প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশে কিছু দিবস পালিত হয়। ওই নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সমস্ত দিবস পালিত হয়। পালনীয় সেই সমস্ত দিবস গুলির মধ্যে একটি হল বিশ্ব হৃদয় দিবস (World Heart Day)।
প্রতি বছর ২৯ সেপ্টেম্বর সারাবিশ্ব জুড়ে বিশ্ব হৃদয় দিবস পালন করা হয়। গোটা বিশ্বেই হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা অনেকটাই বেশি। সেই কারণে এই বিশেষ দিনটি পালনের মাধ্যমে হৃদরোগ বিষয়ে জনসচেতনতা তৈরি করবার চেষ্টা করা হয়। কীভাবে এই রোগ প্রতিরোধ করে একটি সুস্থ জীবনযাপন করা সম্ভব, কোন কোন কাজ থেকে বিরত থাকলে নিজের হৃদয় সুস্থ রাখা সম্ভব ইত্যাদি বিভিন্ন বিষয় মানুষের সামনে তুলে ধরে তাকে সচেতন করবার উদ্দেশ্যেই বিশ্বব্যাপী এই দিবস পালনের উদ্যোগ নেওয়া হয় প্রতিবছর।
ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন (World Heart Federation) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation বা WHO) যৌথভাবে ১৯৯৯ সালে এই বিশ্ব হৃদয় দিবস পালনের ঘোষণা করে। ২০০০ সালের ২৪ সেপ্টেম্বর প্রথম এই দিবস পালিত হয়েছিল। ২০১০ সাল পর্যন্ত মূলত সেপ্টেম্বর মাসের শেষ রবিবার এই দিনটি উদযাপন করা হত কিন্তু তারপর ২০১১ থেকে ২৯ সেপ্টেম্বর তারিখটিকেই নির্দিষ্টভাবে বেছে নেওয়া হয়।
ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন ১৯৭২ সালে জেনিভাতে (Geneva) গড়ে ওঠা একটি বেসরকারী প্রতিষ্ঠান। যদিও জন্মলগ্ন থেকেই তার এই নাম ছিল না। ইন্টারন্যাশনাল সোসাইটি অব কার্ডিওলজি এবং ১৯৭০ সালে গড়ে ওঠা ইন্টারন্যাশনাল কার্ডিওলজি ফেডারেশন নামক এই দুটি প্রতিষ্ঠান ১৯৭৮ সালে যুক্ত হয়ে গড়ে ওঠে ইন্টারন্যাশনাল সোসাইটি অ্যান্ড ফেডারেশন অব কার্ডিওলজি। ১৯৯৮ সালে এই নামটি পরিবর্তন করে রাখা হয় ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন। এই ফেডারেশনের দ্বারাই বর্তমানে দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড কংগ্রেস অব কার্ডিওলজি। ১৯৯৭-৯৯ সময়কালে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের সভাপতি আন্তোনি বেইস দে লুনা প্রতিবছর বিশ্ব হৃদয় দিবস পালনের ধারণাটি দিয়েছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষা অনুযায়ী প্রতিবছর হৃদরোগে প্রায় ১৭.৯ মিলিয়ন মানুষের মৃত্যু হয় সারা বিশ্বে, অর্থাৎ বিশ্বব্যাপী মৃত্যুর প্রায় ৩১ শতাংশ এই হৃদরোগের কারণে হয়ে থাকে। সাধারণত হার্ট অ্যাটাক (Heart Attack) বা স্ট্রোকই হৃদরোগের মধ্যে সবথেকে বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। অতিরিক্ত তামাক সেবন, অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণ, মাত্রাতিরিক্ত অ্যালকোহলের ব্যবহার এবং রক্তচাপ বৃদ্ধি, ব্যায়ামের অভাবে অতিরিক্ত ওজনবৃদ্ধি ইত্যাদি কারণে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। উন্নত দেশগুলিতে এই রোগের প্রকোপ প্রভূত পরিমাণে লক্ষ্য করা যায় কারণ তাদের জীবনযাত্রায় পরিশ্রমের অভাব। যন্ত্র ও প্রযুক্তি নির্ভরতার কারণে সেইসব দেশের মানুষ পর্যাপ্ত পরিমাণ কায়িক পরিশ্রম করেন না ফলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়। কিন্তু হৃদরোগে প্রায় ৮০ শতাংশ মৃত্যু লক্ষ্য করা যায় নিম্ন ও মধ্য আয়ের উন্নয়নশীল দেশগুলিতে। তার একটা অন্যতম কারণ অবশ্যই উন্নত চিকিৎসার অভাব। এই হৃদরোগের কারণে দেশের অর্থনীতিতেও ব্যপক প্রভাব পড়ে। ব্যয়বহুল চিকিৎসার পাশাপাশি উৎপাদনেও ঘাটতি দেখা যায় কারণ হৃদরোগে আক্রান্ত মানুষ কর্মস্থলে হাজির হতে পারেন না।
এই ভয়ংকর ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার উপায়ের সন্ধান দিতেই ২৯ সেপ্টেম্বর বিশ্বজুড়ে বিশ্ব হৃদয় দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে প্রায় ৯০টি দেশে এই দিনটিকে উদযাপন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির জন্য পডকাস্ট (Podcasts), লিফলেট (Leaflets) পোস্টার (Posters) ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। কোথাও কোথাও হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদানের জন্য জনসভার আয়োজন করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র এমনকি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতারও ব্যবস্থা করা হয়ে থাকে। এছাড়াও এই দিনটিতে নানা জায়গায় বিজ্ঞান সভা, বিভিন্ন চিকিৎসক সমিতি এবং হৃদরোগ বিশেষজ্ঞদের আলোচনার জন্য জনসমাবেশ ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে মানুষকে আরও বেশি সচেতন করে তোলবার উদ্দেশ্যে।
প্রতিবছর বিশ্ব হৃদয় দিবসের একটি করে বিষয় বা থিম নির্বাচন করা হয়ে থাকে। ২০১৮ সালের থিম ছিল – আমার হৃদয়, আপনার হৃদয় (My Heart, Your Heart)। ২০১৯ সালে থিম হিসেবে ওই একই স্লোগান ঘোষণা করা হয়। তবে সেইবছর হার্ট-হিরো অর্থাৎ যাদের হার্টের কোনো সমস্যা নেই, যারা সুস্থ এবং কর্মক্ষম, বিশ্বব্যাপী সেইসব হৃদরোগ জয়ীদের কমিউনিটি (Community) গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছিল। ২০২০ সালের থিম ছিল -কার্ডিওভাস্কুলার রোগ কমাতে হৃদয় ব্যবহার করুন (Use Heart to Beat Cardiovascular Disease)। ২০২১ সালের থিম ছিল – সংযোগ করতে হৃদয় ব্যবহার করুন’ (USE HEART TO CONNECT)। ২০২২ সালের থিম ছিল – প্রতিটি হৃদয়ের জন্য হৃদয় ব্যবহার করুন (Use Heart for Every Heart)। ২০২৩ সালের থিম ছিল – হৃদয়কে ব্যবহার করুন, হৃদয়কে জানুন’ (Use Heart, Know Heart)। ২০২৪ সালের থিম হল – কাজের জন্য হৃদয়কে ব্যবহার করুন (Use Heart for Action)।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান