ফিফা বিশ্বকাপ ১৯৩৮ ছিল ফিফা বিশ্বকাপের তৃতীয় আসর। এই বিশ্বকাপের আসর ৪ জুন থেকে ১৯ জুন ফ্রান্সে অনুষ্ঠিত হয়। সর্বমোট ১৫ টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে হাঙ্গেরিকে হারিয়ে বিজয়ী হয় ইতালি।
পরপর দুবার ইউরোপে বিশ্বকাপের মূলপর্ব আয়োজন হওয়ায় দক্ষিণ আমেরিকার দেশগুলি এর বিরোধিতা করে কারণ তারা চেয়েছিল দুটি মহাদেশ পর্যায়ক্রমে একবার করে বিশ্বকাপের আয়োজন করুক। এই কারণে উরুগুয়ে, আর্জেন্টিনা এই বিশ্বকাপ বয়কট করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এটাই ছিল শেষ বিশ্বকাপ।
এই বিশ্বকাপে প্রথমে ১৬ টি দেশ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল। এরা হল অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কিউবা, চেকোস্লোভাকিয়া, ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমান ইন্দোনেশিয়া), ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া, সুইডেন এবং সুইজ্যারল্যান্ড । কিন্তু অষ্ট্রিয়া ১৬টি দেশের একটি হয়ে যোগ্যতা অর্জন করার পর জার্মানি অস্ট্রিয়া দখল করে এবং অস্ট্রিয়ার খেলোয়াড়দের জার্মানির হয়ে খেলতে বলে। অনেক খেলোয়াড়ই জার্মানির হয়ে খেলতে নামে। কিন্তু অস্টিয়ার তথা তৎকালীন বিশ্বের সেরা খেলোয়াড় মাতিয়াস সিন্ডেলার( Matthias Sindelar) বিদেশি শাসক জার্মানির হয়ে খেলতে অস্বীকার করেন। এই ঘটনা বিশ্ব ফুটবলে দেশপ্রেমের এক প্রতীক হয়ে আছে। এই বিশ্বকাপে প্রথম এশীয় দল হিসেবে ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমান ইন্দোনেশিয়া) অংশ নেয়। এই বিশ্বকাপে মোট ১৮ টি খেলায় ৮৪ টি গোল হয়।
১৯৩৮ ফিফা বিশ্বকাপ ফাইনালে ইতালি হাঙ্গেরিকে ৪-২ গোলে হারিয়ে পর পর দুবার বিজয়ী হয়। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে ব্রাজিল ও সুইডেন অর্জন করে।
মোট সাতটি গোল দিয়ে ব্রাজিলের লেওনিদাজ দ্য সিলভা (Leônidas da Silva) সর্বোচ্চ গোলাদাতা হন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান