আপনি কি কখনও খেয়াল করেছেন, আমরা যখন বই পড়ি, কম্পিউটার স্ক্রিনে কাজ করি বা কোনও কিছুর দিকে তাকাই, তখন অজান্তেই বারবার চোখের পলক পড়ে? চোখের পলক পড়া ব্যাপারটা এতটাই স্বাভাবিক যে আমরা তা নিয়ে ভাবিই না। কিন্তু এই ছোট্ট নড়াচড়া আসলে আমাদের চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন জেনে নিই, আমাদের চোখের পলক পড়ে কেন?
আমরা প্রতি মিনিটে প্রায় ১৪–১৭ বার পলক ফেলি বা প্রতিদিন গড়ে ১৫,০০০–২০,০০০ বার পলক ফেলি, অথচ সচেতনভাবে তা টের পাই না। মজার কথা হল, এই পলক ফেলার জন্য আমরা জেগে থেকেও ১০% সময় চোখ বন্ধ করে রাখি। পলক ফেলার গড় সময় মাত্র ৩০০–৪০০ মিলিসেকেন্ড, কিন্তু তাতেও মস্তিষ্ক দৃশ্যের ধারাবাহিকতা বজায় রাখে। পলক ফেলার মতো সাধারণ কাজটির পিছনে রয়েছে জটিল জৈবিক ও স্নায়বিক প্রক্রিয়া।
চোখের পলক পড়া আমাদের শরীরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, যা চোখকে আর্দ্র, সুরক্ষিত এবং আরামদায়ক রাখে। এই প্রক্রিয়ার মাধ্যমে চোখের উপরিভাগে অশ্রু ও তৈলাক্ত তরল সমানভাবে ছড়িয়ে পড়ে, ফলে চোখ শুকিয়ে যায় না এবং ধুলো বা জীবাণু জমতে পারে না। পলক পড়া আসলে চোখের জন্য একটি প্রাকৃতিক ঢাল, যা বাইরের ধূলিকণা ও ক্ষতিকর জীবাণুকে দূরে সরিয়ে দেয়।
চোখে হঠাৎ উজ্জ্বল আলো, ধোঁয়া বা চোখে কিছু ঢুকলে পলক পড়া বেড়ে যায়। এটি একটি স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া, যা চোখকে তাৎক্ষণিকভাবে রক্ষা করে।
রচেস্টার বিশ্ববিদ্যালয়ের (University of Rochester) এক গবেষণা অনুযায়ী, পলক ফেলার সময় মস্তিষ্কের কিছু অংশ সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়, যেন এক ধরনের ক্ষণিক বিশ্রাম ঘটে।এটি মনোযোগ পুনর্গঠনে সাহায্য করে, বিশেষ করে দীর্ঘ সময় স্ক্রিন বা বইয়ের দিকে তাকিয়ে থাকলে এই ঘটনা ঘটে।
পলক ফেলা কখনও কখনও সামাজিক সংকেত হিসেবেও কাজ করে — যেমন অস্বস্তি, ক্লান্তি বা বিরক্তি প্রকাশে। কিছু গবেষণায় দেখা গেছে, কথোপকথনের সময় পলকের হার পরিবর্তিত হয়, যা অবচেতন মানসিক অবস্থা প্রকাশ করে।
এছাড়া দীর্ঘ সময় পলক না ফেললে চোখে জ্বালাপোড়া, জল আসা বা অস্বস্তি দেখা দেয়। তাই পলক পড়া চোখকে আরাম দেয় এবং দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সাহায্য করে। মস্তিষ্কের অবস্থার প্রতিফলন হিসেবেও পলক পড়া গুরুত্বপূর্ণ — ক্লান্তি, মানসিক চাপ বা স্বাস্থ্যগত অবস্থার কারণে পলক পড়ার হার কম-বেশি হতে পারে। খুব কম পলক পড়লে চোখ শুকিয়ে যায়, আর খুব বেশি পলক পড়া কখনও কখনও চোখের সমস্যা বা স্নায়বিক অসুস্থতার ইঙ্গিত হতে পারে। বিশেষ করে পলক পড়ার হারের অস্বাভাবিকতা ও সঙ্গে চোখ জ্বালা করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
পরিশেষে বলা যায়, চোখের পলক পড়া একটি সাধারণ অথচ অত্যন্ত জরুরি প্রক্রিয়া। এটি চোখকে আর্দ্র রাখে, বাইরের ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তিকে আরাম দেয়। আমাদের চোখের সুস্থতা বজায় রাখতে এই প্রাকৃতিক প্রতিক্রিয়াকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান