বাংলা সাহিত্যের একজন অন্যতম খ্যাতনামা সাহিত্যিক হলেন খগেন্দ্রনাথ মিত্র। কিন্তু আক্ষেপের বিষয় হল বেশিরভাগ বাঙালি এনার সাহিত্য কীর্তির সাথে যতটা পরিচিত ততটাই অপরিচিত তাদের কাছে ব্যাক্তি খগেন্দ্রনাথ।আজকের আলোচনা সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্রকে নিয়েই।
শিশুসাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী খগেন্দ্রনাথ মিত্র জন্মগ্রহন করেন ১৮৯৬ সালের ২ জানুয়ারি।বাবা ছিলেন শিলাইদহে ঠাকুর পরিবারের মোক্তার।ছাত্র অবস্থাতেই বিপ্লবী কাজকর্মে লিপ্ত হয়ে পড়েন ‘বাঘাযতীন’ এর প্রভাবে। অসহযোগ আন্দোলনে যোগদান করে কারাবাসও করেছেন ছাত্রাবস্থায়।
১৯৪৮ সালে প্রকাশ করেন এশিয়ার সর্বপ্রথম দৈনিক শিশুসাহিত্য পত্রিকা ‘কিশোর’। অজস্র বই লিখেছেন ছোটদের জন্য। লিখেছেন ভারতবর্ষ, প্রবাসী, মহিলা প্রভৃতি পত্রিকায়।অনেকেই জানেন না তিনিই প্রথম ভারতীয় শিশু সাহিত্যিক যাঁর বই বিদেশী ভাষায় অনূদিত হয়েছে।ওনার রচিত ‘ভোম্বল সর্দার’ বইটি হিন্দি ও রুশ ভাষায় অনূদিত হয়েছিল।এই বইটি রুশ শিশুদের দ্রুত পঠন হিসেবে পঠিত হয়।এই ‘ভোম্বল সর্দার’ নিয়ে আকাশবাণীতে শ্রুতি নাটকও হয়েছে। ব্যালেন্টাইনের বিখ্যাত বই ‘গোরিলা হান্টার’ অবলম্বনে তিনি লেখেন ‘আফ্রিকার জঙ্গলে’। এছাড়াও অনুবাদ করেছেন ‘বেন হুর’, ‘লাস্ট ডেজ অফ পম্পেই’, ‘ব্ল্যাক অ্যারো’। লিখেছেন ‘গড় জঙ্গলের কাহিনী’, ‘ঠাকুরদার বুনো গল্প’, ‘ডাকাতের ডুলি’, ‘গণেশচন্দ্রের অশুভ যাত্রা’, মৌটুসকি, সেই ছোকরাটা, কপালের লেখা, স্বপ্নে পাওয়া গল্প, কর্তাবাবুর পেত্নী দেখা, মিন্টুর ছবি, গণেশচন্দ্রের অশুভ যাত্রা, পারঘাটের আলাপীর পাল্লায়, চোরেরও অধম, বদনপুর বাংলোর সেই রাত, বাগদী ডাকাত, সুন্দরবনের পথে, পূজনীয় দস্যু, প্রহেলিকা সিরিজ, ইত্যাদি।
বাংলা সাহিত্যে প্রভূত অবদানের স্বীকৃতি স্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই প্রতিভাবান সাহিত্যিককে ‘ভুবনেশ্বরী পদক’ এবং ‘ মৌচাক সাহিত্য পুরস্কারে’ ভূষিত করে।১৯৭৫ সালে জাতীয় পুরস্কারের জন্য ওনার নাম নির্বাচিত হলেও উনি সেই পুরস্কার প্রত্যাখ্যান করেন কর্তৃপক্ষের শিশু সাহিত্যের প্রতি অবজ্ঞার প্রতিবাদ স্বরূপ।
১৯৭৮ সালের ১২ ফেব্রুয়ারি বাংলা সাহিত্যের এই অমর শিশু শিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন।বাংলা শিশুসাহিত্য চির ঋণী হয়ে থাকবে খগেন্দ্রনাথ মিত্রের কাছে।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to আজকের দিনে ।। ১২ ফেব্রুয়ারি | সববাংলায়Cancel reply