ফিফা বিশ্বকাপ ১৯৩৪ ছিল ফিফা বিশ্বকাপের দ্বিতীয় আসর। এই বিশ্বকাপের আসর ২৭ মে থেকে ১০ জুন ইতালিতে অনুষ্ঠিত হয়। সর্বমোট ১৬টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে চেকস্লোভাকিয়াকে হারিয়ে বিজয়ী হয় ইতালি।
ইউরোপ মহাদেশে আয়োজিত প্রথম বিশ্বকাপের আসর এটিই। এই বিশ্বকাপেই প্রথম বার দলগুলিকে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়েছিল। প্রথমে সর্বমোট ৩২টি দেশ অংশগ্রহণ করে। সেখান থেকে ১৬টি দেশই কেবল এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথম আফ্রিকার দেশ হিসেবে মিশর এই বিশ্বকাপে অংশগ্রহণ করার কৃতিত্ব অর্জন করে। মোট ১৭ টি খেলায় ৭০ টি গোল হয়। প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া দেশগুলো হল আর্জেন্টিনা, অস্ট্রিয়া, বেলজিয়াম , ব্রাজিল, চেকোস্লোভাকিয়া, মিশর, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, রোমানিয়া, স্পেন, সুইডেন, সুইজ্যারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
ফিফা বিশ্বকাপ ১৯৩৪ ফাইনালে ইতালি চেকস্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথম ইউরোপীয় দেশ হিসাবে বিজয়ী হয়। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে জার্মানি ও অস্ট্রিয়া অর্জন করে।
মোট পাঁচটি গোল দিয়ে চেকস্লোভাকিয়ার ওলদ্রিচ নেজেডলি (Oldřich Nejedlý) সর্বোচ্চ গোলাদাতা হন এবং ইতালির জুজেপ্পে মেয়াৎসা (Giuseppe Meazza) সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
প্রথম বিশ্বকাপের মত এবারেও যে দেশে খেলা অনুষ্ঠিত হয়, সেই দেশই জয়লাভ করে। তবে অনেকেই দাবী করে থাকেন এই বিশ্বকাপকে বেনিতো মুসোলিনী (Benito Mussolini) ফ্যাসিজম প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করেছিলেন এবং রেফারিদের প্রভাবিত করে ইতালিকে জিতিয়ে ছিলেন। এই ঘটনা এই বিশ্বকাপের সব চেয়ে বিতর্কিত ও আলোচিত বিষয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান