ছোট থেকে আমরা প্রায় সকলেই এরোপ্লেন ওড়ার শব্দ পেলেই আকাশে উঁকি ঝুঁকি মারি। দেখতে পেলেই মুখের হাসি চওড়া। ওতো ওজন সত্ত্বেও উড়োজাহাজ বা এরোপ্লেন আকাশে ওড়ে কীভাবে? যদি না জানেন তাহলে জেনে নিন এরোপ্লেন আকাশে ওড়ার পিছনের বিজ্ঞান।

এরোপ্লেনের বিশেষ আকার ও গঠন একে ওড়ার উপযোগী করে তোলে। বিজ্ঞানী বার্নৌলির (Bernoulli) নীতি অনুযায়ী বায়ু প্রবাহের বেগ বেশি হলে চাপ কম হবে এবং বেগ কম হলে চাপ বেশি হবে। এরোপ্লেনের দুদিকে যে ডানা থাকে ওগুলোর সামনের দিকে মোটা, তুলনামূলক পিছনদিকে পাতলা, এছাড়াও উপরের পৃষ্ঠ নিচের তুলনায় বেশি বাঁকানো। এর ফলে ডানার উপরে বায়ুপ্রবাহের বেগ বেশি হয় এবং চাপ কম হয়। আবার ডানার নীচে বায়ুপ্রবাহের বেগ কম তাই চাপ বেশি। এই কারণে ডানার উপরে নীচের দিক থেকে একটা উর্ধ্বমুখী বল কাজ করে । সেজন্য এরোপ্লেন ভেসে থাকতে পারে । এরোপ্লেন ভেসে থাকার এটি মূলনীতি হলেও এই ভেসে থাকাকে সুবিধাজনক করতে ডানার আকারের হেরফের করা হয় ও ডানায় প্রয়োজন মত আধুনিক যন্ত্রপাতি লাগানো হয়।
এক্ষেত্রে মনে রাখতে হবে এরোপ্লেন চললে জ্বালানির দহনের ফলে ইঞ্জিন থেকে নির্গত তীব্র গতির গরম গ্যাস পিছনের দিকে ঘাত দেয় ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এরোপ্লেন সামনে এগিয়ে চলতে পারে। আর ডানা এরোপ্লেন কে বায়ুতে ভাসিয়ে রাখতে সাহায্য করে।
এরোপ্লেনের আকাশে ভেসে থাকা ও এগোনোর পাশাপাশি কন্ট্রোল সারফেস (ailerons, elevators, rudders, spoilers এবং air brake) এর মাধ্যমে বায়ুর প্রবাহ পথ ও গতি পাল্টে এরোপ্লেনকে উপরে নীচে,ডান দিকে কিংবা বাম দিকে চালনা করা হয়। অর্থাৎ এরোপ্লেনের ভেসে থাকা ও এগিয়ে চলার পিছনে বিজ্ঞানের একাধিক নীতি খুব সমতা বজায় রেখে কাজ করে।

এখানে খুব সহজভাবে এরোপ্লেন আকাশে ওড়ে কীভাবে বোঝানোর চেষ্টা করা হল। প্রযুক্তির উন্নতির সাথে সাথে এরোপ্লেনের ডিজাইনের উন্নতি করে গতি ও অন্যান্য সুবিধা বৃদ্ধি নিয়মিত করা হচ্ছে। এরোপ্লেনের ব্যবহারের উদ্দেশ্য (সামরিক, অসামরিক ইত্যাদি) অনুযায়ী ডিজাইনের হেরফের ঘটানো হয়ে থাকে।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান