সববাংলায়

লোকদেবতা বদর পীর | বদর আউলিয়া

বিভাগঃ ,

মূলত ইসলামীয় সংস্কৃতিতে ‘পীর’ শব্দটির প্রচলন রয়েছে। বঙ্গদেশে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারের পিছনে এই পীরদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। সাধারণত কোন নামী সাধকের মৃত্যু হলে তিনি পীরের মর্যাদায় প্রতিষ্ঠিত হতেন। বাংলাদেশে তেমনই একজন জনপ্রিয় পীর হলেন বদর পীর (Badar Pir)। মূলত নদী-উপকূলবর্তী এলাকার মানুষের মধ্যেই বদর পীরের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাঁকে ‘জলপথের রক্ষাকর্তা’ হিসেবেই সাধারণত মনে করা হয়। সেই কারণে জলপথে জীবিকার প্রয়োজনে যাদের কর্মজীবন অতিবাহিত হয় অর্থাৎ মাঝি-মাল্লা, জেলেরা, তারা আপদে-বিপদে বদর পীরকে স্মরণ করে থাকে। দরিয়ার পাঁচ পীরের মধ্যে বদর পীর অন্যতম। বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের ইতিহাসের সঙ্গেও বদর পীরের নাম ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। নদীমাতৃক বাংলার হিন্দু-মুসলমান নির্বিশেষে বদর পীরের উপাসনা করতেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এও এক উৎকৃষ্ট উদাহরণ।

বর্তমান বাংলাদেশের চট্টগ্রামকে বারো আউলিয়ার পূণ্যভূমি বলা হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও বারো আউলিয়া কথাটি বিশেষভাবে প্রচলিত। এটি দ্বারা আসলে মোট বারোজন আউলিয়া বা দরবেশের কথা বোঝানো হয়, যাঁদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন বদর পীর। চট্টগ্রামের মানুষের কাছে তিনি বদর আলম, বদর আউলিয়া, বদর পীর বা পীর বদর, বদর শাহ এমনই নানারকম নামে পরিচিত ছিলেন। মধ্যযুগের বাংলা সাহিত্যেও রয়েছে তাঁর নাম। সেখানে তিনি শাহ বদর আলম নামে উল্লিখিত। তাঁর প্রকৃত নাম নিয়ে আবার নানামত রয়েছে। একদল ঐতিহাসিক তাঁকে হযরত শাহ বদরুদ্দীন আল্লামা বা পীর বদরে আলম হিসেবে উল্লেখ করেছেন। কারও মতে তাঁর প্রকৃত নাম হল, মখদুম শাহ বদরুদ্দীন বদরে আলম জাহেদী। নাম যাই হোক না কেন তিনি বদর পীর বা বদর শাহ নামেই অধিক পরিচিত।

বদর পীরের বংশ পরিচয় সম্পর্কে যা জানা যায় তা হল, হযরত ইমাম শেহাবুদ্দীন মক্কী ছিলেন তাঁর পিতামহ এবং তাঁদের আদি নিবাস ছিল আরবে। তবে ঐতিহাসিকদের মতে বদর পীরের জন্ম হয়েছিল ভারতবর্ষের মিরাটে। কোন সময়ে তিনি চট্টগ্রামে এসেছিলেন তা নিশ্চিতভাবে বলতে পারা না গেলেও মনে করা হয় ১৩৩৮ সালে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের বাংলা বিজয়ের পর অনেক সুফি সাধক যখন এখানে এসেছিলেন, সেইসময়তেই বদর আউলিয়ারও আগমন ঘটেছিল। কেউ কেউ আবার ১৪০০ শতাব্দীর প্রথমদিকে তিনি চট্টগ্রামে এসেছিলেন বলে মনে করেন। ইতিহাস অনুযায়ী, হযরত শাহজালাল ইয়ামানী এবং তাঁর সঙ্গী হযরত নাসিরুদ্দিন সিপাহসালার সহযোদ্ধা হিসেবে তরফ পরগণার অত্যাচারী রাজা আচক নারায়ণের বিরুদ্ধে বদর পীর যুদ্ধ করেছিলেন। তরফ বিজয়াভিযানে অংশগ্রহণকারী বারো আউলিয়ার অন্যতম একজন ছিলেন তিনি। বলা হয়, যে, হাজী খলিলকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে এসেছিলেন তিনি।

বদর পীরের জীবনের এই চট্টগ্রাম পর্ব নিয়ে বেশ কিছু কিংবদন্তিও প্রচলিত রয়েছে। কথিত আছে ১৪শ শতকে বন-জঙ্গলে পূর্ণ চট্টগ্রাম ভূত-প্রেত, জ্বীন, দৈত্য-দানোতে পূর্ণ ছিল। বদর পীর এখানে এসে জ্বীনদের কাছ থেকে একটি চাটি অর্থাৎ প্রদীপ রাখবার মতো জায়গা চেয়ে নিয়েছিলেন। তারপর সেখানে চাটি জ্বালতেই তার আলোয় নাকি চট্টগ্রাম ভূত-প্রেত-মুক্ত হয়ে গিয়েছিল। সেখান থেকেই চাটিগাঁ বা চট্টগ্রাম নামের উদ্ভব হয়েছিল বলে অনেকেই মনে করে থাকেন। তবে এই কিংবদন্তির পিছনে যে ইতিহাস থাকা সম্ভব তা হল, সেসময় চট্টগ্রাম ছিল মগ-দস্যুদের আস্তানা। বাংলার প্রথম স্বাধীন সুলতান মোবারক শাহের আমলে তাঁর সেনাপতি কদল খান গাজীর সহায়তায় বদর পীর সেই দস্যুদের পরাস্ত করে চট্টগ্রামে মুসলিম শাসনের প্রতিষ্ঠা ও ইসলামি ধর্মের প্রসার ঘটিয়েছিলেন।

অন্য আরেকটি সূত্র অনুযায়ী, বদর পীর আসলে একজন পর্তুগীজ নাবিক, যাঁর আসল নাম গুয়াল পেরেক বোথিলো। এক দুর্ঘটনায় তাঁর জাহাজ ধ্বংস হয়ে গেলে তিনি নাকি জাহাজের কাঠ ধরে ভাসতে ভাসতে চট্টগ্রামে এসে পৌঁছেছিলেন। কেউ আবার বলেন কাঠ নয়, তিনি শিলাখন্ড ধরে ভেসে এসেছিলেন এখানে। স্থানীয়দের মধ্যে আবার এমন বিশ্বাসও প্রচলিত যে বদর পীর আসলে এই চট্টগ্রামেরই মানুষ।

প্রচলিত রয়েছে যে, বদর পীর চট্টগ্রামে এসে সমুদ্রের তীরেই বসতি গড়ে তুলতে চাইলেও সেখানকার মানুষ তাঁকে নিষেধ করেন, কারণ জোয়ারের সময় সমুদ্র সেই গোটা এলাকাটি প্লাবিত করে ফেলে। তবে বদর পীর কারও কথায় কর্ণপাত না করে সেখানে আস্তানা গড়ে তুললেন এবং আল্লাহের বন্দনায় নিমগ্ন হলেন। সমুদ্রে ঝড় আরম্ভ হল, সমুদ্রের জল গর্জন করে তাঁর দিকে এগিয়ে আসতে শুরু করলে সেখানকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। বদর পীর নিজে এতটুকু বিচলিত না হয়ে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়ে সেই তোলপাড় করে ধেয়ে আসা জলস্রোতকে আঙুলের ইশারায় অন্যদিকে চলে যেতে বললেন। তারপর থেকেই সমুদ্রের জোয়ার সেদিকে আর কখনও আসেনি এবং সেখানে ধীরে ধীরে বসতি গড়ে উঠতে শুরু করেছিল। এই কারণেই আজও মাঝিমাল্লারা সমুদ্রে যাত্রার সময়, কিংবা জলপথে বিপদে পড়লে বদর পীরের নাম স্মরণ করে থাকেন এবং সেইজন্যই হয়তো তাঁকে ‘জলপথের রক্ষাকর্তা’ বলা হয়।

বদর পীর কেবল চট্টগ্রামেই নয়, সুদূর বার্মা থেকে মালয় অবধি তাঁর প্রভাব বিস্তৃত। এমনই খ্যাতি তিনি লাভ করেছিলেন যে, চতুর্দশ শতকের মরক্কো দেশীয় পর্যটক ইবন বতুতা তাঁর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য চট্টগ্রামে এসেছিলেন তবে ততদিনে বদর পীর ইহলোক ত্যাগ করেছিলেন, ফলে ইবন বতুতার আশা পূরণ হয়নি। এছাড়াও আরব বণিকেরা আসাম থেকে মালয় পর্যন্ত সমুদ্র উপকূলে যেসব মসজিদ নির্মাণ করেছিলেন বদর পীরের প্রভাবে সেগুলি ‘বদর মকান’ নামে পরিচিতি লাভ করে। মায়ানমার অর্থাৎ বার্মার টেনাসেরিমের জনগণ বদর পীরকে ‘মাদরা’ বলে ডাকত। আবার আকিয়াবের অধিবাসীদের কাছে তিনি বুদ্ধ আউলিয়া বা বুদ্ধ সাহেব নামে পরিচিত।

চট্টগ্রামে যেখানে বদর পীর আস্তানা গড়ে তুলেছিলেন এবং ধ্যান করতেন সেই স্থানটি বক্সির হাট এলাকায় অবস্থিত। আজও এখানে বদর পীরের চিল্লা শরীফ বর্তমান রয়েছে। অসংখ্য দর্শনার্থী আসেন এখানে। হিন্দু-মুসলিম নির্বিশেষে বদর পীরের মাজারে শিরনি চড়ান মানুষ, প্রার্থনা করেন। রমজানে বার্ষিক উরস হয়৷ চট্টগ্রামে তথা সারা বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার এবং মানবকল্যাণমূলক কাজ করে বদর পীর চলে গিয়েছিলেন বিহারে। বিহারের ছোট দরগায় তাঁর সমাধি রয়েছে। এছাড়াও চট্টগ্রামের বদরপাতিতেও একটি সমাধি আছে। ঐতিহাসিক ড. আবদুল করিম তাঁর ‘চট্টগ্রামের ইসলামী ঐতিহ্য’ গ্রন্থে লিখেছেন যে, “চট্টগ্রামের বদরপাতিস্থ বদর শাহের সমাধি ভবন পরীক্ষা করে আমাদের মনে হয়, বদর শাহ চট্টগ্রামেই সমাহিত আছেন।”

বদর পীর মূলত ইসলামীয় সংস্কৃতির একজন অংশ হলেও সব ধর্মের মানুষই তাঁর কাছে এসে প্রার্থনা করে, বিশেষত নদী ও সমুদ্র উপকূলবর্তী মানুষ সে মুসলিম হোক কিংবা হিন্দু, নিষ্ঠাভরে তাঁর উপাসনা করে থাকে। হিন্দু মাঝিরা জলপথে বিপদের আশঙ্কা গান করে ‘‘আমরা আছি পোলাপান/ গাজী আছেন নিগাবান;/ শিরে গঙ্গা দরিয়া/ পাঁচ পীর বদর; বদর’’। আর মুসলমান মাঝিরা গায় ‘‘আমরা আছি পোলাপান/ আল্লাতালা নিগাবান; / আল্লা, নবী, পাঁচ পীর; /বদর; বদর’’ তাই বলাই যায়, বদর পীর সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনেও মানুষকে বেঁধে দিয়েছেন।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।