সববাংলায়

৮ জুন | বিশ্ব মহাসাগর দিবস

বিভাগঃ ,

প্রতিবছর প্রতিমাসের নির্দিষ্ট কিছু দিনে  কিছু দিবস পালিত হয়। নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতে এই সমস্ত দিবস পালিত হয়। বিশ্বে পালনীয় সেই সমস্ত দিবস গুলোর মধ্যে একটি হল বিশ্ব মহাসাগর দিবস (World Oceans Day)।

প্রতিবছর ৮ জুন সারাবিশ্বে বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়ে থাকে। পরিবেশের ওপর মহাসাগরের  প্রভাব ও তার উপযোগিতা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাই এই দিবস পালনের উদ্দেশ্য।

২০০৯ সালের ৮ জুন প্রথম বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়। ১৯৯২ সালে ব্রাজিলে (Brazil) রিও ডি জেনেরিওতে (Rio de janeiro) অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে (Earth Summit)  কানাডার আন্তর্জাতিক মহাসাগর উন্নয়ন কেন্দ্র (Canada’s International Centre for Ocean Development) এবং কানাডার মহাসাগর ইনস্টিটিউট (Ocean Institute of Canada) আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালনের প্রস্তাব দেন। এই প্রস্তাব অনুযায়ী ২০০৮ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘ এই দিনটিকে বিশ্বব্যাপী পালনের জন্য ঘোষণা করে। এর পরের বছর অর্থাৎ ২০০৯ সাল থেকে প্রতি বছর ৮ জুন বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়। পৃথিবীর চারভাগের তিন ভাগ অংশই জল। তাই সমুদ্র এবং সমুদ্রে বসবাসকারী প্রাণী জগতকে বিশ্ব উষ্ণায়ন ও দূষণ থেকে রক্ষা করা আমাদের কর্তব্য। এ ব্যাপারে বিশ্বব্যাপী মানুষকে সচেতন করে তোলার জন্য বিশ্ব মহাসাগর দিবস পালনের উদ্যোগ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। সমুদ্র শুধুমাত্র তার সৌন্দর্যে আমাদের মুগ্ধ করে না, সমুদ্র বিশুদ্ধ অক্সিজেনের সর্বাপেক্ষা বড় উৎস। এছাড়াও খাদ্য, ওষুধ এবং অন্যান্য সম্পদ আমরা সমুদ্র থেকে পেয়ে থাকি। তবে মানুষের অসচেতনতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের বৈশিষ্ট্যগুলি প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছে, ধ্বংস হচ্ছে সামুদ্রিক সম্পদ এবং জীবজগৎ। তাই পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে সমুদ্রের ও সমুদ্র উপকূলবর্তী পরিবেশ রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।

বিশ্ব মহাসাগর দিবসে সমগ্র বিশ্বে বিভিন্ন চিড়িয়াখানা, জাদুঘর, আ্যকুরিয়াম, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নানা রকম সচেতন মূলক কর্মসূচি গ্রহণ করা হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফটো কম্পেটিশন বা সামুদ্রিক চিত্রের প্রতিযোগিতা ও প্রদর্শনীও হয়ে থাকে। এছাড়া প্রতিবছর এই দিবস উপলক্ষে ইউনাইটেড নেশন একটি বিশেষ থিম বা প্রতিপাদ্য নির্বাচন করে। ২০০৯ সালের প্রতিপাদ্য ছিল, ‘আমাদের মহাসাগর, আমাদের দায়িত্ব’ ( Our Oceans, Our Responsibilities )। ২০১৫ সালের প্রতিপাদ্য ছিল – ‘সুস্থ মহাসাগর, সুস্থ গ্রহ'(Healthy Oceans, Healthy Planet)। ২০১৬ সালেরও প্রতিপাদ্য ছিল – ‘সুস্থ সাগর, সুস্থ গ্রহ’ (Healthy Oceans, Healthy Planet)। ২০১৭ সালের প্রতিপাদ্য ছিল – ‘আমাদের মহাসাগর , আমাদের ভবিষ্যৎ’ (Our Oceans, Our Future)। ২০১৮ সালের প্রতিপাদ্য ছিল – ‘ মহাসাগর পরিষ্কার করো’ (Clean our Ocean)। ২০১৯ সালের প্রতিপাদ্য ছিল – ‘লিঙ্গ এবং মহাসাগর’ (Gender and Oceans)। ২০২০ সালের প্রতিপাদ্য ছিল – দীর্ঘস্থায়ী সমুদ্রের জন্য উদ্ভাবন (Innovation for a sustainable ocean)। ২০২১ সালের প্রতিপাদ্য ছিল – সমুদ্র : জীবন এবং জীবিকা (The Ocean: Life and Livelihoods)। ২০২২ সালের প্রতিপাদ্য ছিল – পুনরুজ্জীবন: মহাসাগরের জন্য যৌথ কর্ম (Revitalization: Collective Action for the Ocean)। ২০২৩ সালের প্রতিপাদ্য – গ্রহ মহাসাগর: জোয়ারের পরিবর্তন হচ্ছে (Planet Ocean: tides are changing)। ২০২৪ সালের প্রতিপাদ্য – নতুন গভীরতাকে জাগাও (Awaken New Depths)।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading