সববাংলায়

ফোন চার্জ দেওয়ার সময় গরম হয় কেন?

মোবাইল ফোন চার্জে বসালে অনেক সময় দেখা যায় ফোন বা চার্জার ধীরে ধীরে গরম হয়ে উঠছে। অনেকেই ভয় পেয়ে যান এবং ভাবেন ফোন বা চার্জারের গরম হয়ে যাওয়া হয়ত বিপদের ইঙ্গিত! বাস্তবে, মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় গরম হওয়া একটি সাধারণ ঘটনা ও তার কারণ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনা স্বাভাবিক হলেও কিছু পরিস্থিতিতে তা ঝুঁকিপূর্ণও হতে পারে। এখনে আমরা ব্যাখ্যা করব, ফোন চার্জ দেওয়ার সময় গরম হয় কেন?

বিদ্যুৎ প্রবাহ ও শক্তির অপচয়

মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় চার্জার থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ব্যাটারিতে প্রবেশ করে। এই বিদ্যুৎ শক্তি পুরোপুরি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হতে পারে না। রূপান্তরের সময় শক্তির একটি অংশ তাপ হিসেবে বেরিয়ে আসে, যাকে শক্তির অপচয় (Energy Loss) বলা হয়। এই তাপই মোবাইল বা চার্জারকে গরম করে তোলে। এটি মূলত বিদ্যুতের স্বাভাবিক ধর্ম।

লিথিয়াম-আয়ন ব্যাটারির রাসায়নিক প্রতিক্রিয়া

আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন ব্যাটারি (Lithium-ion Battery)। চার্জ নেওয়ার সময় ব্যাটারির ভিতরে লিথিয়াম আয়ন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। এই রাসায়নিক বিক্রিয়ার সময় অভ্যন্তরীণ প্রতিরোধ তৈরি হয়, যার ফলে তাপ উৎপন্ন হয়। চার্জ যত দ্রুত হয়, এই বিক্রিয়া তত তীব্র হয় এবং গরমও বেশি হয়। তাই ফাস্ট চার্জিং প্রযুক্তিতে স্বাভাবিকের চেয়ে বেশি ভোল্টেজ ও কারেন্ট ব্যবহার করা হয়, যাতে কম সময়ে ব্যাটারি চার্জ হয়। বেশি কারেন্ট মানেই বেশি শক্তি প্রবাহ, আর তার সঙ্গে বাড়ে তাপ উৎপাদন। তাই ফাস্ট চার্জিংয়ের সময় মোবাইল তুলনামূলকভাবে বেশি গরম হওয়াটা স্বাভাবিক।

চার্জ দেওয়ার সময় মোবাইল ব্যবহার করলে কী হয়?

চার্জের সময় যদি মোবাইল দিয়ে গেম খেলা, ভিডিও দেখা বা ইন্টারনেট ব্যবহার করা হয়, তাহলে প্রসেসর একসঙ্গে কাজ করতে থাকে। একদিকে ব্যাটারি চার্জ হচ্ছে, অন্যদিকে শক্তি খরচও হচ্ছে। এই দ্বিমুখী প্রক্রিয়ায় প্রসেসর ও ব্যাটারি দুটোই তাপ উৎপন্ন করে, ফলে ফোন দ্রুত গরম হয়ে ওঠে।

খারাপ চার্জার বা কেবল কতটা দায়ী?

নকল বা নিম্নমানের চার্জার ও তার (cable) সঠিকভাবে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে পারে না। এর ফলে অতিরিক্ত রেজিস্ট্যান্স তৈরি হয়, যা আরও বেশি তাপ উৎপন্ন করে। অনেক সময় চার্জারের ভেতরের সার্কিট ঠিকমতো ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে না পারলে ফোন ও চার্জার — দুটিই অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়।

পরিবেশের তাপমাত্রার প্রভাব

যদি গরম পরিবেশে বা সরাসরি রোদে মোবাইল চার্জ দেওয়া হয়, তাহলে স্বাভাবিক তাপের সঙ্গে পরিবেশের তাপ যুক্ত হয়ে ফোন দ্রুত গরম হয়ে ওঠে। লিথিয়াম-আয়ন ব্যাটারি উচ্চ তাপমাত্রায় আরও সংবেদনশীল হয়ে পড়ে।

কখন গরম হওয়া বিপজ্জনক?

চার্জের সময় ফোন যদি এতটাই গরম হয়ে যায় যে ছোঁয়া কষ্টকর হয়ে পড়ে, চার্জ বারবার বন্ধ হয়ে যায়, বা ব্যাটারি ফুলে উঠতে দেখা যায় — তাহলে তা স্বাভাবিক নয়। দীর্ঘদিন এমন হলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে কিংবা নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে। তাই এসব ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া উচিত – যেমন অল্প সময় চার্জ করা, চার্জিং এর সময় ফোন ব্যবহার না করা, ব্যাটারি/চার্জার প্রয়োজনে পাল্টে নেওয়া ইত্যাদি।

মোবাইল চার্জ দেওয়ার সময় গরম হওয়া বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফল। বিদ্যুৎ প্রবাহ, ব্যাটারির রাসায়নিক প্রতিক্রিয়া, ফাস্ট চার্জিং এবং একসঙ্গে ব্যবহার — সব মিলিয়েই এই তাপ তৈরি হয়। তবে অতিরিক্ত গরম হওয়া এড়াতে ভালো মানের চার্জার ব্যবহার, চার্জের সময় মোবাইল ব্যবহার না করা এবং শীতল পরিবেশে চার্জ দেওয়া সবচেয়ে নিরাপদ অভ্যাস। আশা করি বোঝা গেল, ফোন চার্জ দেওয়ার সময় গরম হয় কেন? বিজ্ঞানের এই ধরণের কার্য-কারণ সম্পর্ক বা “কেন” বিষয়ক প্রশ্নের উত্তর জানতে এখানে দেখুন। আর আপনার মাথায় এরকম কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading