সববাংলায়

নীরজ চোপড়া

নীরজ চোপড়া (Neeraj Chopra) একজন ভারতীয় ট্র্যাক আ্যন্ড ফিল্ড আ্যথলিট যিনি ভারতের ২০২০ টোকিও অলিম্পিকে ভারতের প্রথম ট্র্যাক আ্যন্ড ফিল্ড আ্যথলিট হিসেবে জ্যাভেলিন নিক্ষেপে সোনা জয় করে ইতিহাসে স্থান করে নিয়েছেন। পেশাগতভাবে নীরজ জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে ভারতীয় সেনা বাহিনীতে যুক্ত আছেন। অভিনব বিন্দ্রার পর তিনিই দ্বিতীয় ভারতীয় যিনি অলিম্পিকে সোনা জিতেছেন।

১৯৯৭ সালের ২৪ ডিসেম্বর হরিয়ানা রাজ্যের পানিপত জেলার খান্ডারা গ্রামে নীরজের জন্ম হয়।তাঁর বাবা সতীশ কুমার গ্রামের একজন সাধারণ কৃষক এবং মা সরোজ দেবী গৃহবধূ। বাবা মায়ের দুই মেয়ে এক ছেলের মধ্যে নীরজই বড়। চন্ডীগড়ের ডি.এ.ভি কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হওয়ার পর নায়েব সুবেদার পদে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন তিনি।

ছোট থেকেই নীরজের খেলার প্রতি প্রবল উৎসাহ ছিল। বিশেষ করে ভলিবল এবং কাবাডিতে তাঁর উৎসাহ ছিল সবচেয়ে বেশি। বলা যায় একরকম হঠাৎ করেই চোদ্দ বছর বয়সে নীরজের জ্যাভেলিন ছোঁড়ার প্রতি আগ্রহ জন্ম নেয়। শারীরিক দিক থেকে নীরজ বেশ স্থূলকায় ছিল কিশোর অবস্থায়। তখন তাঁর পরিবার থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে জিমে পাঠানোর। কিন্তু জিমে গিয়েও নীরজের যখন কোন পরিবর্তন এল না তখন তাঁর পরিবার তাঁকে শিবাজী স্টেডিয়ামে পাঠায় দৌড়ানোর জন্য। স্টেডিয়ামে বাকি আ্যথলিটদের খেলতে দেখে আস্তে আস্তে তাঁর মধ্যেও আ্যথলিট হওয়ার স্বপ্ন বাসা বাঁধতে শুরু করে।

কিন্তু আ্যথলেটিক্সের বিপুল বিভাগের মধ্যে কোনটি তার পক্ষে উপযুক্ত হবে সেটি নিয়ে বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে নীরজ চোপড়া । অবশেষে অনেক ভাবনা চিন্তার পর জ্যাভেলিন নিক্ষেপকেই তিনি বেছে নেন নিজের পছন্দের বিভাগ হিসেবে। কারণ ছোটবেলায় খেলতে খেলতে ইঁট পাথরের টুকরোকে দূরে ছুঁড়ে ফেলতে তাঁর জুড়ি মেলা ভার ছিল।

২০১২ সালে লখনৌতে অনুষ্ঠিত অনুর্দ্ধ ষোলো জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে নীরজ ৬৮.৪৬ মিটার দূরত্বে জ্যাভেলিন নিক্ষেপ করে চ্যাম্পিয়ন হন। এরপর ২০১৬ সালের জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ৮৬.৪৮ মিটার এবং ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ৮৬.৪৭ মিটার দূরত্বে জ্যাভেলিন নিক্ষেপ করে খ্যাতির আলোয় চলে আসেন। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ৮৮.০৬ মিটার দূরত্বে জ্যাভেলিন নিক্ষেপ করে তিনি জাতীয় রেকর্ড তৈরি করেন এবং বলাই বাহুল্য তিনি সোনা জিতেছিলেন। নীরজ এশিয়ান গেমসে ভারতের জাতীয় পতাকা বাহক ছিলেন। ২০২১ সালের শুরুর দিকে পাতিয়ালা গ্র্যান্ড প্রিক্স-৩ এ তিনি ৮৮.০৭ মিটার দূরত্ব অতিক্রম করে নিজের রেকর্ড নিজেই ভাঙেন।

২০২০ সালের টোকিও অলিম্পিকে নীরজ ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভেলিন নিক্ষেপ করে ভারতের প্রথম ট্র্যাক আ্যন্ড ফিল্ড আ্যথলিট হিসেবে সোনা জয় করেন।

২০১৮ সালে নীরজ অর্জুন পুরস্কারে সম্মানিত হন।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading