সববাংলায়

শ্রেয়া সিঙ্ঘল বনাম ভারত মামলা

বিভাগঃ ,

ভারতীয় সংবিধানের বিবর্তনের ইতিহাস যদি পর্যালোচনা করা যায় তবে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনুযায়ী এবং বর্তমানের প্রাসঙ্গিকতাকে মাথায় রেখে এতে উল্লিখিত ধারা, উপধারায় অনেক পরিবর্তন, সংশোধন ঘটেছে। আজকের এই স্যোশাল মিডিয়া ও ইন্টারনেটকে কেন্দ্র করেও সংবিধানে এমন পরিবর্তন ঘটতে দেখা যায়। আমাদের বর্তমান আলোচ্য মামলা অর্থাৎ শ্রেয়া সিঙ্ঘল বনাম ভারত মামলাতে (Shreya Singhal v. Union of India) অনলাইনে বাক স্বাধীনতার সীমা-পরিসীমা, বিধিনিষেধ ইত্যাদি নিয়ে চর্চা করা হয়েছিল। এই মামলাটি সংবিধানে উল্লিখিত বাক ও মত প্রকাশের স্বাধীনতার যে মৌলিক অধিকার তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। এই মামলাটি একটি যুগান্তকারী মামলা যা এই ইন্টারনেট ও স্যোশাল মিডিয়ার যুগে ভারতীয় আইন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল।

২০১২ সালে মুম্বাইতে বাল ঠাকরে নামক অত্যন্ত জনপ্রিয় নেতার মৃত্যু হলে শিবসেনা রাজনৈতিক দল বনধ্-এর ঘোষণা করে। কিন্তু এই বনধ্-এর তীব্র সমালোচনা করে জনপ্রিয় স্যোশাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করবার জন্য এবং তাতে লাইক দেওয়ার জন্য মুম্বই পুলিশ শাহীন ধাদা এবং রিনু শ্রীনিবাসন নামের দুই মহিলাকে গ্রেপ্তার করে। উক্ত দুজনের একজন পোস্টটি করেছিলেন এবং অন্যজন তাতে লাইক দিয়েছিলেন। সেই কারণে মুম্বই পুলিশ তথ্য ও প্রযুক্তি আইন, ২০০০-এর ৬৬ এ ধারার (66A) অধীনে তাঁদের গ্রেপ্তার করেছিল। মুম্বই পুলিশের মনে হয়েছিল এই পোস্টটি জনসাধারণের মনে প্রশাসন সম্পর্কে ঘৃণা এবং বিরক্তির উদ্রেক করেছিল। কিছুদিন পরে অবশ্য ওই দুই মহিলাকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু এই গ্রেপ্তারি নিয়ে স্যোশাল মিডিয়া, গণমাধ্যমগুলিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাধারণ মানুষের একজোটে এই নিন্দা ও প্রতিবাদের ঘটনাটি বড়সড় আকার ধারণ করেছিল।

এই আইটি, ২০০০ আইনের ৬৬এ ধারার অধীনে এর আগেও অনেক নিরাপরাধ ব্যক্তিকে কেবল আপত্তিকর রাজনৈতিক মতামত স্যোশাল মিডিয়ায় প্রকাশের জন্য, যা সরকারের মতে ছিল ‘বিদ্বেষপূর্ণ’, তাদের গ্রেপ্তার করা হয়েছিল। ২০১২ সালের ঘটনার জেরে ২০১৩ সালে ভারতের কেন্দ্রীয় সরকার একটি নোটিশও জারি করেছিল, তাতে বলা হয়েছিল যে, কোন উচ্চপদস্থ আধিকারিক, যিনি অন্তত পুলিশের ইন্সপেক্টর জেনারেল পদের নীচে নন, তাঁকে না জানিয়ে কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না। অবশ্য এতে আদতে মূল সমস্যার সমাধান কিছু হয়নি।

আসলে আইটি, ২০০০ আইনের ৬৬এ ধারা অনুযায়ী কম্পিউটার বা যে-কোন যোগাযোগ পরিষেবার মাধ্যমে ‘গুরুতর আপত্তিকর’ এবং ‘ভীতিকর’ তথ্যপ্রেরণ শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ে। এছাড়াও বলা আছে যে, প্রেরক যদি ইচ্ছাকৃতভাবে এবং জেনে বুঝে অসুবিধা, ঘৃণা, বিরক্তি, শত্রুতা তৈরি করতে সক্ষম এমন কোন মিথ্যা তথ্য ক্রমাগত প্রেরণ করতে থাকে তবে তাও শাস্তিযোগ্য অপরাধ। এমনকি সেই রকম বার্তার উৎস সম্পর্কে প্রাপককে বিভ্রান্ত বা প্রতারণা করা হলেও তা শাস্তির উপযুক্ত বলে গণ্য করা হবে।

কিন্তু এই আইনের কারণে সংবিধানের অনুচ্ছেদ ১৯(১)(এ)-তে বর্ণিত বাক ও মত প্রকাশের অধিকার লঙ্ঘিত হয়, এই মর্মে শ্রেয়া সিঙ্ঘল, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ ও কমন কজ নামের দুটি এনজিও এবং মাউথশট ডট কম নামক কোম্পানির তরফ থেকে ‘আইটি, ২০০০’ আইনের ৬৬এ ধারার সাংবিধানিক বৈধতাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। শ্রেয়া সিঙ্ঘল বনাম ভারত মামলাটি দুই বিচারপতির বেঞ্চের অধীনে ছিল। দুজন বিচারপতির নাম যথাক্রমে আরএফ নরিমান এবং জে.চেলামেশ্বর।

সংবিধানের অনুচ্ছেদ ১৯(১)(এ)-এতে উল্লিখিত বাক স্বাধীনতার কথা বলা হলেও সংবিধানের ১৯(২) ধারাটি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি বা অপরাধে প্ররোচনা ইত্যাদির কথা মাথায় রেখে সরকার যৌক্তিক বিধিনিষেধ আরোপ করবার অনুমতি দিতে পারে। তবে আবেদনকারীরা তাঁদের অভিযোগের সমর্থনে যুক্তি দিয়েছিলেন যে, ৬৬এ অসাংবিধানিক কারণ, এই ধারা বিরক্তি, অসুবিধা, বিপদ, বাধা, অপমান, আঘাত, অপরাধমূলক ভয় দেখানোর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিধিনিষেধ আরোপ করে, যা আদতে ১৯(২) ধারার আওতার বাইরে পড়ে। তাঁরা আরও যুক্তি দিয়েছিলেন যে আইনটি অসাংবিধানিকভাবে অস্পষ্ট কারণ এটি নির্দিষ্টভাবে এর নিষেধাজ্ঞাগুলিকে সংজ্ঞায়িত করতে ব্যর্থ হয়েছে। এছাড়াও প্রধান যুক্তি ছিল এটি মত প্রকাশের স্বাধীনতার ওপর প্রভাব বিস্তার করেছিল। আবেদনকারীদের পক্ষে আইনজীবী আরও যুক্তি দিয়েছিলেন যে, আইটি আইন, ২০০০-এর ধারা ৭৯ ও তথ্য প্রযুক্তি (মধ্যস্থ নির্দেশিকা) বিধিমালা, ২০১১ অসাংবিধানিক কারণ এটি অস্পষ্ট এবং ১৯(২) ধারার অধীনে যুক্তিসঙ্গত বিধিনিষেধ লঙ্ঘন করে। যুক্তিতর্ক চলাকালীন আইনজীবীরা বিভিন্ন কারণে বিধি ৩(২) এবং ৩(৪) এবং ধারা ৭৯(৩)(বি)-এর সমালোচনা করেন। আবেদনকারীদের পক্ষ থেকে কেরালা পুলিশ আইনের ধারা ১১৮(ডি)-কেও অসাংবিধানিক বলে দাবী করা হয়েছে, কারণ সেটিও ১৯(১)(এ) ধারার অধীনে বর্ণিত অধিকারগুলি লঙ্ঘন করে বলে তাঁদের মত।

অন্যদিকে সরকার পক্ষ থেকেও আবেদনকারীদের যুক্তির পর পাল্টা যুক্তি দেওয়া হয়েছিল। তাঁরা বলেছিলেন যে, একটি বিধানের কেবল একটি অপব্যবহার তাকে অবৈধ ঘোষণা করার ভিত্তি হতে পারে না। তাঁরা আরও বলেন যে, একটি বিধান যদি আইনগতভাবে সক্ষম এবং স্বেচ্ছাচারী না হয়, তবে স্রেফ অস্পষ্টতার অভিযোগ তাকে অসাংবিধানিক ঘোষণা করার কোন কারণ হতে পারে না। সরকার পক্ষ আরও জানায় যে, ইন্টারনেটে বক্তৃতার ক্ষেত্রে যুক্তিসঙ্গত বিধিনিষেধের মান কিছুটা শিথিলভাবে প্রয়োগ করা উচিত, কারণ মাধ্যমটি যোগাযোগের অন্যান্য মাধ্যম থেকে আলাদা। তাঁরা বলেন যে, আদালত কোন আইনে হস্তক্ষেপ করতে পারে না যতক্ষণ না সেটি ভারতের সংবিধানের তৃতীয় খন্ডের বিধান লঙ্ঘন করে।

দীর্ঘ সওয়াল-জবাবের পর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ অবশেষে ২০১৫ সালের ২৪ মার্চ চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছিল। আদালত জানিয়েছে যে, আইনটি জনশৃঙ্খলা রক্ষার সাথে একটি সুস্পষ্ট নৈকট্য সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হয়েছে। ৬৬এ ধারাটি আদতেই মানহানিকর বিবৃতি থেকে ব্যক্তিকে রক্ষার একটি বৈধ প্রয়াস ছিল কিনা তা খতিয়ে দেখে আদালত। আদালত উল্লেখ করেছে একমাত্র খ্যাতিতে আঘাত লাগাই মানহানির প্রধান উপাদান হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু এই আইনটি আক্রমণাত্মক বিবৃতিগুলিকে নিন্দা করে যা আদতেই কোন ব্যক্তির খ্যাতিকে প্রভাবিত করে না, বড় জোর বিরক্তি ও অসুবিধা তৈরি করতে পারে।

এছাড়াও আদালত লক্ষ করেছে যে, ৬৬এ ধারার অনেকগুলি শর্তকে যথাযথভাবে এবং স্পষ্টত সংজ্ঞায়িত করা হয়নি, ফলে অস্পষ্টতার অভিযোগটিকে আদালত মান্যতা দিয়েছিল। এমনকি আদালতে এও প্রমাণ হয়ে গিয়েছিল ৬৬এ-এর অধীনে গ্রেপ্তার হওয়া মহিলার পোস্টে আদতেই কোনো জনবিশৃঙ্খলা তৈরি হয়নি।

উক্ত কারণগুলি তো ছিলই, তাছাড়াও জে. চেলামেশ্বর এবং আরএফ নরিমানের দুই বিচারপতির বেঞ্চ তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৬এ-কে সম্পূর্ণভাবে বাতিল করে দেয় কারণ, এটি ১৯(১)(এ) ধারার বিধান লঙ্ঘন করে এবং ১৯(২) ধারাটি এর অধীনে সংরক্ষণ করা হয়নি। আদালত আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিল, যে, ইন্টারনেট এবং অন্য মাধ্যমের মধ্যে পার্থক্য করায় এবং ইন্টারনেট মাধ্যমের জন্য আলাদা করে আইন বানানো আসলে সংবিধানের ১৪ অনুচ্ছেদেরও লঙ্ঘন যা বৈষম্যের বিরূদ্ধে কথা বলে।

আদালত কেরালা পুলিশ আইনের ধারা ১১৮(ডি)-কেও মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল।

এছাড়াও মাননীয় সুপ্রিম কোর্ট ধারা ৭৯-কে সাংবিধানিকভাবে বৈধ ঘোষণা করে এবং একইভাবে তথ্য প্রযুক্তি ‘মধ্যস্থ নির্দেশিকা’ বিধিমালা, ২০১১ বিধি ৩ ও উপ-বিধি (৪)-এর সাপেক্ষে বৈধ রাখা হয়েছে।

বর্তমান প্রজন্মের কাছে এই শ্রেয়া সিঙ্ঘল বনাম ভারত মামলার অবশ্যই একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।