সববাংলায়

শয়তানের ঝাঁপ – একটি অদ্ভুত স্পেনীয় প্রথা

এল কোলাচো (El Colacho) বা শয়তানের ঝাঁপ একটি স্পেনীয় ঐতিহ্যবাহী ক্যাথলিক উৎসব যেটি স্পেনের বার্গোস প্রদেশের সাসামন পৌরসভার ক্যাস্ট্রিলো দে মুরসিয়া নামক একটি গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর।

এল কোলাচোর অর্থ হল শয়তানের ঝাঁপ । এটি আসলে একটি ঐতিহ্যবাহী প্রথা যেখানে অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়কে উদযাপন করা হয়। এল কোলাচোর উৎপত্তি অনুমান করা হয় ১৬২০ সালে। প্রত্যেক বছর কর্পাস ক্রিস্টির ভোজের পরবর্তী রবিবারে এই উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে।

সমগ্র উৎসবটির মূল আকর্ষণ হল সদ্যজাত শিশুদের ওপর দিয়ে লাফ দেওয়া। এই গ্রামের মানুষ বিশ্বাস করে থাকেন শয়তানবেশী মানুষ শিশুদের ওপর দিয়ে লাফ মেরে শিশুটির পূর্বজন্মের সমস্ত পাপ শোষণ করে তাকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করে। এই উৎসবটির রীতি অনুযায়ী লাল এবং হলুদ মুখোশ এবং পোশাক পরিহিত একজন ব্যক্তি যিনি ‘এল সালটো দেল কোলাচো’ বা শয়তানরূপী ব্যক্তি হিসেবে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা জনতার ভিড়ের মধ্যে দিয়ে দৌড়াতে থাকেন। সামনে রাস্তায় গদির ওপর শুইয়ে রাখা থাকে কিছু সদ্যজাত শিশু যাদের বয়স বারো মাস পূর্ণ হয়েছে । সেই শয়তানরূপী ব্যক্তি জনতার উদ্দেশ্যে অবমাননাকর নানান মন্তব্য করতে থাকেন এবং একটি কাঠের দণ্ডে লাগানো ঘোড়ার লেজের চুল দিয়ে সামনে থাকা জনতাকে আঘাত করতে থাকেন। এরপর ড্রাম বাজানোর মাধ্যমে উৎসবটির সূচনা করে কালো পোশাক পরিহিত ধার্মিক ব্যক্তি বা ‘আতাবালেরো’। শুরু হয় শয়তানের ঝাঁপ উৎসবটির। এই উৎসবে এবার এল কোলাচো অর্থাৎ শয়তানবেশী ব্যক্তিটি রাস্তায় শুইয়ে রাখা সদ্যজাত শিশুদের ওপর দিয়ে ঝাঁপ মেরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে যায়। গ্রামবাসীরা মনে করেন এই ঝাঁপের মাধ্যমে এল কোলাচো সেই সদ্যজাত শিশুদের মধ্যে থাকা পূর্বজন্মের যাবতীয় পাপকে শোষণ করে নেয় নিজের মধ্যে এবং শিশুরাও অবশেষে পাপ থেকে মুক্ত হয়। সাধারণত স্থানীয় গ্রামবাসীদের ঘরে জন্মানো শিশুদের নিয়েই এই উৎসবটি অনুষ্ঠিত হত। কিন্তু সাম্প্রতিক কালে দেখা গেছে সারা পৃথিবী থেকে খ্রিষ্ট ধর্মাবলম্বী মানুষ তার সদ্যজাত সন্তানের পাপ মুক্তির আশায় উত্তর স্পেনের এই গ্রামে ছুটে আসছে। শয়তানের ঝাঁপের পর শিশুদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণ করা হয় এবং স্থানীয় গির্জার পাদ্রী তাদের আশীর্বাদ করে মা বাবার কাছে তাদের ফিরিয়ে দেয়।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading