নারায়ণ গঙ্গোপাধ্যায় (Narayan Gangopadhyay) একজন বিখ্যাত বাঙালি কথাসাহিত্যিক, গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। কিশোরদের জন্য তিনি সৃষ্টি করেছেন জনপ্রিয় কৌতুক চরিত্র টেনিদা। কিশোর উপযোগী হলেও এই চরিত্রের রসবোধ, আড্ডার মেজাজ এবং ব্যঙ্গাত্মক ভঙ্গি সব বয়সের পাঠককে সমানভাবে আনন্দ দেয়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যকর্মে সমাজচেতনা, বাস্তববাদ এবং গভীর মানবিক বেদনার এক অপূর্ব মেলবন্ধন দেখতে পাওয়া যায়। বাংলা সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি ‘সুরেশচন্দ্র স্মৃতি আনন্দ পুরস্কার’ ও ‘বসুমতী সাহিত্য পুরস্কার’ লাভ করেছেন।
১৯১৮ সালের ৪ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গীতে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়। তাঁর প্রকৃত নাম হল তারকনাথ গঙ্গোপাধ্যায়। তিনি সুনন্দ’ ছদ্মনামেও লেখালিখি করেছেন। তাঁর বাবার নাম প্রমথনাথ গঙ্গোপাধ্যায় ও মায়ের নাম বিন্ধ্যবাসিনী দেবী। তাঁর বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন তাঁর পিতামাতার অষ্টম সন্তান। ১৯৪০ সালে রেণু দেবীর সঙ্গে তাঁর প্রথম বিবাহ হয়। পরে ১৯৪৫ সালে তিনি আশাদেবীকে বিবাহ করেন। তাঁর ছেলের নাম অরিজিৎ গঙ্গোপাধ্যায় ও মেয়ের নাম বাসবী রায়চৌধুরী।
বাবার বদলির চাকরির সূত্রে নারায়ণ গঙ্গোপাধ্যায় দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতার বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন। তিনি ১৯৩৩ সালে দিনাজপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজে ভর্তি হন। বিপ্লবী সন্দেহে পুলিশের নজরদারি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে ১৯৩৫ সালের ১ মে তাঁকে ফরিদপুর ছাড়তে হয়। ফলে কলেজের পরীক্ষা দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি। এরপরে তিনি বরিশালের ব্রজমোহন কলেজে ভর্তি হন। ১৯৩৬ সালে নন-কলেজিয়েট প্রার্থী হিসাবে তিনি ইন্টারমিডিয়েট আর্টস বা আইএ পাশ করেন। ১৯৩৮ সালে তিনি ব্রজমোহন কলেজ থেকে বি.এ পাশ করেন। সেখানে প্রখ্যাত কবি জীবনানন্দ দাশ তাঁর শিক্ষক ছিলেন। ১৯৪১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন এবং ব্রহ্মময়ী স্বর্ণপদক লাভ করেন। পরবর্তীকালে ১৯৬০ সালে নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা ছোটগল্পের উপর গবেষণা করে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তাঁর এই গবেষণাপত্রটি ‘সাহিত্যে ছোটগল্প’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি বাংলা ছোটগল্পের উৎপত্তির ইতিহাস, ছোটগল্পের গঠনশৈলী, আঙ্গিক এবং বিবর্তনের ধারা নিয়ে অত্যন্ত উচ্চমানের তাত্ত্বিক আলোচনা করেছেন। বাংলা সাহিত্য সমালোচনার ক্ষেত্রে ছোটগল্পের তত্ত্ব বুঝতে এই বইটি আজও গবেষক ও শিক্ষার্থীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
এক নজরে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জীবনী:
- জন্ম: ৪ ফেব্রুয়ারি, ১৯১৮
- মৃত্যু: ৬ নভেম্বর, ১৯৭০
- কেন বিখ্যাত: বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক, গবেষক, অধ্যাপক এবং জনপ্রিয় কিশোর চরিত্র ‘টেনিদা’-র স্রষ্টা। বিখ্যাত সৃষ্টি ‘চারমূর্তি’, ‘উপনিবেশ’, সম্রাট ও শ্রেষ্ঠী’, ‘মন্দ্রমুখর’ ইত্যাদি।
- পুরস্কার: সুরেশচন্দ্র স্মৃতি (আনন্দ) পুরস্কার (১৯৬৪), বসুমতী সাহিত্য পুরস্কার (১৯৬৮) এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মময়ী স্বর্ণপদক।
নারায়ণ গঙ্গোপাধ্যায় জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ, কলকাতার সিটি কলেজ, সাউথ সিটি কলেজসহ বেশ কয়েকটি কলেজে শিক্ষকতা করেন। তারপর তিনি ১৯৫৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। অসামান্য বাচনভঙ্গি, কঠিন বিষয়কে সহজ করে বলার ক্ষমতা, দেশি-বিদেশি সাহিত্য সম্পর্কে অগাধ জ্ঞান থাকার কারণে তিনি শিক্ষক হিসাবে জনপ্রিয়তা লাভ করেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছাত্রদের মধ্যে ছিলেন বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি অমিতাভ দাশগুপ্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তি। তিনি সহকর্মী হিসাবে অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ বিশী প্রমুখ বিশিষ্ট সাহিত্যিকের সাহচর্য পান। বাংলা সাহিত্যের এই দিকপাল শিক্ষক ও সাহিত্যিকরা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগকে সমৃদ্ধ করে তোলেন।
নারায়ণ গঙ্গোপাধ্যায় ছোটোবেলা থেকেই লেখালেখি করতেন। কবিতা লেখার মধ্যে দিয়ে তিনি তাঁর সাহিত্যিক জীবনে পদার্পণ করেন। তাঁর লেখা প্রথম কবিতা ‘ডাকা’ প্রকাশিত হয় ‘মাস পয়লা’ নামক একটি পত্রিকায়। ‘সন্দেশ’, ‘মুকুল’, ‘পাঠশালা’, ‘শুকতারা’ প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। ‘আমার বিদায় ক্ষণে’, ‘দ্বয়ী’, ‘বাপুজী’, ‘বেদনার হে পথিক’, ‘যে নদীতে’, ‘প্যালারামের ছড়া’ ইত্যাদি হল তাঁর লেখা বিখ্যাত কবিতা।
পরবর্তীকালে তিনি সব বয়সের পাঠক-পাঠিকাদের জন্য অনেক গল্প, উপন্যাস, নাটক, রচনা করেন। তাঁর রচিত প্রথম উপন্যাস ‘উপনিবেশ’ প্রকাশিত হয় ‘ভারতবর্ষ’ পত্রিকায়। ১৯৪৩ সালে এই উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত হয়। জীবনানন্দ দাশের অনুরোধে ১৯৪৮ সালে নারায়ণ গঙ্গোপাধ্যায় ‘স্বরাজ’ পত্রিকার পুজো সংখ্যায় তাঁর বিখ্যাত ‘বৈতালিক’ উপন্যাসটি লেখা শুরু করেন।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে ৩ খণ্ডের ‘উপনিবেশ’, ‘সম্রাট ও শ্রেষ্ঠী’, ‘মন্দ্রমুখর’, ‘শিলালিপি’, ‘লালমাটি’, ‘কৃষ্ণপক্ষ’, ‘বৈতালিক’, ‘মহানন্দা’, ‘স্বর্ণসীতা’, ‘নিশিযাপন’, ‘বিদূষক’, ‘অসিধারা’, ‘পদসঞ্চার’, ‘অমাবস্যার গান’, ‘আলোকপর্ণা’ ইত্যাদি।
এছাড়াও শিশু ও বড়দের জন্য তিনি অজস্র ছোটগল্প লেখেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম ছোটগল্প হল ‘নিশীথের মায়া’। তাঁর প্রথম প্রকাশিত ছোটগল্প সংকলন হল ‘বীতংস’। এছাড়া তিনি ‘দুঃশাসন,’ ‘ছায়াতরী’, ‘ঘূর্ণি’, ‘আলেয়ার রাত’ ইত্যাদি ছোটগল্পের সংকলন প্রকাশ করেন। তাঁর লেখা বিখ্যাত ছোটগল্পগুলি হল- ‘টোপ’, ‘জন্মান্তর’, ‘হাড়’, ‘নক্রচরিত’, ‘রেকর্ড’, ‘ইতিহাস’ প্রভৃতি। অনন্য লেখনীর মাধ্যমে বাংলা ছোটগল্প ও উপন্যাসের জগতে নারায়ণ গঙ্গোপাধ্যায় এক অবিস্মরণীয় স্থান অধিকার করে রয়েছেন।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনার মধ্যে একটি বড় অংশ জুড়ে রয়েছে কিশোর সাহিত্য। কড়া ধাঁচের বড়দের গল্পের পাশাপাশি তিনি কিশোরদের জন্য সৃষ্টি করেন অমর কৌতুক চরিত্র ‘টেনিদা’। ‘টেনিদা’-কে নিয়ে লেখা প্রথম উপন্যাস হল ‘চারমূর্তি’। ১৯৫৭ সালে বিখ্যাত শিশু-কিশোর পত্রিকা ‘শিশুসাথী’-তে এই উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পটলডাঙার টেনিদা ও তাঁর চ্যালাদের নিয়ে লেখা টেনিদার গল্পগুলো আজও সব বয়সী পাঠকের কাছে ভীষণ প্রিয়। ‘চারমূর্তির অভিযান’, ‘কম্বল নিরুদ্দেশ’, ‘ব্রহ্মবিকাশের দন্তবিকাশ’, ‘ঝাউবাংলোর রহস্য’, ‘টেনিদা ও সিন্ধুঘোটক’, ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’ ইত্যাদি হল টেনিদা সিরিজের বিখ্যাত গল্প। টেনিদা চরিত্রের প্রবল জনপ্রিয়তার কারণে অরিজিৎ দত্ত চৌধুরী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মূল কাহিনি ও বিখ্যাত রসাত্মক সংলাপের উপর ভিত্তি করে টেনিদা কমিকসের চিত্রনাট্য তৈরি করেছেন। তাঁর সাজানো কমিকসগুলো পারুল প্রকাশনী থেকে ‘টেনিদার অভিযান’ নামে প্রকাশিত হয়। এছাড়া তিনি ‘পদ্মপাতার দিন’, ‘পঞ্চাননের হাতি’, ‘অব্যর্থ লক্ষ্যভেদ’ নামক বিখ্যাত কিশোর সাহিত্য রচনা করেছেন। সাধারণ ভাষা ও রসবোধের মাধ্যমে তিনি কিশোরদের মন জয় করেছেন।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত নাটক হল ‘ভীম বধ’, ‘ভাড়াটে চাই’, ‘আগন্তুক’, ‘পরের উপকর করিও না’। এছাড়া তিনি রাজা রামমোহন রায়ের জীবনী নিয়ে ‘রামমোহন’ নাটক লিখেছেন। নারায়ণ গঙ্গোপাধ্যায় সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় ১৯৬৩ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত ‘সুনন্দর জার্নাল’ নামে বিখ্যাত ব্যঙ্গাত্মক রম্যরচনা লেখেন। এই রচনাগুলিতে তিনি সমসাময়িক সমাজ, বাঙালির জীবন, রাজনীতি এবং নানা ঘটনা নিয়ে তীব্র কৌতুকের সাথে নিজের বক্তব্য তুলে ধরেছেন। হালকা হাসির আড়ালে সমাজ ও মানুষের নানা অসঙ্গতিকে এই লেখায় তিনি নিখুঁতভাবে প্রকাশ করেন। এখানে এক সাধারণ শিক্ষিত মধ্যবিত্তের অবস্থান থেকে তিনি সমকালকে দেখাতে চেয়েছেন। ‘লেখকনামা’, ‘চলচ্চিত্র চিন্তা’, ‘শিউলির মৃত্যু’, ‘টিউটোরিয়াল হোম’, ‘দোললীলা’, ‘আত্মিক অবসাদ’ ইত্যাদি হল এই রচনা অংশ।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত কয়েকটি প্রবন্ধ হল- ‘সাহিত্য ও সাহিত্যিক’, ‘কথাকোবিদ রবীন্দ্রনাথ’, ‘ছোটগল্পের সীমারেখা’ ইত্যাদি। নারায়ণ গঙ্গোপাধ্যায় ‘শনিবারের চিঠি’ পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন। তাঁর লেখায় ইতিহাস চেতনা, দেশপ্রেম এবং বাংলার প্রকৃতির প্রতি ভালোবাসা প্রতিফলিত হয়। এছাড়া তাঁর লেখায় কলকাতার জটিল ও বিচিত্র নাগরিক জীবন বিশেষ গুরুত্ব পেয়েছে। সাহিত্য সমালোচনা ও বিভিন্ন পত্র-পত্রিকায় সাংবাদিকতা ও রচনার ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। তাঁর রচনায় রোমান্টিক কল্পনার চেয়ে কঠিন বাস্তবতার নিখুঁত চিত্র পাঠককে গভীরভাবে নাড়া দেয়।
নারায়ণ গঙ্গোপাধ্যায় চলচ্চিত্রের জন্য কয়েকটি চিত্রনাট্য এবং গানও লিখেছেন। বিখ্যাত ‘ঢুলী’ চলচ্চিত্রে তিনি ‘ও আমার বাংলা মাগো’ গানটি লেখেন। তিনি কয়েকটি বাংলা চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেন। অনেক সময় তিনি নিজে উত্তম কুমার ও সুচিত্রা সেনের মত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের সংলাপ বুঝিয়ে দিতেন। উত্তম-সুচিত্রা জুটির অন্যতম সেরা ও কালজয়ী সিনেমা ‘কমললতা’ সিনেমার সংলাপ লেখেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় বৈষ্ণব দর্শনের জটিল তত্ত্ব ও আবেগ তিনি যেভাবে সংলাপে ফুটিয়ে তোলেন, তা সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।
বাংলা সাহিত্যে অবিস্মরণীয় অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে ‘সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার’ পান যা বর্তমানে ‘আনন্দ পুরস্কার’ নামে পরিচিত। ১৯৬৮ সালে সাপ্তাহিক ‘বসুমতী’ তাঁকে বিশেষ সংবর্ধনা জানায় ও ‘বসুমতী সাহিত্য পুরস্কার’ প্রদান করে।
১৯৭০ সালের ৬ নভেম্বর কলকাতায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান