ফিফা বিশ্বকাপ ১৯৬৬ ছিল ফিফা বিশ্বকাপের অষ্টম আসর। এই বিশ্বকাপের আসর ১১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। সর্বমোট ১৬ টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিজয়ী হয় ইংল্যান্ড।
১৯৬৬ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে বিখ্যাত হয়ে আছে। এই বিশ্বকাপ ছিল ইংরেজি ভাষী কোন দেশে অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি জড়িত এবং আক্রান্ত কোন দেশে অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপ ছিল এটি। এই বিশ্বকাপের মাত্র চার মাস আগে মূল বিশ্বকাপ ট্রফি (জুলে রিমে ট্রফি) টি পিকলস নামের একটি কুকুর খুঁজে বের করে যেটি ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে একটি প্রদর্শনী থেকে চুরি যায়। এই বিশ্বকাপের ফাইনালেই ইংল্যান্ডের জিওফ হার্স্ট হ্যাটট্রিক করেন যেটি এখনো অবধি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে একমাত্র হ্যাটট্রিকের রেকর্ড হিসেবে অটুট আছে। ১৯৬৬ বিশ্বকাপেই প্রথম ম্যাসকটের ব্যবহার চালু হয়। এই ম্যাসকটটির নাম ছিল ‘ ওয়ার্ল্ড কাপ উইলি ‘। ম্যাসকটটি ছিল একটি সিংহের যে গায়ে ইউনিয়ন জ্যাকের পতাকা সম্বলিত একটি ফুটবল জার্সি পরে আছে যেখানে বড় বড় হরফে লেখা আছে – ‘ওয়ার্ল্ড কাপ’। এই বিশ্বকাপেই প্রথম খেলোয়াড়দের ড্রাগ টেস্ট চালু হয় এবং স্টেডিয়ামে ফ্লাড লাইটের ব্যবহারও এই বিশ্বকাপেই প্রথম চালু হয়। এই বিশ্বকাপেই প্রথম নির্দিষ্ট কিছু ম্যাচকে স্যাটেলাইট দ্বারা সম্প্রচারের ব্যবস্থা করা হয় বিভিন্ন মহাদেশ জুড়ে যদিও ফাইনাল ম্যাচটি কেবল মাত্র ইংল্যান্ডেই সম্প্রচারিত হয় বিবিসি’র মাধ্যমে।
এই বিশ্বকাপের বিতর্কিত বিষয়গুলির মধ্যে অন্যতম আফ্রিকা মহাদেশের বিশ্বকাপ বয়কট। সে সময় বিশ্বকাপের মূল প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের নিয়ম অনুযায়ী আফ্রিকা মহাদেশের বিজয়ীকে এশিয়া মহাদেশের বিজয়ীর সঙ্গে প্লে-অফ ম্যাচ খেলে বিজয়ী হলে যোগ্যতা অর্জন করতে হত। এই নিয়ম আফ্রিকার ৩১ টি দেশ মেনে নিতে না পেরে বয়কট করে, তাদের দাবি ছিল আফ্রিকা থেকে অন্তত একটি স্থান নির্দিষ্ট রাখা উচিত। এই দাবি মেনে না নিয়ে ফিফা উলটে আফ্রিকা ফুটবল কনফেডারেশনকে (CAF) ৫০০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা করে। আফ্রিকার দেশগুলি এই বিশ্বকাপ বয়কট করে এবং ১৯৭০ সালের ফিফা বিশ্বকাপে তাদের দাবি মেনে নেওয়া হয় ও তারা সেই প্রতিযোগিতায় অংশ নেয়।
১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল ইংল্যান্ড, মেক্সিকো, উরুগুয়ে, ফ্রান্স। দ্বিতীয় গ্রুপে ছিল পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, স্পেন। তৃতীয় গ্রুপে ছিল ব্রাজিল, পর্তুগাল, হাঙ্গেরি, বুলগেরিয়া। চতুর্থ গ্রুপে ছিল সোভিয়েত ইউনিয়ন, উত্তর কোরিয়া, ইতালি ও চিলি। এই বিশ্বকাপে মোট ৩২ টি খেলায় ৮৯ টি গোল হয়।
ফিফা বিশ্বকাপ ১৯৬৬ এর ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে বিজয়ী হয় ইংল্যান্ড। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে পর্তুগাল ও সোভিয়েত ইউনিয়ন অর্জন করে।
ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি খেলা হয়। ইংল্যান্ডের পক্ষে হ্যাটট্রিক করেন জিওফ হার্স্ট ও অন্য গোলটি করেন পিটার্স । পশ্চিম জার্মানির পক্ষে একটি গোল করেন হালার ও অন্য গোলটি করেন ওয়েবার।
পর্তুগালের ইউসেবিও সমগ্র টুর্নামেন্টে মোট ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অর্জন করেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান