আমাদের হাতে রেখা থাকে এটা সকলেই দেখেছেন, কিন্তু কখনও কি ভেবে দেখেছেন আমাদের হাতে রেখা থাকে কেন? আমাদের মনের অসংখ্য কেন- বাচক-প্রশ্নের মধ্যে এখানে জেনে নেব আমাদের হাতের রেখা থাকে কেন আর এই রেখাগুলি কখন কীভাবে তৈরি হয়।
আমাদের হাতে যে রেখাগুলো থাকে, সেগুলোকে পালমার ফ্লেক্সন ক্রিস (palmar flexion creases) বলে। আমাদের হাতে রেখা থাকার কারণ মূলত শারীরবৃত্তীয় গঠন এবং কাজের সঙ্গে সম্পর্কিত। হাত দিয়ে আমরা অনেক কাজ করি এবং সেই সমস্ত কাজের সুবিধার জন্য হাতের রেখাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই ধরে নেওয়াই যায় যে বিবর্তনের পথে হাতের রেখাগুলি মানুষকে অনেক সাহায্য করেছে। প্রথমেই জেনে নেওয়া যাক, হাতের রেখা থেকে কাজ করতে কী সুবিধা হয়, এবং তার থেকেই বোঝা যাবে আমাদের হাতে রেখা থাকার কারণগুলি।
হাতে রেখা থাকার সুবিধা:
- আঙুল এবং হাতের নড়াচড়া সহজ হয়: পালমার ফ্লেক্সন ক্রিস মূলত হাত এবং আঙুল ভাঁজ করার সময় চামড়াকে নমনীয়ভাবে ভাঁজ করতে সাহায্য করে। হাতের মুঠি পাকানো, খোলা ইত্যাদি নানা অবস্থাকে সহজ করে।
- চামড়ার স্থিতিস্থাপকতা: পালমার ফ্লেক্সন ক্রিস হাতের চামড়ার স্থিতিস্থাপকতা ও নমনীয়তা বৃদ্ধিতে সাহায্য করে। হাতের রেখাগুলি না থাকলে হাতের কাজগুলির জন্য অতিরিক্ত ত্বক লাগত যা স্বাভাবিক অবস্থায় ঝুলে থাকত – এতে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হত।
অর্থাৎ, দৈনন্দিন কাজকে সহজ করে তুলতেই আমাদের হাতে রেখা থাকে।
হাতের রেখা গঠিত হয় কখন ও কীভাবে?
হাতে রেখাগুলি মূলত ভ্রূণের বিকাশের সময়েই গঠিত হয়। গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহের পর থেকেই হাতের রেখাগুলি তৈরি হতে শুরু করে এবং জন্মের সময় থেকেই হাতের রেখা থাকে। এই রেখাগুলি শারীরবৃত্তীয় কারণে গঠিত হয় এবং মূলত হাতের নড়াচড়ার সঙ্গে সম্পর্কিত। হাতের রেখাগুলি তৈরি হওয়ার প্রক্রিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
- গর্ভাবস্থায় হাতের রেখা: গর্ভাবস্থায় তিন থেকে চার মাসের মধ্যে হাতের রেখা তৈরি হতে শুরু করে। যখন ভ্রূণের বিকাশ হয়, তখন ত্বক এবং অন্যান্য আভ্যন্তরীণ টিস্যুর বৃদ্ধির ফলে হাতে রেখাগুলি তৈরি হয়। এই সময় হাত এবং আঙুলের বিভিন্ন অংশে মাংসপেশি এবং হাড়ের গঠনের সাথে তাল মিলিয়ে ত্বকেও ভাঁজ পড়তে শুরু করে।
- আঙুলের এবং হাতের নমনীয়তা: হাতের রেখাগুলি মূলত এমন স্থানে থাকে যেখানে ত্বককে বেশি ভাঁজ করতে হয়, যেমন আঙুলের জয়েন্ট, হাতের তালুর উপরিভাগ। হাত এবং আঙুলের প্রতিনিয়ত ভাঁজ এবং সোজা করার কারণে এই রেখাগুলো তৈরি হয়।
- বংশগতির প্রভাব: হাতের রেখাগুলির ধরন ও আকৃতি আংশিকভাবে বংশগতির ওপর নির্ভরশীল, তবে প্রতিটি ব্যক্তির হাতের রেখা আলাদা হয়।
- চাপ এবং শারীরিক গঠন: ভ্রূণের বিকাশের সময় ভেতরের অঙ্গ এবং বাইরের ত্বকের সাথে যে মিথস্ক্রিয়া হয়, তার কারণে হাতের রেখাগুলি ধীরে ধীরে তৈরি হয়। এছাড়া, হাতের আকার ও আঙুলের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে রেখাগুলোর ভিন্নতা দেখা যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিটি মানুষের হাতের রেখা আলাদা হলেও হাতের তালুতে মূলত তিনটি প্রধান রেখা থাকে। আঙুলগুলির সঙ্গে আনুভূমিক ভাবে উপরে ডিস্টাল পালমার ক্রিস (distal palmar crease), নিচে প্রক্সিমা পালমার ক্রিস (proximal palmar crease) এবং উল্লম্বভাবে কব্জি পর্যন্ত থেনার ক্রিস (thenar crease) থাকে।
অনেকে হাতের রেখা দেখে ভবিষ্যত বলা যায় বলে দাবি করলেও তার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে হাতের রেখার সঙ্গে কিছু কিছু বংশগত রোগের সম্পর্ক পাওয়া গেছে যা হাতের রেখার পাশাপাশি অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে বলা সম্ভব হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান