হিন্দু ধর্মে চার ধাম বলতে ভারতবর্ষের চারটি নির্দিষ্ট তীর্থস্থানকে বোঝানো হয়। এই চারটি তীর্থ হল – উত্তরে বদ্রীনাথ, পশ্চিমে দ্বারকা, পূর্বে পুরী এবং দক্ষিণে রামেশ্বরম। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীবিষ্ণু রামেশ্বরমে স্নান করে বদ্রীনাথে ধ্যান করেন, তারপর পুরীতে খাবার খেয়ে দ্বারকায় বিশ্রাম করেন। তবে চার ধাম ধারণাটি একদিনে গড়ে ওঠেনি। ধারনাটি দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধারণা, যেখানে তীর্থযাত্রা, ধর্মচর্চার সাথে অদ্বৈত বেদান্তের প্রাতিষ্ঠানিক কাঠামো মিশে গেছে।
প্রাচীনকাল থেকেই ভারতে তীর্থযাত্রা প্রচলিত ছিল। সারা ভারত জুড়ে বিভিন্ন তীর্থক্ষেত্র ছড়িয়ে ছিল। কোন মানুষের পক্ষেই সব তীর্থে যাওয়া সম্ভব ছিল না। সময়ের সাথে ভারতের চার দিক ঘিরে একটি প্রতীকী পূর্ণ তীর্থের ধারণা গড়ে উঠতে থাকে। ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম – এই চার দিককে স্পর্শ করা মানে যেন সমগ্র দেশের তীর্থক্ষেত্র ভ্রমণ করা। এই ভাবনাই পরবর্তীকালে চার ধামের ধারণার ভিত্তি রচনা করে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অষ্টম শতাব্দীর দার্শনিক আদি শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত দর্শনের প্রধান প্রবক্তা হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি অদ্বৈত বেদান্তের ধারাকে সুসংগঠিত করতে ভারতের চার প্রান্তে চারটি প্রধান মঠ প্রতিষ্ঠা করেন, যা আম্নায় মঠ নামে পরিচিত। এগুলি হল উত্তরে জ্যোতির্মঠ, পশ্চিমে সারদা মঠ, পূর্বে গোবর্ধন মঠ এবং দক্ষিণে শৃঙ্গেরী মঠ। এই মঠগুলির কাজ ছিল মূলত শাস্ত্রচর্চা এবং এগুলি কোনো মন্দির পরিচালনার জন্য তৈরি হয়নি। এই মঠগুলিকে কার্যকর ও অর্থবহ করে তুলতে তিনি চারটি মঠের মধ্যে চার বেদের পাঠ ও চর্চাকে পরিকল্পিতভাবে বিন্যস্ত করেন। এর উদ্দেশ্য ছিল, যাতে চার বেদের অধ্যয়ন, সংরক্ষণ ও প্রচার সমান গুরুত্ব পায়। সেই অনুযায়ী গোবর্ধন মঠের দায়িত্বে দেওয়া হয় ঋগ্বেদ, শৃঙ্গেরী মঠের দায়িত্বে যজুর্বেদ, সারদা মঠের দায়িত্বে সামবেদ এবং জ্যোতির্মঠের দায়িত্বে অথর্ববেদ। পাশাপাশি তিনি তাঁর চার প্রধান শিষ্যকে এই মঠগুলির প্রথম আচার্য হিসেবে নিযুক্ত করেন।
মনে রাখতে হবে চার ধাম হিসাবে সুপরিচিত যে প্রাচীন মন্দিরগুলি রয়েছে, সেগুলো আদি শঙ্করাচার্য তৈরি করেননি। তিনি চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর অনেক আগেই হিন্দুদের কাছে বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম পৃথকভাবে গুরুত্বপূর্ণ তীর্থ ছিল। এগুলি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তীর্থ ছিল। তবে সেইসময় এগুলিকে একত্রে চার ধাম হিসেবে দেখা হত না। চার ধামের ধারণা গড়ে ওঠে পরবর্তী কয়েক শতাব্দীতে যখন তীর্থযাত্রীদের কাছে ভারতের উত্তর- দক্ষিণ-পূর্ব-পশ্চিম এই চার দিকের তীর্থযাত্রা জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী কয়েক শতাব্দী ধরে বিভিন্ন সাধু-সন্ন্যাসী ও ধর্মীয় লেখকেরা ভারতের চারটি ভৌগোলিক দিক ঘিরে একটি সম্পূর্ণ তীর্থযাত্রার ধারণা তৈরি করেন। এই সময়েই ভারতের চারটি দিকের জন্য চারটি প্রধান তীর্থ নির্বাচন করা হয়। এই নির্বাচন কোনো শাস্ত্রীয় আদেশের ভিত্তিতে নয়, বরং তীর্থগুলির প্রাচীনতা, জনপ্রিয়তা এবং ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে হয়েছিল। এইভাবেই বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম, চার ধাম হিসেবে স্বীকৃতি পায় এবং সংশ্লিষ্ট অঞ্চলের আম্নায় মঠের সঙ্গে যুক্ত হয়ে যায়।
হিন্দুদের বিশ্বাস অনুযায়ী প্রতিটি ধাম হিন্দু ধর্মের একটি নির্দিষ্ট যুগের প্রতিনিধিত্ব করে। যেমন বদ্রীনাথ সত্যযুগের প্রতিনিধিত্ব করে, রামেশ্বরম ত্রেতাযুগের প্রতিনিধিত্ব করে, দ্বারকা দ্বাপরযুগের প্রতিনিধিত্ব করে এবং পুরী কলিযুগের প্রতিনিধিত্ব করে। হিন্দুদের বিশ্বাস, জীবনে একবার হলেও যদি চার ধাম দর্শন করা যায়, তাহলে তাঁদের পাপক্ষয় হয় এবং মোক্ষলাভের সম্ভাবনা তৈরি হয়। এই কারণেই চার ধামকে হিন্দু ধর্মের সর্বোচ্চ তীর্থযাত্রাগুলির একটি হিসেবে গণ্য করা হয়।
একই সঙ্গে মনে রাখা দরকার চার ধাম এবং ছোটা চার ধাম এক নয়। ছোটা চার ধাম হল উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ – এই চারটি তীর্থস্থান। এটি মূলত উত্তরাখণ্ডকেন্দ্রিক একটি তীর্থপথ, যার নামকরণ ও জনপ্রিয়তা তুলনামূলকভাবে আধুনিক ধর্মীয় পর্যটন শিল্পের মাধ্যমে বিস্তৃত হয়েছে।
উত্তর ধাম হিসেবে বদ্রীনাথের গুরুত্ব গড়ে উঠেছে মন্দিরটির ভৌগোলিক অবস্থান ও প্রাচীন বৈষ্ণব ঐতিহ্যের কারণে। বদ্রীনাথ মন্দির গরহওয়াল হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে অলকানন্দা নদীর তীরে অবস্থিত। হিন্দুদের কাছে এই অঞ্চলটি নর-নারায়ণ ঋষির তপোভূমি হিসেবে পরিচিত। দুর্গম পরিবেশের কারণে বদ্রীনাথকে আত্মসংযম ও বৈরাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়। ঐতিহাসিকভাবে এটি উত্তর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈষ্ণব তীর্থগুলির মধ্যে একটি। আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত জ্যোতির্মঠ উত্তর ভারতের অদ্বৈত বেদান্ত শিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। পরবর্তীকালে উত্তর ভারতের তীর্থ ও ধর্মীয় আচারের ক্ষেত্রে এই মঠের প্রভাব বিস্তৃত হয়। এই প্রভাবের ফলেই বদ্রীনাথ তীর্থ উত্তর ভারতের প্রতিনিধিত্বকারী প্রধান ধাম হিসেবে স্বীকৃতি পায় এবং পরবর্তীকালে চার ধাম কাঠামোর অন্তর্ভুক্ত হয়। বদ্রীনাথ নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে।
পশ্চিম ধাম হিসেবে দ্বারকার গুরুত্ব মূলত শ্রীকৃষ্ণকেন্দ্রিক পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত। গুজরাটের উপকূলে অবস্থিত দ্বারকা, পুরাণে শ্রীকৃষ্ণের রাজ্য হিসেবে বর্ণিত রয়েছে। প্রত্নতাত্ত্বিক গবেষণায় এই অঞ্চলে একাধিক প্রাচীন বসতির অস্তিত্ব পাওয়া যায়, যেগুলি সময়ের সঙ্গে সমুদ্রের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ভারতের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বৈষ্ণব তীর্থ হিসেবে দ্বারকা বিশেষ ধর্মীয় মর্যাদা অর্জন করে। পরবর্তীকালে আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত সারদা মঠ পশ্চিম ভারতের অদ্বৈত বেদান্ত শিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এবং এই অঞ্চলের ধর্মীয় আচার সংস্কৃতিকে প্রভাবিত করে। এভাবে দ্বারকা পশ্চিম ভারতের প্রতিনিধিত্বকারী প্রধান তীর্থ হিসেবে স্বীকৃতি পায় এবং পরবর্তীকালে চার ধামের পশ্চিম ধাম হিসেবে প্রতিষ্ঠিত হয়। দ্বারকা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে।
পূর্ব ধাম হিসেবে পুরীর গুরুত্ব গড়ে উঠেছে তার প্রাচীনতা এবং জগন্নাথ উপাসনার মাধ্যমে। পুরী বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং ভারতের প্রাচীনতম নগরগুলির মধ্যে একটি। এখানে জগন্নাথ রূপে কৃষ্ণের পূজা করা হয়। কৃষ্ণের সঙ্গে এখানে বলরাম এবং সুভদ্রার পূজাও করা হয়। আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত গোবর্ধন মঠ পুরীতেই অবস্থিত হওয়ায় এই নগরী পূর্ব ভারতের অদ্বৈত বেদান্ত শিক্ষা ও স্মার্ত ধর্মচর্চার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এই প্রাতিষ্ঠানিক উপস্থিতির ফলে পুরী তীর্থ পূর্ব ভারতের ধর্মীয় পরিসরে একটি কেন্দ্রীয় স্থান অধিকার করে এবং ধীরে ধীরে চার ধামের কাঠামোয় পূর্ব ধাম হিসেবে স্বীকৃতি লাভ করে। পুরী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে।
দক্ষিণ ধাম হিসেবে রামেশ্বরমের গুরুত্ব শৈব ঐতিহ্য ও রামায়ণের কাহিনীর সঙ্গে যুক্ত। রামেশ্বরম ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। রামায়ণের কাহিনী অনুযায়ী, লঙ্কা অভিযানের আগে ভগবান রাম এখানে ভগবান শিবের আরাধনা করেছিলেন। এই বিশ্বাস হিন্দুদের কাছে রামেশ্বরমকে বিশেষ মর্যাদা দেয়। দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শৈব তীর্থ হিসেবে এটি দীর্ঘদিন ধরেই স্বীকৃত। আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত শৃঙ্গেরী মঠ কর্ণাটকে অবস্থিত হলেও তাঁর সময়ে দক্ষিণ ভারত বর্তমান রাজ্যসীমা অনুযায়ী বিভক্ত ছিল না, বরং এটি একটি বিস্তৃত সাংস্কৃতিক-ধর্মীয় অঞ্চল হিসেবে বিবেচিত হত। শৃঙ্গেরী মঠ এই সমগ্র দক্ষিণাঞ্চলে অদ্বৈত বেদান্ত শিক্ষা ও স্মার্ত ধর্মচর্চার প্রাতিষ্ঠানিক কেন্দ্র হিসেবে কাজ করত। এই প্রতিষ্ঠিত ধর্মীয় কাঠামোর মধ্যেই রামেশ্বরম দক্ষিণ ভারতের প্রধান শৈব তীর্থ হওয়ায় ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও চার ধামের কাঠামোয় দক্ষিণ ধাম মন্দিরটি যুক্ত হয়। রামেশ্বরম নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে।
এইভাবে চার ধাম ধারণাটি কোনো একক মুহূর্তে তৈরি হয়নি। এটি প্রাচীন মন্দিরগুলির ঐতিহ্য, আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত মঠব্যবস্থা এবং তীর্থযাত্রার ধারণার সম্মিলিত ফল। মঠ ছিল দর্শন ও সন্ন্যাস প্রশাসনের কেন্দ্র, আর মন্দির ছিল উপাসনা ও তীর্থচর্চার কেন্দ্র। এই দুই ধারার ধীরে ধীরে গড়ে ওঠা সংযোগ থেকেই চার ধাম একটি সংগঠিত সর্বভারতীয় তীর্থব্যবস্থায় পরিণত হয়েছে।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান