সববাংলায়

অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান

অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (Atish Dipankara Srijnana) একজন প্রাচীন বাঙালি পন্ডিত, দার্শনিক, বৌদ্ধ ভিক্ষুক এবং বৌদ্ধ ধর্মপ্রচারক। তিনি বৌদ্ধধর্মের ইতিহাসে তিব্বতে “দ্বিতীয় বিস্তার”-এর (Second Diffusion of Buddhism in Tibet) অন্যতম শ্রেষ্ঠ রূপকার হিসেবে স্বীকৃত। বৌদ্ধ ধর্মের তিনটি শাখায় তিনি পূর্ণ জ্ঞান অর্জন করেন এবং তিব্বতে বৌদ্ধধর্ম পুনরুদ্ধার করে তিনি সেখানে সম্মানের সাথে প্রতিষ্ঠিত হন। জ্ঞান বুদ্ধি ও প্রজ্ঞার কারণে তিনি বৌদ্ধধর্মালম্বীদের কাছে গৌতম বুদ্ধের পরেই স্থান পেয়েছেন।

অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্ম অধুনা বাংলাদেশের বিক্রমপুরে ৯৮২ সালে। তাঁর বাবার নাম কল্যাণশ্রী এবং মায়ের নাম প্রভাবতী দেবী। কল্যাণশ্রী ছিলেন বিক্রমপুরের রাজা। কল্যাণশ্রীর বাবা ছিলেন চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্র।  কল্যাণশ্রী ও প্রভাবতী দেবীর  তিন ছেলের মধ্যে দীপঙ্কর ছিলেন মধ্যম সন্তান।  ছোটবেলায় অতীশ দীপঙ্করের নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। বাকি দুই ভাইয়ের নাম ছিল পদ্মগর্ভ এবং শ্রীগর্ভ। কিছু ঐতিহাসিকের মতে তাঁর নাম দীপঙ্করশ্রী জ্ঞান অতীশ।

দীপঙ্করের প্রাথমিক শিক্ষা শুরু হয় মায়ের কাছে এবং খুব অল্প বয়সে সংস্কৃত শিক্ষা লাভ করেন। ছোটবেলা থেকেই তাঁর বিদ্যাশিক্ষার প্রতি প্রগাঢ় আর্কষণ লক্ষ করা যায়। অসম্ভব মেধাবী ছিলেন তিনি । মাত্র দশ বছর বয়সেই তিনি বৌদ্ধ অবৌদ্ধ শাস্ত্রের মধ্যে পার্থক্য করতে সক্ষম হন। তাঁর বাবা কল্যাণশ্রী তাকে তন্ত্রশিক্ষা দান করেন। তাঁর প্রতিভা দেখে মহাবৈয়াকরণিক বৌদ্ধ পন্ডিত জেত্রি তাঁকে পরামর্শ দেন বিহারে নালন্দায় শাস্ত্র শিক্ষা অর্জন করার জন্য।

কিশোর বয়সেই তিনি সন্ন্যাস গ্রহণ করে  নালন্দা মহাবিহারে বিদ্যাশিক্ষা অর্জন করতে যান।  সেইসময়ে নালন্দা ছিল সারা পৃথিবীর মধ্যে শাস্ত্র শিক্ষা অর্জনের জন্য বিখ্যাত স্থান। এখানে আচার্য বোধিভদ্রের কাছে তিনি শ্রমণরূপে দীক্ষা লাভ করেন। আচার্য বোধিভদ্রের গুরুদেব অবধূতির কাছে বৈষ্ণব, শৈবধর্ম, বৌদ্ধ ও অবৌদ্ধ ধর্মের সমস্ত শাখায় শিক্ষা লাভ করেন তিনি।  শিক্ষাশেষে তিনি ‘শ্রীজ্ঞান’ উপাধি লাভ করেন।

নালন্দায় শিক্ষা অর্জনের পরে তিনি বিক্রমশীলা মহাবিহারে নাঙপাদের কাছে বৌদ্ধতন্ত্রশিক্ষা লাভ করেন। এরপরে ২১ বছর বয়সে ওদন্তপুরী মহাবিহারে আচার্য শীলরক্ষিতের কাছে উপাসম্পদা দীক্ষা লাভ করেন । এরপরে আরও জ্ঞানার্জনের জন্য আরও পশ্চিমে গমন করেন দীপঙ্কর এবং  ধর্মীয় পন্ডিত রাহুল গুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম নিয়ে জ্ঞান অর্জন করে ‘গুহ্যজ্ঞানবজ্র’ উপাধি লাভ করেন। ভারতে শিক্ষা  শেষ হলে দীপঙ্কর আরও গভীর জ্ঞান অর্জনের জন্য পাড়ি দেন সুবর্ণদ্বীপে, বর্তমানে যা ইন্দোদেশিয়ার সুমাত্রা দ্বীপ নামে পরিচিত। এখানে আচার্য ধর্মপালের কাছে বারো বছর বৌদ্ধ দর্শন নিয়ে জ্ঞান অর্জন করেন।

বারো বছর সুবর্ণদ্বীপে অধ্যয়ন করার পরে তিনি দেশে ফিরে আসেন বিহারের  ভাগলপুরের বিক্রমশীলা বিহারের আচার্য হিসেবে। তখন বাংলায় রাজত্ব ছিল পাল বংশীয় রাজা নয়াপালের। তিনি দীপঙ্করকে অত্যন্ত সম্মানের সঙ্গে বিক্রমশীলা বিহারে আচার্য নিযুক্ত করেন। প্রায় পনেরো বছর বিক্রমশীলা বিহারে অধ্যাপনা করার পর তিনি সোমপুরী ও ওদন্তবিহারেও অধ্যাপনা করেন।  তিব্বতের গুজ বংশের দ্বিতীয় রাজা ইয়েশে ওদ (Yeshe Ö) বৌদ্ধধর্মকে পুনরুদ্ধার করার জন্য  দীপঙ্করকে তিব্বতে আসার আমন্ত্রণ জানালে দীপঙ্কর সেই আমন্ত্রণ বিনীতভাবে প্রত্যাখ্যান করেন। কিন্তু কারাখানী খানাতের শাসকের হাতে বন্দি হয়ে মুক্তিপণের বদলে দীপঙ্করকে ভারতে নিয়ে আসার শেষ অনুরোধ করেন ইয়েশে ওদ তাঁর নিজের পুত্রের কাছে। সেই অনুরোধ নিয়ে দীপঙ্করের কাছে ইয়েশে ওদের পুত্র জাংচুব ওদ (Jangchub Ö) পৌঁছালে তিনি তিব্বতে যেতে রাজী হন। তখন তাঁর বয়স ষাট বছর।

তিনি  বিক্রমশীলা বিহারের সমস্ত দায়িত্ব ছেড়ে প্রথমে বুদ্ধগয়া পৌঁছান। সেখান থেকে চম্পারণ রক্সৌল হয়ে নেপাল হয়ে তিব্বতে পৌঁছান। নেপালে কিছুদিন অবস্থান করে যান সেখানকার রাজার একান্ত অনুরোধে। নেপালে থাকাকালীন তিনি থাম অঞ্চলে একটি বৌদ্ধবিহার নির্মাণ করেন। নেপাল থেকে মানস সরোবর হয়ে  তিব্বতে গিয়ে পৌঁছান। সেখানে  তিনি বৌদ্ধধর্ম পুনরুদ্ধারের কাজ শুরু করেন। তিব্বতে সেই সময়ে বৌদ্ধ অনুরাগীর সংখ্যা ক্রমশ নিম্নগামী হচ্ছিল। দীপঙ্কর তিব্বতের দুর্গম প্রান্তে ভ্রমণ করে বৌদ্ধধর্মের সংস্কার  করেন। তিব্বতী বৌদ্ধধর্মকে তান্ত্রিক তন্ত্র থেকে মুক্ত করে শুদ্ধ  মহাযান পন্থায় ফিরিয়ে আনার চেষ্টা করেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান । তিব্বতী ধর্ম রাজনীতিতে অতীশ দীপঙ্করের প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিব্বতে অতীশ দীপঙ্করকে “জো-ও” বা “দীপোঙ্কর যোশে” নামে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর শিষ্য দ্রোম্তোন পা (Dromtönpa) পরবর্তীকালে কাদমপা (Kadampa) সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হন, যা তিব্বতি বৌদ্ধধর্মে এক নতুন যুগের সূচনা করে।

অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন এক মহান দার্শনিক। তাঁর জীবনের মুলমন্ত্র ছিল মানুষের কল্যাণ ও মুক্তিসাধন। সেই লক্ষ্যে তিনি রাজ পরিবার থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা তাঁকে পীড়া দিত। তিনি যথাসাধ্য তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তিনি চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিলেন। যখনই মানুষের রোগ, মহামারীর খবর পেয়েছেন  তিনি তাঁদের চিকিৎসা করেছেন । আবার যেখানে বাঁধ নির্মাণ করার প্রয়োজন হয়েছে সেখানে সকলকে একত্রিত করে বাঁধ নির্মাণ করেছেন।

সারাজীবনে তিনি অসংখ্য বই রচনা ও সংকলিত করেছেন। অনুবাদের কাজও করেছেন। পালি ও সংস্কৃত ভাষার বই তিব্বতী ভাষায় অনুবাদ করেন। তিব্বতী ভাষায় অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান চিকিৎসাশাস্ত্র, ধর্ম সহ বহু বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছিলেন। দীপঙ্করের রচনাগুলির মধ্যে অন্যতম হল ‘বোধিপদপ্রদীপ’। থোলিং মহাবিহারে অবস্থান করার সময়ে তিনি এই গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে তিনি গৌতম  বুদ্ধের সমগ্র বাণীগুলিকে একত্রিত করার চেষ্টা করেছেন।  বিবরণ দিয়েছেন বৌদ্ধ ধর্মের আচার, নিয়ম ও ধ্যান করার সঠিক ধাপগুলির। বুদ্ধের বাণীগুলি সঠিক পদ্ধতিতে মেনে চলার নির্দেশিকা ছিল এই ‘বোধিপদপ্রদীপ’। এই ছোট অথচ গভীর গ্রন্থে তিনি বৌদ্ধধর্মের সমগ্র পথ – শীল, সমাধি ও প্রজ্ঞার ধাপগুলি সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন। তিব্বতি বৌদ্ধধর্মে এই গ্রন্থের গুরুত্ব আজও অপরিসীম। হাজার বছর আগে রচিত এই গ্রন্থ আজও দলাই লামা অনুসরণ করে চলেছেন। প্রাচীন ভারতে এই গ্রন্থ দীপঙ্করের শিষ্যদের দ্বারা প্রচারিত হয়ে ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মধ্যে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বৌদ্ধ তন্ত্র দর্শন থেকে বুদ্ধের অনন্ত মুক্তিলাভের পথ মহাযানের দর্শন ছড়িয়ে পড়েছিল। এতে বৌদ্ধ ধর্ম তন্ত্রের কলুষ  থেকে মুক্ত হয়ে শুদ্ধতা লাভ করেছিল। দীপঙ্করের লেখা ‘চর্যাসংগ্রহপ্রদীপ’-এ রয়েছে কিছু কীর্তনের সংগ্রহ। এগুলি ছাড়াও  ‘সত্যদ্বয়বতার’, ‘শরণাগতদেশ’, ‘কর্মবিভঙ্গ’, ‘বিমলরত্নলেখনা’, ‘হৃদয়নিশ্চিন্ত’, ‘বোধিস্বত্ত্বনামবলি’, ‘সংগ্রহগর্ভ’, ‘গুহ্যক্রিয়াকর্ম’, ‘মহাযানপদসাধনসংগ্রহীতা’,  ‘প্রজ্ঞাপারমিতাপিন্ডার্থপ্রদীপ’ ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ।

রাজকুমার  চন্দ্রগর্ভ থেকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হয়ে  ওঠার সময়ে তিনি অর্জন করেছেন বহু সম্মাননা। তিনি বৌদ্ধ ধর্মের তিনটি শাখা মহাযান, হীনযান ও বজ্রযান শাখায় জ্ঞান অর্জন করে ‘শ্রীজ্ঞান’ উপাধি লাভ করেন। বৌদ্ধ দর্শনে অসাধারণ পান্ডিত্যের জন্য ‘গুহ্য জ্ঞান বজ্র’ উপাধি লাভ করেন। গৌতম বুদ্ধের পরে এই প্রথম কোন বৌদ্ধ ভিক্ষুক বৌদ্ধধর্মকে পুঃনস্থাপনে নিজের জীবন অতিবাহিত করেছিলেন। সেই কারণেই দীপঙ্করকে ‘দ্বিতীয় বুদ্ধ’ ও বলা হয়ে থাকে।

১০৫৪ সালে অত্যধিক পরিশ্রমে তিব্বতের নিয়েতাং এর লেথান গ্রামে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের মৃত্যু হয়। নিয়েতাং মনাস্ট্রিতে আজও তাঁর সমাধি বর্তমান।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading