প্রতিবছর প্রতিমাসের নির্দিষ্ট কিছু দিনে কিছু দিবস পালিত হয়। নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সমস্ত দিবস পালিত হয়। বিশ্বের পালনীয় সেই সমস্ত দিবসগুলি মধ্যে একটি হল আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস (International day of yoga )।
২১ জুন সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস পালন করা হয় সারা বিশ্বের মানুষের মধ্যে যোগ ব্যায়ামের উপকারিতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে।
২০১৫ সালের ২১ জুন সারা বিশ্বজুড়ে প্রথম দিনটি পালন করা হয়। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দানের সময় ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। ২০১৪ সালে ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ ঘোষণা করে, প্রতিবছর ২১ জুন দিনটি আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস হিসেবে পালন করা হবে। বিশ্বের ১৭৭টি দেশ এই প্রস্তাবকে সমর্থন করে। রাষ্ট্রসঙ্ঘের কোন প্রস্তাবের প্রতি এটি ছিল সর্বোচ্চ সংখ্যক দেশের সমর্থন দানের রেকর্ড।
২১ জুন তারিখে সূর্য নিজ অক্ষরেখার উপর এমনভাবে হেলে থাকে যার ফলে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য হয় সবচেয়ে বেশি অর্থাৎ সেদিন সূর্য বছরের অন্যান্য দিনের তুলনায় আগে ওঠে এবং অস্ত যায় দেরিতে। তাই এই দিনটি উত্তর গোলার্ধের সারা বছরের সর্বাপেক্ষা দীর্ঘতম দিন। প্রাচীনকাল থেকে ভারতে ওই দিনটিকে পবিত্র বলে গণ্য করা হয়। যোগব্যায়াম বলতে বোঝায় প্রাচীন ভারতে অনুসৃত এক ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিকতার অনুশীলন। নিয়মিত অনুশীলনের ফলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুস্থ ও সবল থাকে।
সারাবিশ্বের বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজ ও নানান কেন্দ্রে শরীরচর্চা অভ্যাস করার মাধ্যমে এই দিনটি পালিত হয়ে থাকে। যোগাসন ও নিয়মিত শরীর চর্চার গুরুত্ব ও উপকারিতা জনসাধারণের মধ্যে প্রচার করার উদ্দেশ্যেই এই দিনটিতে বিভিন্ন ক্যাম্প, ওয়ার্কসপ ও ট্রেনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন আলোচনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া প্রতিবছর এই দিবসটি একটি ‘থিম’ বা প্রতিপাদ্য নির্দিষ্ট থাকে। যেহেতু ভারত এই দিবস পালনের প্রধান উদ্যোক্তা, তাই ভারতে এই দিনটি বিশেষ উৎসাহের সঙ্গে পালিত হয়। ২০১৫ সালের ২১ জুন প্রথম আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দিল্লির রাজপথে বিশ্বের ৩৫,৯৮৫ জন মানুষ ৩৫ মিনিট ধরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। পৃথিবীর সবচেয়ে বড় যোগব্যায়াম অনুশীলন এবং সবচেয়ে বেশি অংশগ্রহণকারী – উভয় কারণেই এই অনুষ্ঠানটি বিশ্ব রেকর্ড গড়েছিল। অনুষ্ঠানটির আয়োজক ছিল কেন্দ্রীয় সরকারে আয়ুশ মন্ত্রক। ২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেরাদুনে একটি যোগশিবিরে গিয়েছিলেন, যেখানে একসঙ্গে ৬০ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাঁচিতে একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন, তাঁর সঙ্গে ৫০ হাজার স্বেচ্ছাসেবক যোগ ব্যায়াম অনুশীলন করেছিলেন। এভাবেই প্রতি বছর ভারতের বিভিন্ন প্রদেশের আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস পালন করা হয়েছে।
প্রতিবছর এই দিবসটি পালনের জন্য একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নির্বাচন করা হয়ে থাকে। ২০১৫ সালের প্রতিপাদ্য ছিল, ‘সম্প্রীতি ও শান্তির জন্য যোগব্যায়াম’ (Yoga For Harmony And Peace)। ২০১৬ সালের প্রতিপাদ্য ছিল, ‘যোগব্যায়ামের মাধ্যমে যুব সমাজকে সংযুক্ত করো’ (Connect the Youth)। ২০১৭ সালের প্রতিপাদ্য ছিল, ‘স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম’ (Yoga For Health)। ২০১৮ সালের প্রতিপাদ্য ছিল- ‘শান্তির জন্য যোগব্যায়াম’ (Yoga for Peace)। ২০১৯ সালের প্রতিপাদ্য ছিল – ‘পরিবেশ রক্ষার্থে যোগব্যায়াম’ (Climate Action)। ২০২০ সালের প্রতিপাদ্য ছিল- ‘সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম – ‘বাড়িতে থেকে পরিবারের সাথে যোগব্যায়াম করো’ (Yoga at Home and Yoga with the Family)। ২০২১ সালের প্রতিপাদ্য ছিল – ‘সুস্থ থাকার জন্য যোগব্যায়াম’ (Yoga for well-being)। ২০২২ সালের প্রতিপাদ্য ছিল – মানবিকতার জন্য যোগ ব্যায়াম (Yoga for humanity)। ২০২৩ সালের প্রতিপাদ্য ছিল – সমগ্র পৃথিবী একটি পরিবার এবং তাঁদের জন্য যোগব্যায়াম (Yoga for Vasudhaiva Kutumbakam)। ২০২৪ সালের প্রতিপাদ্য – নিজের এবং সমাজের জন্য যোগ ব্যায়াম ( Yoga for Self and Society )।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান