সববাংলায়

নোরা পলি

পরাধীন ভারতের প্রথম মহিলা অলিম্পিয়ান ছিলেন নোরা পলি (Nora Polley)। প্যারিসে অনুষ্ঠিত ১৯২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা লন টেনিস খেলোয়াড় হিসেবে নোরা পলির যোগদান স্মরণীয় হয়ে আছে আজও। মহিলাদের সিঙ্গলস এবং মিক্সড ডাবলস্‌ দুটি খেলাতেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

১৮৯৪ সালের ২৯ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে নোরা পলির জন্ম হয়। কিন্তু ১৯০১ সাল নাগাদ তাঁর পরিবার পাকাপাকিভাবে স্কটল্যাণ্ডে থাকতে শুরু করে। নোরা মার্গারেট ফিশার তাঁর আসল নাম, বিবাহের পরে তাঁর পদবী হয় পলি।

১৯১১ সালে ইস্টবোর্নের একটি বোর্ডিং স্কুলে ভর্তি হন নোরা পলি। সেখানেই তাঁর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা সম্পূর্ণ হয়। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সিডনি ট্রেপেস পলির সঙ্গে ১৯১৫ সালে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন তিনি।

নোরা পলি ঠিক কী কারণে বা কোন পর্যায়ে টেনিসের প্রতি আকৃষ্ট হয়েছিলেন নোরা তা জানা যায় না। ১৯২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে টেনিস খেলায় তিনিই প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে যোগদান করেন। সেই প্রথম কোনো মহিলা অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিল। ১৯২১ সালে নোরা ভারতে ফেরার পর ১৯২৪ সালে ভারতীয় জাতীয় অলিম্পিক গেমসে তিনি অংশগ্রহণ করে অলিম্পিকে যোগদানের জন্য নির্বাচিত হন। এই জাতীয় অলিম্পিক গেমসে উত্তীর্ণ খেলোয়াড়দের মূল অলিম্পিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হত। সেই মতো নোরাও যোগ দিয়েছিলেন জাতীয় অলিম্পিক গেমসে। পরে নির্বাচিত হয়ে ১৯২৪ সালে ওমেন্স সিঙ্গেলস এবং মিক্সড ডাবলস্‌ দুটি প্রতিযোগিতাতেই যোগ দিয়েছিলেন নোরা পলি। ফ্রান্সের প্যারিসে সেই অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার আগে প্রস্তুতিপর্ব হিসেবে কান-এ আয়োজিত একটি সেমি-ফাইনাল টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি যার নাম ছিল ‘জুয়ান-লেস-পিন্স টুর্নামেন্ট’। মিসেস মুস্কারের সঙ্গে খেলতে নেমে প্রতিপক্ষের বিখ্যাত টেনিস-কিংবদন্তী সুজানে লেঙ্গলেন এবং মিসেস এফ.জে.গোল্ডের কাছে পরাজিত হন নোরা পলি। ১৯২৪-এর অলিম্পিকের টেনিসের মহিলা সিঙ্গেলসে প্রথম রাউণ্ডটি বিপক্ষে যায় নোরার। প্রথম রাউণ্ডে সরাসরি ‘বাই’ পান নোরা অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দ্বিতীয় রাউণ্ডে উত্তীর্ণ হন তিনি। দ্বিতীয় রাউণ্ডে গ্রিক টেনিস খেলোয়াড় লীনা ভালাওরিতোস্কারামাজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে শেষপর্যন্ত তিনটি সেটে ১-৬, ৬-৩, ৬-২ পয়েন্টে জয়লাভ করেন নোরা পলি। তৃতীয় রাউণ্ডে স্পেনীয় টেনিস-খেলোয়াড় লিলি আলভারেজের সঙ্গে খেলায় স্ট্রেট সেটে ০-৬ এবং ৩-৬ পয়েন্টে পরাজিত হন নোরা পলি। মিক্সড ডাবলস্‌ খেলায় ভারতের আরেকজন টেনিস-খেলোয়াড় সিডনি জ্যাকোবের সঙ্গে জুটি বেঁধে খেলতে নামেন নোরা পলি। কিন্তু প্রথম রাউণ্ডে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেও প্রতিপক্ষের আইরিশ খেলোয়াড় এডউইন ম্যাক্‌ক্রিয়া আর ম্যারি ওয়েলিসের দলের কাছে দ্বিতীয় রাউণ্ডে পরপর তিনটি সেটে তারা পরাজিত হন।

অলিম্পিক শেষ হয়। ঐ বছর গ্রীষ্মকালেই নোরা পলি ইংল্যাণ্ডে যান এবং দক্ষিণ ইংল্যাণ্ডে বেশ কিছু টুর্নামেন্ট খেলেন। এর মধ্যে টান্‌ব্রিজ ওয়েলস্‌ টেনিস টুর্নামেন্ট ছিল উল্লেখযোগ্য। এরপর বেক্সহিল-অন-সী নামের একটি ছোট্ট সমুদ্র-উপকূলবর্তী শহরেও টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন নোরা। এছাড়াও ইংল্যাণ্ডের ওয়েমাউথ, টরবে-তেও টুর্নামেন্টে খেলেন নোরা। তথ্য অনুসারে ১৯২৪ সালের অক্টোবর মাসে নোরা শেষবারের মতো পেশাদারিত্বের সঙ্গে টেনিস খেলেন এবং এর পরে তাঁর আর কোনো রেকর্ডের কথা জানা যায়নি।

ইংল্যাণ্ডের হিয়ারফোর্ডশায়ারের লিওমিন্সটারে ১৯৮৮ সালে নোরা পলির মৃত্যু হয়।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading