সববাংলায়

১৫ অক্টোবর | বিশ্ব হাতধোয়া দিবস

প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশে কিছু দিবস পালিত হয়। ওই নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সমস্ত দিবস পালিত হয়। পালনীয় সেই সমস্ত দিবস গুলির মধ্যে একটি হল বিশ্ব হাতধোয়া দিবস (Global Handwashing Day)।

প্রতি বছর ১৫ অক্টোবর সারা বিশ্বজুড়ে বিশ্ব হাতধোয়া দিবস পালন করা হয়। এই দিনটি পালন করার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে হাত ধোয়ার উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। সারা দিনে নানান সময় সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়। হাত ধোয়া মানুষকে পরিষ্কার এবং সুস্থ থাকতে সাহায্য করে। ২০০৮ সালে গ্লোবাল হ্যান্ড ওয়াশিং পার্টনারশিপ (Global Handwashing Partnership, GHP) আগস্ট মাসে বিশ্ব জল সপ্তাহে (World Water Week) সুইডেনের স্টকহোমে এই দিনটি পালন করার অঙ্গীকার নেয়। তারপর থেকে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে।

গ্লোবাল হ্যান্ড ওয়াশিং পার্টনারশিপ ছাড়াও এই দিনটি পালন করার জন্য এগিয়ে এসেছিল আরো কিছু সংস্থা তার মধ্যে ছিল এফ এইচ আই ৩৬০( FHI360), ইউ এস সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল এন্ড প্রিভেনশন (US Centres for Disease control and Prevention), প্রোক্টর এন্ড গ্যাম্বল (Procter and Gamble), ইউনিসেফ (UNICEF), ইউনিলিভার (Unilever), ওয়ার্ল্ড ব্যাংক ওয়াটার এন্ড স্যানিটেশন প্রোগ্রাম (World Bank Water and Sanitation Program) এবং ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (United State Agency for International Development)। সমীক্ষা করে দেখা গেছে যে অনেক দেশেই মানুষ হাত ধোয়ার সময় সাবান ব্যবহার করেনা। যেহেতু আমরা প্রতিনিয়তই  নানান  জীবাণুর সংস্পর্শে আসি সেহেতু তার থেকে নানান রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই কারণেই মানুষকে ভাল করে হাত ধোয়া সম্পর্কে সচেতন করার জন্য বিশ্ব হাতধোয়া দিবস পালন করা হয়। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম হল মানুষকে হাত ধোয়া সম্পর্কে সচেতন করা, মানুষের দৈনন্দিন হাত ধোয়ার অভ্যাস  গড়ে তোলা, সাবান ব্যবহার করে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করা ইত্যাদি।

প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন মানুষ বিশ্ব হাত ধোয়া দিবস পালনে অংশগ্রহণ করে।
অনেক দেশেই দেখা গেছে যে সঠিক ভাবে হাত না ধোয়ার কারণে নানান জীবাণু থেকে মানুষ সংক্রমিত হয়ে বিভিন্ন প্রাণঘাতী অসুখের দ্বারা আক্রান্ত হচ্ছে। আর এর জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। সঠিকভাবে হাত ধুলে হাত জীবাণুমুক্ত হয় এবং খাওয়াদাওয়া ও অন্যান্য কাজে তা সঠিকভাবে ব্যবহার করা যায়। ঠিক মতো হাত ধুলে নানান অসুখের কারণে শিশু মৃত্যুর হারও অনেকটা কমানো যায়। এছাড়াও নানান জীবাণু থেকে হওয়া শ্বাসকষ্টজনিত রোগ এবং ডায়রিয়া সংক্রান্ত রোগ সঠিকভাবে হাত দেওয়ার ফলে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়। এই সহজ পন্থায় প্রায় ৫০ শতাংশ ডায়রিয়া সংক্রান্ত অসুখ-বিসুখ এবং ২৫ শতাংশ শ্বাসকষ্টজনিত অসুখের ফলে মৃত্যুর সম্ভাবনা প্রায় কমিয়ে ফেলা যায়। সমীক্ষা করে দেখা গেছে সারা পৃথিবী জুড়ে প্রায় ৬০ শতাংশ স্বাস্থ্যকর্মী সঠিকভাবে হাত সাবান দিয়ে ধোয়ে না তার ফলে অনেক জীবাণু ছড়িয়ে পড়ে। তাই মানুষের মধ্যে হাত ধোয়ার সুস্থ অভ্যাস তৈরি করার জন্য এই দিনটি বিশেষ ভাবে পালিত হয়।

বর্তমান সময়ে কোভিড-১৯ এর থেকে সুরক্ষার জন্য স্বাস্থ্যকর্মী এবং ডাক্তাররা মানুষকে হাত ধোয়া সম্পর্কে আরো বেশি করে সচেতন করছে। ভালো করে সাবান দিয়ে হাত দেওয়ার ফলে দেখা গেছে মানুষ এই সংক্রমণ থেকে রেহাই পেয়েছে। তাই এখন নিয়মিত হাত স্যানিটাইজ করা এবং সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা চলে বাধ্যতামূলক। আশা করা হয় ভবিষ্যতেও মানুষের হাত ধোয়ার অভ্যাস বজায় থাকবে এবং তা তাদের নানান অসুখ-বিসুখ থেকে দূরে রাখবে।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading