প্রিন্স দ্বারকানাথ ঠাকুর (Dwarkanath Tagore) উনিশ শতকের বাংলার অন্যতম অগ্রণী ব্যবসায়ী ও শিল্পোদ্যোগী, যিনি সমাজসংস্কার ও শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বাংলায় আধুনিক ব্যবসা-বাণিজ্য ও শিল্পের বিকাশের ক্ষেত্রে তাঁকে অন্যতম প্রধান পথপ্রদর্শক বলে মনে করা হয়। তাঁর পথ ধরে বাঙালি শিল্পোদ্যোগী হয়ে উঠেছিল। উনিশ শতকে তিনি ব্রিটিশ বণিকদের সঙ্গে কখনও যৌথভাবে ও কখনও এককভাবে বিভিন্ন ব্যবসা পরিচালনা করতেন। তিনিই প্রথম হুগলী নদীর তীরে ইউরোপের মতো শিল্প গড়ে তোলার উদ্যোগ নেন। সেকালের ধর্মান্ধতাকে তুচ্ছ করে বিশ্ব দরবারে বাঙালির ব্যবসায়িক ভাবনাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি সুদূর বিলেতে পাড়ি দেন। বাংলায় আধুনিক ব্যাঙ্কিং ব্যবস্থার বিকাশ, সংবাদপত্রের উন্নতি সাধন, শিক্ষা-সংস্কৃতির বিকাশ ইত্যাদির সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন। দ্বারকানাথ ঠাকুরের আর্থিক সহযোগিতার ফলে বহু চিকিৎসক, লেখক, ব্যবসায়ী উপকৃত হয়েছিল। তবে পরবর্তী সময়ে সাধারণ মানুষের কাছে তাঁর পরিচয় অনেকটাই রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা হিসেবে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
১৭৯৪ সালে কলকাতায় দ্বারকানাথ ঠাকুরের জন্ম হয়। তাঁর বাবার নাম রামমণি ঠাকুর ও মায়ের নাম মেনকা দেবী। রামমণি ঠাকুরের নিঃসন্তান বড় দাদা রামলোচন ঠাকুর দ্বারকানাথকে দত্তক নেন। অলোকা সুন্দরী দেবী ছিলেন তাঁর দত্তক মা। ১৮১১ সালে ১৭ বছর বয়সে দ্বারকানাথের সঙ্গে ৯ বছরের দিগম্বরী দেবীর বিয়ে হয়। তাঁদের চারটি পুত্র ও একটি কন্যা সন্তান হলেও এক পুত্র শৈশবেই মারা যান। তাঁর অন্য তিনজন ছেলের নাম হল – দেবেন্দ্রনাথ ঠাকুর, গিরীন্দ্রনাথ ঠাকুর ও নগেন্দ্রনাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা। পরিবারের সঙ্গে দ্বারকানাথের সুসম্পর্ক ছিল না। অতিরিক্ত পাশ্চাত্য ঘেঁষা বিলাসিতার কারণে পরিবারের সদস্যেরা তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখতেন।
দ্বারকানাথ ঠাকুর মি. শেরবোর্নের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। তিনি ছিলেন সাহেবদের অন্যতম প্রিয় ছাত্র। পড়াশোনার পাশাপাশি সংগীতের প্রতিও তাঁর গভীর অনুরাগ ছিল। তিনি খুব সুন্দর পিয়ানো বাজাতে পারতেন। ১৮০৭ সালে রামলোচন ঠাকুরের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির দায়িত্ব তাঁর উপর আসে। ১৮১০ সালে ১৬ বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন। এরপর তিনি বিখ্যাত ব্যারিস্টার রবার্ট কাটলার ফার্গুসনের অধীনে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন এবং আইন ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতা অর্জন করেন।
এক নজরে দ্বারকানাথ ঠাকুরের জীবনী:
- জন্ম: ১৭৯৪
- মৃত্যু: ১ আগস্ট, ১৮৪৬
- কেন বিখ্যাত: আধুনিক ভারতীয় শিল্পের অগ্রদূত, যৌথ বাণিজ্যিক উদ্যোগ ও ব্যাঙ্কিং ব্যবস্থার জনক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসংস্কারক। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ।
- স্বীকৃতি: রাজসিক জীবনধারা, দূরদর্শী ব্যবসা ও অতুলনীয় দানশীলতার জন্য ব্রিটিশরা তাঁকে ‘প্রিন্স’ উপাধিতে ভূষিত করেছিল।
উত্তরাধিকার সূত্রে দ্বারকানাথ ঠাকুর বহরমপুর, উড়িষ্যার জমিদারিসহ কলকাতার বিপুল সম্পত্তি পান। এই অঞ্চলগুলি দেখাশোনার পাশাপাশি তিনি রানি কাত্যয়ানী, যশোহরের রাজা বরদাকান্ত রায়ের মতো বিখ্যাত জমিদারদের বিশ্বস্ত আইনি পরামর্শদাতা হিসাবে কাজ করতেন। সেই সময় অনেকগুলি জটিল মামলা সমাধান করার পর তাঁর সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি নিজের উপার্জিত অর্থ দিয়ে আরও সম্পত্তি কেনেন। তাঁর হাত ধরেই জোড়াসাঁকো ঠাকুর পরিবারের বৈভব ও প্রতিপত্তি আকাশ ছুঁয়েছিল।
১৮২৮ সালে প্রথম ভারতীয় হিসাবে দ্বারকানাথ ঠাকুর ব্যাঙ্কের পরিচালক পদে নিযুক্ত হন। ১৮২৯ সালে গড়ে ওঠা ‘ইউনিয়ন ব্যাঙ্ক’-এর অন্যতম প্রধান রূপকার ও পরিচালক ছিলেন। ১৮৩৪ সালে তিনি উইলিয়াম কার এবং উইলিয়াম প্রিন্সেপের মতো ব্রিটিশ ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে ‘কার, টেগর অ্যান্ড কোম্পানি’ (Carr, Tagore & Co.) স্থাপন করেন। দ্বারকানাথ এই কোম্পানির সাহায্যে পূর্ব বাংলায় তাঁর বিশাল জমিদারি অঞ্চল পরিচালনা করতেন। এর পাশাপাশি এই কোম্পানি পাটকল, কয়লা উত্তোলন, চা চাষ, নীল, রেশম, নুন, আফিম ব্যবসার সাথে যুক্ত ছিল। এছাড়া এই কোম্পানির সাথে জাহাজ ও নৌ-বাণিজ্যের সম্পর্ক ছিল। দ্বারকানাথ ঠাকুরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ‘বোর্ড অব কাস্টমস, সল্ট অ্যান্ড ওপিয়াম’-এর দেওয়ান নিযুক্ত করে।
দ্বারকানাথ ঠাকুর রানিগঞ্জের কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি কয়েকটি কয়লা খনিকে একত্রিত করে বেঙ্গল কোল কোম্পানি গঠন করেন। ভারতে বিশেষ করে অসমে বাণিজ্যিক চা চাষের বিকাশে তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি অসমের চা কলকাতায় এনে ইংল্যান্ডে রপ্তানি করতেন। এছাড়া তিনি ‘বেঙ্গল টি অ্যাসোসিয়েশন’ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। বাণিজ্যিক ভিত্তিতে চা উৎপাদন করা ও সরকারি চা বাগানগুলোর ব্যবস্থাপনা নিজেদের হাতে নেওয়ার জন্য এই সংগঠন তৈরি করা হয়েছিল।
দ্বারকানাথ ঠাকুর ১৮৩৮ সালে রাধাকান্ত দেব, প্রসন্নকুমার ঠাকুর প্রমুখের সঙ্গে জমিদারদের স্বার্থ সুরক্ষার জন্য জমিদার সভা (Zamindari Association) প্রতিষ্ঠা করেন। এটি ছিল তৎকালীন ভারতবর্ষের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন। দ্বারকানাথ নীলচাষ ও ইউরোপীয় নীলকরদের পক্ষে মত প্রকাশ করেছিলেন এবং নীলচাষকে কৃষি ও জমিদারি অর্থনীতির পক্ষে উপকারী বলে মনে করতেন। তিনি নিজেও নীল ব্যবসায় বিনিয়োগ করেন।
উনিশ শতকে ভারতে ব্রিটিশদের প্রবল প্রতাপের মধ্যেও দ্বারকানাথ ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। জমিদার হিসাবে দ্বারকানাথ ঠাকুর ছিলেন সুদক্ষ। কৃষকদের প্রতিবাদের মুখেও তিনি বিচক্ষণতার সাথে নিজের জমিদারি সামলে ছিলেন। শাহাজাদপুর ও বিরাহিমপুরে জমিদারির কাজকর্মের জন্য তিনি ইউরোপীয় ম্যানেজার নিয়োগ করেন। দোর্দন্ডপ্রতাপ জমিদার হওয়ার পাশাপাশি তিনি ছিলেন উদার প্রকৃতির মানুষ। বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি বহু ছাত্রকে আর্থিক সাহায্য করতেন। ব্যক্তিগতভাবে এবং ব্যাঙ্কের মাধ্যমে তিনি ব্যবসায়ীদের ঋণ দিতেন। দ্বারকানাথ তাঁর শিক্ষক মি. শেরবোর্নকে আজীবন পেনশন দেওয়ার ব্যবস্থা করেন।
কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাশিক্ষার প্রসারে দ্বারকানাথ ঠাকুর আর্থিক সহায়তা করেন। ভারতে সংবাদমাধ্যমের সাহায্যে স্বাধীন ও আধুনিক মত প্রকাশের জন্য তিনি সংবাদপত্রগুলোকে আর্থিকভাবে সাহায্য করতেন। তাঁর অকাতর অর্থ সাহায্য ছাড়া সেই সময়ে ইংরেজি সাপ্তাহিক ‘বেঙ্গল হেরল্ড’ এবং বাংলা সাপ্তাহিক ‘বঙ্গদূত’ নিয়মিত প্রকাশ করা সম্ভব ছিল না। এছাড়া ‘বেঙ্গল হরকরা’, ‘ইন্ডিয়া গেজেট’, ‘ইংলিশম্যান’ প্রভৃতি সংবাদপত্র পরিচালনায় তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ।
দ্বারকানাথ ঠাকুরের বেলগাছিয়া ভিলা প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনকেন্দ্রে পরিণত হয়েছিল। এখানে সেই সময় বহু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হত। তৎকালীন সাহেবদের কাছে এটি ছিল একটি ‘পারফেক্ট প্যারাডাইস’। এই ভিলাটি বহু অমূল্য শিল্পকর্ম, ছবি ও ভাস্কর্য দ্বারা সজ্জিত থাকত। এখানে দ্বারকানাথের অতিথি হিসাবে উপস্থিত হতেন কাউন্সিলের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারক, সামরিক কর্মকর্তা, জমিদার, বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীরা। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর এই বেলগাছিয়া ভিলা বিক্রি করে দেন।
ব্যবসা ছাড়াও দ্বারকানাথ ঠাকুর ছিলেন একজন শিল্পরসিক ব্যক্তি। রঙ্গালয়ের উন্নতির জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করতেন। ব্যবসায়ী দ্বারকানাথ ঠাকুর ও প্রগতিশীল চিন্তাভাবনার রামমোহন রায় ছিলেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। রামমোহন রায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দ্বারকানাথ সতীদাহ প্রথা ও রক্ষণশীল সমাজের কুসংস্কারের বিরোধিতা করে জনমত গড়ে তোলেন। এছাড়া তিনি নারী শিক্ষার প্রসারের জন্যও প্রচার করতেন। রামমোহনের ব্রাহ্মধর্ম তথা একেশ্বরবাদী দর্শনের প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল ছিলেন।
১৮৪২ সালে দ্বারকানাথ ঠাকুর তাঁর নিজস্ব জাহাজ ‘দি ইন্ডিয়া’য় করে প্রথম বার বিলেতে যান। লন্ডনে থাকাকালীন তিনি রানি ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টের সঙ্গে একাধিক বার সাক্ষাৎ করেন। ব্রিটিশ রাজপরিবারে তিনি একজন বন্ধুর মতো সমাদর পেতেন। লন্ডনে রানির সঙ্গে সাক্ষাতের পর তিনি ইংল্যান্ডের অভিজাত সমাজেও বিশেষ মর্যাদা লাভ করেন। দ্বারকানাথ ঠাকুরের রাজসিক ও জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার জন্য ব্রিটিশরা তাঁকে ‘প্রিন্স’ উপাধি দেয়। বিদেশে থাকলেও তিনি দেশ সম্পর্কে সচেতন ছিলেন। ব্রিটিশ সংসদে ভারতীয়দের প্রবেশাধিকার নিয়ে তিনি উইলিয়াম এওয়ার্ট গ্ল্যাডস্টোনের সঙ্গে আলোচনা করতেন। দ্বারকানাথ দাসপ্রথা-বিরোধী আন্দোলনকারী জর্জ টম্পসনের (George Thompson) সাথেও সাক্ষাৎ করেছিলেন। তিনি নিজের সঙ্গে টম্পসনকে এদেশে নিয়ে আসেন। কলকাতায় আসার পর জর্জ টম্পসনের পরামর্শ ও দ্বারকানাথ ঠাকুরের প্রত্যক্ষ সহযোগিতায় ১৮৪৩ সালে ২০ এপ্রিল বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের মূল লক্ষ ছিল ব্রিটিশ ভারতে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে ভারতীয়দের অধিকার ও স্বার্থরক্ষা করা।
১৮৪৫ সালে দ্বারকানাথ ঠাকুর দ্বিতীয়বার ইংল্যান্ডে যান। এই সময় শল্য চিকিৎসা শেখার জন্য ডাক্তার এইচ. এইচ. গুডিভ (Dr. H.H. Goodeve)-এর তত্ত্বাবধানে মেডিক্যাল কলেজের চারজন বাঙালি শিক্ষানবিশ ছাত্রও তাঁর সাথে ইংল্যান্ডে গিয়েছিলেন। ভোলানাথ বসু, গোপালচন্দ্র শীল, দ্বারকানাথ বসু এবং সূর্যকুমার চক্রবর্তী নামক ওই চারজন ছাত্রের মধ্যে তিনজন ছাত্রের খরচ দ্বারকানাথ ঠাকুর নিজে বহন করেন। সূর্যকুমার চক্রবর্তীর খরচ সরকার ও অন্যান্য শুভানুধ্যায়ীরা প্রদান করেছিল। ইংল্যান্ডের শল্য চিকিৎসার পরীক্ষায় তাঁরা প্রত্যেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীকালে তাঁরা সমগ্র ভারতে বিলেত ফেরত আধুনিক চিকিৎসক হিসাবে বিশেষ সম্মান লাভ করেন।
কিন্তু জীবনের শেষদিকে দ্বারকানাথ ঠাকুরের বিপুল ব্যবসায়িক সাম্রাজ্য আর্থিক সংকটে পড়তে শুরু করে। ১৮৪০-এর দশকের গোড়ার দিকের ব্যবসায়িক মন্দা এবং তাঁর ক্রমবর্ধমান ব্যয়বহুল জীবনযাপনের ফলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তাঁর ঋণের পরিমাণ বাড়তে থাকে। তাঁর মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয় এবং তাঁর পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুরকে পারিবারিক ঋণের দায়িত্ব নিতে হয়। ১৮৪৭ সালের মার্চে তাঁর প্রতিষ্ঠিত কার, টেগর অ্যান্ড কোম্পানি-র ব্যবসা কার্যত ভেঙে পড়ে। দেবেন্দ্রনাথের আত্মজীবনীতে উল্লেখ আছে, একটি ৩০,০০০ টাকার বিল পরিশোধ করতে না পারার পর সংস্থার ঋণদাতারা একত্রিত হন এবং প্রতিষ্ঠানের দপ্তরের দরজা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে ইউনিয়ন ব্যাঙ্ক ১৮৪৮ সালে বন্ধ হয়ে যায়।
প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাবমূর্তি গড়ে উঠেছিল একজন উড়নচণ্ডী, অপব্যয়ী ও ভোগবিলাসী মানুষ হিসাবে। দেবেন্দ্রনাথ ঠাকুর এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁকে সেভাবে স্মরণ করেননি। রবীন্দ্রনাথ অন্তত চারবার লন্ডনে গেলেও কখনই ঠাকুরদার সমাধি পরিদর্শন করেননি।
১৮৪৬ সালের ১ আগস্ট সন্ধ্যায় লন্ডনে দ্বারকানাথ ঠাকুরের মৃত্যু হয়। তাঁর মৃতদেহ সসম্মানে লন্ডনের কেনসাল গ্রিন সেমেটারিতে সমাধিস্থ করা আছে।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান