ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের কাছে বছরের শ্রেষ্ঠ কয়েকটি রাতের মধ্যে একটি হল লাইলাতুল জায়েজা বা পুরস্কারের রাত। আরবী ভাষায় লাইলাতুল শব্দের অর্থ রাত এবং লাইলাতুল জায়েজা শব্দটির অর্থ হল পুরস্কারের রাত। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী এই রাতে আল্লাহর কাছে কোনও দোয়া করলে তা মঞ্জুর হয়।
২০২৬ সালের লাইলাতুল জায়েজা কবে?
- বাংলা তারিখ: ৫ চৈত্র, ১৪৩২
- ইংরাজি তারিখ: ২০ মার্চ, ২০২৬
ঈদের আগের যে রাত তাকে লাইলাতুল জায়েজা বলা হয়। সারা রমজান মাসে নিষ্ঠার সাথে রোজা রাখার পর শাওয়াল মাসের শুরুতে মুসলমানেরা ঈদুল ফিতর দিনটি আনন্দের সাথে পালন করে। এই ঈদের আগের রাতটিকে ইসলামী পরিভাষায় লাইলাতুল জায়েজা বলা হয়। একইভাবে ইদুজ্জোহার আগের রাতটিকেও অনেক সময় লাইলাতুল জায়েজা ধরা হয়। তবে ঈদুল ফিতরের আগের রাতটিই মূলত লাইলাতুল জায়েজা হিসাবে মানা হয়।
যখন মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনাতে এসেছিলেন, তিনি দেখেছিলেন সেখানকার মানুষজন দুটি বিশেষ দিনকে খুব আনন্দ আর উৎসবের মধ্যে দিয়ে পালন করে। তিনি মুসলমানদের সেই উৎসব দুটি পালন করতে মানা করেন এবং বলেন যে মহান আল্লাহ ওই উৎসবের বিনিময়ে পবিত্র দুটি দিন দান করেছেন। সেই বিশেষ দুটি দিন হল ঈদুল ফিতর এবং ইদুজ্জোহা। এই দুই ঈদের আগের রাতই হল লাইলাতুল জায়েজা, যা অত্যন্ত পবিত্র। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী লাইলাতুল জায়েজা হল সেই পাঁচটি রাতের মধ্যে একটি যখন আল্লাহর কাছে মুসলিমদের সকল দোয়া কবুল হয়। তাই এই রাত মুসলমানরা আল্লাহর কাছে প্রার্থনা করে কাটায়। রাত পেরিয়ে যখন ঈদের ভোর হয়, তখন আল্লাহর ফেরেশতারা পৃথিবীতে আসে।
মুসলিমদের বিশ্বাস অনুযায়ী রমজানের রোজা যে ব্যক্তি নিষ্ঠার সাথে পালন করে, রমজান তাঁকে পবিত্রতা দান করে। আর এই রাতে আল্লাহর দরবারে প্রার্থনা তাঁকে আল্লাহর ক্ষমা ও আশীর্বাদ পেতে সাহায্য করে। বলা হয় নবী মুহাম্মদ (সা.) এই বিশেষ রাতে ঘুমোতেন না। তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করতেন। বর্তমানেও মুসলমানরা এই রাত প্রার্থনা করে কাটায়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান