সববাংলায়

ইসলামের পাঁচ স্তম্ভ

পবিত্র কোরানে সুরা আল ইমরানের ১৯ আয়াতে বর্ণিত আছে ‘‘আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম।’’ এই ইসলামের পাঁচ স্তম্ভ বা ভিত্তি রয়েছে। সহীহ বুখারীর ৮ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে ইসলামের পাঁচ স্তম্ভ হচ্ছে: কালেমা শাহাদত, নামাজ বা সালাত আদায়, রোজা, হজ ও জাকাত। এই পাঁচ স্তম্ভের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল।

প্রথম স্তম্ভ – কালেমা শাহাদাত

ইসলামের পাঁচ স্তম্ভের প্রথম স্তম্ভ হচ্ছে কালেমা শাহাদাত। যার অর্থ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ও সাক্ষ্য দেওয়া। কালেমা অর্থ শব্দ বা বাণী এবং শাহাদাত অর্থ সাক্ষ্য দেওয়া। কালেমা শাহাদাতের অর্থ সাক্ষ্য বাণী। কালেমা শাহাদতে এই ঘোষণা করা হয় – আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান’ আবদুহু ওয়া রাসূলুহু।

এর বাংলা অর্থ হচ্ছে- “আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন মাবুদ বা আরাধ্য নাই, তিনি এক ও অদ্বিতীয়, তাঁর কোন শরীক বা অংশীদার নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার অতি প্রিয় খাস বান্দা ও তাঁর প্রেরিত রাসুল।”

এই কালেমা শাহাদাত শুধু মুখে বললেই হবে না, সেই সঙ্গে অন্তরে বিশ্বাসও রাখতে হবে। মুসলিম ভাষায় এই বিশ্বাসকেই বলা হয় ঈমান। এ বিষয়ে সহীহ বুখারীর ৫০ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহর পক্ষ থেকে হজরত জিবরাইল (আ.) একবার ছদ্মবেশে এসে রাসুলুল্লাহ (সা.)কে জিজ্ঞাসা করলেন, “ঈমান কাকে বলে?” জবাবে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “ঈমান হচ্ছে আপনি বিশ্বাস স্থাপন করবেন আল্লাহ তায়ালার প্রতি। তাঁর ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি, আল্লাহর নবী-রাসুলদের প্রতি, কেয়ামত দিবসের প্রতি এবং তকদিরের ভালো ও মন্দের প্রতি। এই হলো ঈমান।”

দ্বিতীয় স্তম্ভ – নামাজ

ইসলামের পাঁচ স্তম্ভের দ্বিতীয়টি হল নামাজ বা সালাত। যার অর্থ হচ্ছে প্রার্থনা। নামাজ হচ্ছে ইসলাম ধর্মের প্রধান ইবাদত বা উপাসনাকর্ম। মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরানে বিরাশি বার নামাজ আদায়ের বিষয়টি উল্লেখ আছে। প্রত্যেক মুসলিমের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ বা আবশ্যক। পাঁচ ওয়াক্ত নামাজগুলি হচ্ছে যথাক্রমে ফজর, যোহর, আসর, মাগরীব ও এশার নামাজ। আল্লাহ তায়ালা পবিত্র কোরানে উল্লেখ করেছেন, একজন মুসলিমকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। যদি সে অসুস্থ থাকে, তাহলে তাকে বসে নামাজ পড়তে হবে। যদি সে দাঁড়াতে বা বসতে অক্ষম থাকে, তাহলে তাঁকে শুয়েই নামাজ আদায় করতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না। ঘরে বাইরে, দেশে-বিদেশে যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন, একজন মুসলিমকে যেভাবেই সম্ভব নামাজ আদায় করতেই হবে। পবিত্র কোরানের সুরা নিসার আয়াত নম্বর ১০৩ এ নির্ধারিত সময়ের মধ্যে সব নামাজ আদায় করতে বলা হয়েছে। সুরা মুদ্দাসিরের আয়াত নম্বর ৪২ ও ৪৩ এ উল্লেখ আছে, যারা নামাজ আদায় করবে না তাঁরা দোযখে (নরকে) যাবে। ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ (মহাপাপ)।

তৃতীয় স্তম্ভ – রোজা

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি হল রোজা । রোজা অর্থ উপবাস। একে সিয়াম সাধনাও বলা হয়। রমজান মাসের পুরো মাস জুড়ে সুবহে সাদেক অর্থাৎ ভোর থেকে সূর্যাস্ত বা সন্ধ্যা পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে পাপ কাজ করা থেকে বিরত ও যাবতীয় ভোগ বিলাস থেকে সংযত থাকাকে রোজা বলে। ইসলামের বিধান অনুযায়ী, প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য রমজান মাসের প্রতিটি রোজা রাখা ফরজ অর্থাৎ আবশ্যক। রোজার গুরুত্ব সম্পর্কে সুরা বাকারার আয়াত নম্বর ১৮৫ তে বর্ণীত আছে, আল্লাহ তায়ালা বলেছেন,মুসলমানদের মধ্যে যে ব্যক্তি জীবদ্দশায় রমজান মাস পাবে, সে যেন অবশ্যই ৩০টি রোজা রাখে। যদি কেউ অসুস্থ থাকে বা দূরের সফরে থাকে, তাহলে অন্য সময় সে রোজাগুলি রেখে নির্দিষ্ট সংখ্যা পূরণ করবে।

সুনানে তিরমিজি, হাদিস নম্বর ৬৮২ তে বলা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) রমজান মাসের ব্যখ্যা দিয়ে বলেছেন, “রমজান মাসের প্রথম রাতেই শয়তান ও দু্ষ্টু জিনদের বন্দি করে ফেলা হয়। জাহান্নামের দরজাগুলোও তখন বন্ধ করে দেওয়া হয় এবং এর একটি দরজাও তখন খোলা হয় না। সেই সাথে জান্নাতের দরজাগুলোও খুলে দেওয়া হয়। এবং এর একটি দরজাও বন্ধ করা হয় না। এছাড়াও বহু মুসলিমদের, যারা এই মাসে রোজা রাখে তাদের পূর্বে র পাপ ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া হয়।”

জামে তিরমিজি ৭২৩ নম্বর হাদিসে বলা হয়েছে, “কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় ইচ্ছাকৃতভাবে ৩০টি রোজার একটি রোজাও বাদ রাখে, তাহলে সে আজীবন রোজা রাখলেও সেই এক রোজার ক্ষতিপূরণ হবে না”।

চতুর্থ স্তম্ভ – জাকাত

ইসলামের পাঁচ স্তম্ভের একটি হল জাকাত। এর অর্থ হলো ‘যা পরিশুদ্ধ করে’। পবিত্র কোরানে নামাজের পরে জাকাত শব্দটি বেশি উল্লেখ করা হয়েছে। ইসলামী শরিয়ত অনুযায়ী মুসলিমদের সম্পদ ও আয়ের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। প্রত্যেক নর-নারীকে প্রতি বছর নিজের আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ গরীবদের মাঝে বিতরণ করতে হবে, যদি সেটি ইসলামী শরিয়তের নির্ধারিত সীমা অতিক্রম করে থাকে।

এ বিষয়ে পবিত্র কোরানের সুরা তাওবা’র ৩৪ থেকে ৩৫ আয়াত-এ উল্লেখ আছে, যারা সোনা ও রুপা জমা রাখে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ গরীবদের মাঝে বিতরণ করে না, তারা জাহান্নামে কঠিন শাস্তি পাবে। এইসব সোনা ও রূপা আগুনে গরম করে কপালে ও পিঠে সেঁক দেয়া হবে। তাই প্রত্যেক মুসলিমদের সময়মতো জাকাত দেয়া উচিত।

পঞ্চম স্তম্ভ – হজ

ইসলামের পাঁচ স্তম্ভের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। হজ্ব শব্দের অর্থ ‘ইচ্ছা করা’। মুসলিমদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা হচ্ছে হজ। একে হজ্জ বা হজ্ব বলেও সম্বোধন করা হয়। নির্দিষ্ট সময়ে, নির্ধারিত শর্ত নিয়মনীতি মেনে ইবাদত করার উদ্দেশ্যে মক্কা গমনের ইচ্ছাকে বলা হয় হজ। হজের নির্ধারিত সময় হচ্ছে জিলহজ্জ্ব মাসের ৮ থেকে ১২ তারিখ। পবিত্র কোরানে আছে, প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলিম নারী ও পুরুষের জীবনে একবার হজ করা ফরজ। সেই সাথে মক্কায় গিয়ে হজ সম্পন্ন করার সামর্থ্যও থাকতে হবে।

হজ ফরজ হওয়ার জন্য রয়েছে পাঁচটি শর্ত। প্রথমত অবশ্যই মুসলিম হতে হবে। দ্বিতীয়ত বিবেকবান ব্যক্তি অর্থাৎ পাগল না হওয়া। তৃতীয়ত প্রাপ্ত বয়স্ক হতে হবে। চতুর্থত কারো গোলাম বা দাস না হওয়া ব্যক্তি এবং পঞ্চম দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান ব্যক্তি। ইবনে ওমর (রা.) হতে বর্ণিত ইবনে হিববান’এ হাদিস নম্বর ৬৭১৮ তে বলা হয়েছে, ইতিপূর্বে কাবা শরীফ দু’বার ধবংস হয়েছে। ‍তৃতীয় বার ধ্বংস করা হলে এটি উঠিয়ে নেওয়া হবে। আর তাই একসময় এই কাবা শরীফ উঠিয়ে নেয়া হলে মানুষ হজ পালন করতে পারবে না। তাই সামর্থ থাকতে থাকতে,

ইসলামের বিধান অনুযায়ী প্রত্যেক মুসলমানদের অবশ্যই এই পাঁচটি বিষয়ে বিশ্বাস রাখতে হবে। সেই সঙ্গে যথাযথভাবে এই পাঁচ স্তম্ভ পালন করতে হবে। অন্যথায় আল্লাহ তায়ালার দরবারে সে মুসলিম হিসেবে গণ্য হবে না।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত; হাদিস গ্রন্থ ; বুখারী শরীফ; পৃষ্ঠা-১৫, হাদিস ৮, অধ্যায় : ঈমান; পৃষ্ঠা-৩৮, হাদিস ৪৮, অধ্যায় : ঈমান
  2. ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত; হাদিস গ্রন্থ ; তিরমিজি শরীফ;(পৃষ্ঠা-৯৫, হাদিস ৬৮২, অধ্যায় : রোজা; পৃষ্ঠা-১২৩, হাদিস ৭২৩, অধ্যায় : রোজা
  3. https://www.alkawsar.com/
  4. https://www.shomoyeralo.com/
  5. https://www.jagonews24.com/
  6. https://eisamay.com/
  7. https://islamhouse.com/
  8. https://www.prothomalo.com/

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading