিকরণ (Translation and Interpreting : Connecting Worlds)। ২০১৭ সালের প্রতিপাদ্য ছিল  ‘অনুবাদ এবং বৈচিত্র্য’ (Translation and Diversity)। ২০১৮ সালে প্রতিপাদ্য হিসেবে নির্বাচন করা হয় ‘অনুবাদ : পরিবর্তিত সময়ে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার’ (Translation : Promoting Cultural Heritage in Changing Times)। ২০১৯ সালের প্রতিপাদ্য ছিল ‘অনুবাদ ও আদিবাসী ভাষা’ (Translation and Indigenous Language)। বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন আদিবাসী ভাষা সংরক্ষণ এবং সুরক্ষিত করবার উদ্দেশ্যে এই প্রতিপাদ্যটি নির্বাচন করা হয়েছিল। ২০২০ সালে কোভিড-১৯ (COVID-19) অতিমারীর পরিস্থিতিতে আন্তর্জাতিক অনুবাদ দিবসের প্রতিপাদ্য হিসেবে ভাবা হয়েছিল ‘ একটি সংকটময় বিশ্বের জন্য শব্দসন্ধান’ (Finding the words for a world in crisis)। ২০২১ সালের প্রতিপাদ্য ছিল ‘অনুবাদে ঐক্যবদ্ধ হওয়া’ (United in translation)। ২০২২ সালের প্রতিপাদ্য ছিল ‘কোনরকম বাধা ছাড়া একটি বিশ্ব’ (A World Without Barriers)। ২০২৩ সালের প্রতিপাদ্য হল ‘অনুবাদ মানবতার বহু মুখ উন্মোচন করে’ (Translation Unveils the Many Faces of Humanity)। ২০২৪ সালের প্রতিপাদ্য হল – অনুবাদ একটি শিল্প যাকে রক্ষা করতে হবে (Translation, an art worth protecting)।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading