সববাংলায়

লোকনাথ ভট্টাচার্য

লোকনাথ ভট্টাচার্য (Lokenath Bhattacharya ) একজন বিশিষ্ট বাঙালি কবি, গবেষক, ফরাসি ভাষা বিশেষজ্ঞ ও অনুবাদক। সাহিত্য সমাজে তিনি পরিচিতি লাভ করেন ফরাসি কবি আর্তুর র‍্যাঁবোর (Arthur Rimbaud) কবিতা ‘ড্রাঙ্কেন বোট’ – এর বাংলা অনুবাদ ‘মাতাল তরণী’ ও ‘আ সিজন ইন হেল’ এর বাংলা অনুবাদ ‘নরকে এক ঋতু’ করে। তাঁর রচিত পনেরোটি বই ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা ‘বাবুঘাটের কুমারী মাছ’ উপন্যাসটি ইংরেজীতে অনূদিত হয় এবং একাধিক পুরস্কার লাভ করে। বিশিষ্ট ফরাসি ভাষা বিশেষজ্ঞ চিন্ময় গুহ তাঁকে অভিহিত করেছিলেন ‘ভাটপাড়ার উজ্জ্বলতম বিদ্রোহী সন্তান’ হিসেবে। ফরাসি কাব্য সাহিত্যের অন্যতম একজন বিশিষ্ট সাহিত্যিক হিসেবে লোকনাথ ভট্টাচার্য বিখ্যাত হয়ে আছেন। 

১৯২৭ সালের ৯ অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ার এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে লোকনাথ ভট্টাচার্যের জন্ম হয়।  তাঁর বাবা শিবপ্রসাদ ভাট্টাচার্য একজন অধ্যাপক ছিলেন। 

লোকনাথের স্কুল এবং কলেজ জীবন কেটেছে যথাক্রমে শান্তিনিকেতন ও কলকাতায়। পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য তিনি ফরাসি সরকারের বৃত্তি নিয়ে ফ্রান্সে চলে যান। সেখানে সরবন বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে পিএইচডি করার সময় তাঁর সাথে আলাপ হয় ফ্রাঁস মঁতেরুর। পরবর্তীকালে তাঁকে বিয়ে করেন লোকনাথ। ফ্রাঁস মঁতেরু ভট্টাচার্য একজন বিশিষ্ট ফরাসি অনুবাদক। ফ্রান্সে বাংলা সাহিত্যের প্রচারে  অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। প্যারিস বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ফ্রাঁস ‘অন্নদামঙ্গল’-এর ইংরেজি অনুবাদ এবং ‘পথের পাঁচালি’র ফরাসি অনুবাদ করেছেন। 

লোকনাথ তাঁর কর্মজীবন শুরু করেন ভারতে ফিরে এসে। দেশে ফিরে নাগা উপজাতিদের মধ্যে নৃত্য ও সঙ্গীতের রক্ষণাবেক্ষণের চাকরিতে যোগ দেন। এরপর ১৯৬১ সালে তিনি যুক্ত হন ‘স্প্যান’ পত্রিকায় । ১৯৬৩ সালে লোকনাথ মলিয়েরের ‘তার্ত্যুফ’(Tartuffe) এর বাংলা অনুবাদ করেন। ১৯৬৫ সালে তিনি সাহিত্য একাদেমির ইংরাজী মুখপত্র ‘ইন্ডিয়ান লিটারেচার’ পত্রিকার সম্পাদক নিযুক্ত হন।  এখানে সাত বছর সম্পাদনা করার পর ১৯৭২ সালে তিনি ন্যাশনাল বুক ট্রাস্টে যোগ দেন এবং ১৯৮১ সালে এই সংস্থার ডিরেক্টর হন।  

ফ্রান্সে থাকাকালীন তিনি ফরাসি কবি আর্তুর র‍্যাঁবোর বেশ কিছু কবিতা বাংলায় অনুবাদ করেন যার মধ্যে ‘মাতাল তরণী’ এবং ‘নরকে এক ঋতু’ উল্লেখযোগ্য।  

মহাত্মা গান্ধীর শতবর্ষ উপলক্ষে রোম্যাঁ রোলাঁর ভারতে থাকাকালীন লেখা ডায়রির কিছু অংশ ‘গান্ধী – রোম্যাঁ রোলাঁর দৃষ্টিতে’ নামে ফরাসি থেকে তিনি বঙ্গানুবাদ করেন। ফরাসি কবি লুই আরাগোঁর (Louis Aragon) লের্ত্র ফ্রাসেজ (Les Lettres Françaises) পত্রিকায় লোকনাথের বেশ কিছু কবিতার ফরাসি অনুবাদ ছাপা হয়েছিল।

১৯৭৪ সালে বেলজিয়ামের ‘নক ল্য জুৎ’ কবিতা উৎসব থেকে ফেরার পথে লোকনাথ ভট্টাচার্য ফ্রান্সে নামেন বিখ্যাত ফরাসি কবি অঁরি মিশোর (Henri Michaux) সাথে দেখা করার উদ্দেশ্যে। দুর্ভাগ্যক্রমে অঁরি মিশো’র সাথে কোনভাবে যোগাযোগ করতে না পেরে তিনি ফরাসি প্রকাশনা সংস্থা ‘গালিমার’ এর দফতরে তাঁর বেলজিয়াম কবিতা উৎসবে দেওয়া বক্তৃতার একটি কপি রেখে আসেন অঁরি মিশোর জন্য। লোকনাথের ঐ বক্তৃতার মাধ্যমেই অঁরি মিশোর সাথে লোকনাথের আলাপ। অঁরি মিশো তাঁর বক্তৃতা পড়ে অত্যন্ত অভিভূত হয়েছিলেন। লোকনাথের আরও অন্যান্য কবিতা পড়ার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করলে লোকনাথের স্ত্রী ফ্রাঁস লোকনাথের ‘ঘর’ কবিতাটির ‘পাজ স্যুর লা শাঁব্‌র্‌’ নামে ফরাসি অনুবাদ করে সেটি মিশোর কাছে পাঠান। মিশো সেটি পাঠিয়ে দেন বিশিষ্ট ফরাসি প্রকাশক ফাতা মরগানার কাছে। এই প্রকাশনা থেকেই এরপর দীর্ঘ দিন ধরে লোকনাথের বেশ কিছু কবিতার ফরাসি অনুবাদ প্রকাশিত হয়েছে। 

ফরাসি সাহিত্যে লোকনাথের ক্রমবর্ধমান খ্যাতি বিশিষ্ট ফরাসি কবি ফ্রাঁক আঁদ্রে জামের (Franck André Jamme) চোখ এড়ায়নি। জাম ভারতে এসে লোকনাথের সঙ্গে দেখা করেন এবং লোকনাথের ‘অতি বিশিষ্ট অন্ধজন’ কবিতার ফ্রাঁস ভট্টাচার্য দ্বারা অনূদিত ফরাসি অনুবাদ ‘দেজাভগ্‌ল্‌ ত্রে দিসত্যাঁগে’ প্রকাশ করেন। 

ফ্রান্সের বিশিষ্ট প্রকাশক ‘ল্য বোয়া দরিয়ঁ’ থেকে লোকনাথের একাধিক বই প্রকাশিত হয়েছে।  ২০০০ সালে গালিমার থেকে লোকনাথের কবিতার ফরাসি অনুবাদ সংকলন ‘ল্য দাঁসর দ্য কুর’ এবং ‘লে মার্শ দ্যু ভিদ’ প্রকাশিত হয়। এছাড়া ফ্রাঁস ভট্টাচার্য অনূদিত লোকনাথের চারটি উপন্যাস ও দুটি বড়গল্প প্রকাশিত হয়েছে ফ্রান্সের বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে।

লোকনাথের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে,‘নরকে এক ঋতু’ (অনুবাদ সাহিত্য), ‘ভোর’, ‘‘যত দ্বার তত অরণ্য’,  ‘বাবুঘাটের কুমারী মাছ’, ‘থিয়েটার আরম্ভ সাড়ে সাতটায়’, ‘অশ্বমেধ’, ‘গঙ্গাবতরণ’ এবং ‘মুশায়েরা’। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘চক্র’ ও ‘এক রাত্রি এক নারী’। উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ‘প্রেম ও পাথর’ এবং ‘আপনার কীর্তি’।

ফরাসি সাহিত্য মহলে লোকনাথের বিপুল জনপ্রিয়তা ছিল। ২০০১ সালে মার্ক ব্লাঁশে নামে এক ফরাসি তরুণ ‘লোত্র্‌ রিভ’ প্রকাশনা থেকে বিশিষ্ট সাহিত্যিক যেমন অক্তাভিও পাজ, পাউল সেলান, সিলভিয়া প্লাথ, অ্যালেন গিন্‌স্‌বার্গ প্রমুখের সাথে  লোকনাথ ভট্টাচার্যের জীবনী ও সাহিত্যকর্ম প্রকাশ করেন। 

১৯৯৯ সালে ফরাসি সরকার লোকনাথকে ‘কমান্ডার অফ আর্ট্‌স্‌ অ্যান্ড লেটার্‌স্‌’ উপাধিতে ভূষিত করে।  

২০০১ সালের ২৩ মার্চ মিশরের কায়রোতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় লোকনাথের গাড়ি নীলনদে পড়ে যায় ও তাঁর মৃত্যু হয়।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading