প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সমস্ত দিবস পালিত হয়। পালনীয় সেই সমস্ত দিবসগুলোর মধ্যেই একটি হল বিশ্ব কচ্ছপ দিবস (World Turtle Day)।
প্রতি বছর ২৩ মে সারা বিশ্ব জুড়ে বিশ্ব কচ্ছপ দিবস পালিত হয়। এই বিশেষ দিনটি কচ্ছপ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনমানসে সচেতনতা বৃদ্ধি, কচ্ছপদের রক্ষা করার জন্য প্রচার এবং আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে কচ্ছপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে নানান কর্মসূচি পালনের মাধ্যমে উদযাপিত হয়। বিশ্ব কচ্ছপ দিবস আমাদের আরও একবার মনে করিয়ে দেয় আমাদের অবশ্যই এই প্রাচীন সামুদ্রিক প্রাণীটিকে এবং তাদের বাসস্থানগুলিকে আগামী প্রজন্মের জন্য রক্ষা করতে হবে।
প্রায় কুড়ি কোটি বছরের বেশি সময় ধরে কচ্ছপ এই পৃথিবীতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে যা তাদের গ্রহের প্রাচীনতম উভচর প্রাণীদের মধ্যে স্বতন্ত্র করে তুলেছে। তাদের অনন্য শারীরিক বৈশিষ্ট্য, যেমন তাদের প্রতিরক্ষামূলক খোলস এবং ধীর গতির জীবনধারা, তাদেরকে যুগে যুগে পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে এবং বেঁচে থাকতে সাহায্য করেছে।
পৃথিবীব্যাপী বিপন্ন কচ্ছপদের উদ্ধারের জন্য আমেরিকান কচ্ছপ উদ্ধার (American Turtle Rescue) নামক একটি সংস্থা ২০০০ সালের ২৩মে দিনটিকে বিশ্ব কচ্ছপ দিবস হিসাবে পালন করা হবে ঠিক করে। বাস্তুতন্ত্রে কচ্ছপদের ভূমিকা জানা সত্ত্বেও, কচ্ছপদের নানান বিপদের সম্মুখীন হতে হয় যা তাদের বেঁচে থাকাকে বিপন্ন করে। বাসস্থান ধ্বংস, দূষণ, জলবায়ু পরিবর্তন, অবৈধ বাণিজ্য এবং মাছ ধরার অভ্যাস বিশ্বব্যাপী কচ্ছপের সংখ্যার উপর প্রভাব ফেলে। উপরন্তু, কচ্ছপরা প্রায়ই অনিচ্ছাকৃতভাবে মাছ ধরার জালে ধরা পড়ে। এটি বাইক্যাচ নামে পরিচিত একটি ঘটনা, যা কচ্ছপের আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে।
প্রতি বছর এই দিনটিতে বিশ্বব্যাপী সংরক্ষণবাদী, প্রকৃতি প্রেমী এবং প্রাণী প্রেমীরা বিশ্ব কচ্ছপ দিবস উদযাপন করতে একত্রিত হন। কচ্ছপ সম্পর্কে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি, প্রকৃতির অন্যান্য জীবের পাশাপাশি এই জীবের প্রতি সম্মান দেখানো ও এর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্যই এই দিনটি পালন করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়ে থাকে। প্রত্যেক বছরই এই দিনটি বিশ্বজুড়ে একটি নির্দিষ্ট থিম বা প্রতিপাদ্যকে কেন্দ্র করে পালিত হয়। ২০১৯ ও ২০২০ সালের প্রতিপাদ্য ছিল – কচ্ছপদের দত্তক নাও কিন্তু এদের নিয়ে কেনাবেচা করো না (Adopt, Don’t Shop’)। ২০২১ সালের প্রতিপাদ্য ছিল – কচ্ছপ জিন্দাবাদ (Turtles Rock.)। ২০২২ সালের প্রতিপাদ্য ছিল – খোলস আছে এমন প্রাণী (যেমন কচ্ছপ) দের ভালবাসো (Shellebrate)। ২০২৩ সালের প্রতিপাদ্য – কচ্ছপ : সমুদ্রের অভিভাবক (Turtles: Guardians of the Oceans)। ২০২৪ সালের প্রতিপাদ্য ঘোষিত হয় নি।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় দিবসের ইতিকথা, লেখকঃ বিমান বসু, প্রকাশনাঃ জ্ঞান বিচিত্রা, পৃষ্ঠা ৪৫
- https://en.wikipedia.org/
- http://www.kalerkantho.com/
- https://nationaltoday.com/


আপনার মতামত জানান