আজ বাংলা ১৪৩১ সালের ১১ চৈত্র এবং ইংরাজি ২০২৫ সালের ২৫ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রপতি ও সামরিক শাসক ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালিদের ওপর গণহত্যা চালায়। সেই কালো দিনকে স্মরণ করে বাংলাদেশের জাতীয় সংসদে ২৫ মার্চ দিনটিকে বাঙালি গণহত্যা স্মরণ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই দিবস নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-genocide-remembrance-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ ঊষা মেহতার জন্মদিন। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভূগর্ভস্থ ‘সিক্রেট কংগ্রেস রেডিও’ নামক গোপন রেডিও স্টেশন তৈরি করেছিলেন ঊষা মেহতা। স্বাধীনতা সংগ্রামের সমস্ত খবর ছড়িয়ে দিতেন সেখান থেকে। খুব ছোটবেলায় যখন আট বছর বয়স, তখন সাইমন কমিশনের বিরুদ্ধে মিছিলে অংশগ্রহণ করেছিলেন তিনি। দশ বছর বয়সে লবণ সত্যাগ্রহে সাড়া দিয়ে বাড়িতে সমুদ্রের জল এনে লবণ তৈরি করেছিলেন। আজীবন গান্ধীবাদী ঊষা, ব্রহ্মচারীর জীবন বেছে নিয়ে কখনও বিবাহ করেননি। অল্প বয়স থেকেই খাদির বস্ত্র পরিধান করতেন তিনি। এই মহান দেশপ্রেমিক ঊষা মেহতা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/usha-mehta/
আজ নরম্যান বোরলাগের জন্মদিন। সারা বিশ্বের কাছে ‘সবুজ বিপ্লব’এর জনক হিসেবে পরিচিত আমেরিকান কৃষিবিদ নরম্যান বোরলাগ। ক্ষয়-প্রতিরোধী, উচ্চফলনশীল নতুন জাতের বহু গমবীজের উদ্ভাবন করে তিনি খাদ্য সংকটের সুরাহা করতে সক্ষম হয়েছিলেন। ভারত, পাকিস্তান-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও তাঁর উদ্ভাবিত মেক্সিকান শস্যের বীজ কৃষিক্ষেত্রের হাল ফিরিয়ে দিয়েছিল এবং ক্ষুধা ও তৎজনিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল শিশু থেকে বৃদ্ধ সকলকেই। বন পরিষেবার কাজও করেছিলেন তিনি একসময়। করেছেন অধ্যাপনার কাজও। খেলাধুলাতে বিশেষত কুস্তিতে ছিলেন ভীষণই দক্ষ। বিশ্বজুড়ে খাদ্য সংকটের একপ্রকার সমাধানের জন্য নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে। এই মহান কৃষিবিদ নরম্যান বোরলাগ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/norman-borlaug/
আজ নিমাই ঘোষের মৃত্যুদিন। কেউ একজন তাঁর ক্যামেরা ফেলে গেলেন ট্যাক্সিতে, আর সেই ক্যামেরা হাতে পেয়ে কালেকালে আরেকজন হয়ে উঠলেন দেশের প্রথমসারির আলোকচিত্রশিল্পী, সত্যজিৎ রায়ের কথায়, “ক্যামেরা হাতে বসওয়েল”। এমনটা তো গল্পেই মানায় ভাল, তাই দিয়ে যে আস্ত একটা জীবন তৈরি করা যায়, নিমাই ঘোষ না থাকলে জানাই যেত না। তাঁকে দেখলেই জানা যায়, যে শুধু একটা ক্যামেরা পেলেই হয় না, তাঁর সঙ্গে থাকতে হয় নিষ্ঠা, অধ্যবসায় আর নতুন কিছু করার জেদ। নিমাই ঘোষ সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nemai-ghosh/
১৯৯২ সালের ২৫ মার্চ ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়। প্রথম সাদা জার্সি ছেড়ে খেলোয়াড়রা রঙিন জার্সি পরে একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ খেলতে নেমেছিলেন এই বিশ্বকাপের আসরে। খেলার মাঠে কালো সাইট স্ক্রিন লাগানোর চল শুরু হয় এই বিশ্বকাপ থেকেই। আজ যে ডাক-ওয়ার্থ-লুইস সিস্টেমের কথা জানি, তার উদ্ভবের পিছনে ১৯৯২ বিশ্বকাপের একটি নাটকীয় সেমিফাইনাল ম্যাচ ছিল দায়ী। এই বিশ্বকাপেই পাকিস্তান তাদের প্রথম বিশ্বকাপ জিতেছিল। ১৯৯২ সালের রোমাঞ্চে ভরপুর এই বিশ্বকাপের উল্লেখযোগ্য সব ঘটনা এবং খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/1992-cricket-world-cup/
শান্তিনিকেতনে দোল পূর্ণিমা তিথিতে পালিত বসন্তোৎসব এক দর্শনীয় ইভেন্ট। শুধু তাই নয়, প্রকৃতির অতুল ঐশ্বর্য ও শিল্প-সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে শান্তিনিকেতন শুধুমাত্র বাংলা বা ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছেই আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান। শান্তিনিকেতন ভ্রমণের খুঁটিনাটির ব্যাপারে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shantiniketan-trip/
কঙ্কালীতলা মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে কোপাই নদীর তীরে অবস্থিত। বলা হয় এটি একান্ন সতীপীঠের শেষ পীঠ। এই পীঠ সতীপীঠ না উপপীঠ এই নিয়ে অনেক মতান্তর রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর কঙ্কাল পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর কোমরের অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী দেবগর্ভা এবং ভৈরব হলেন রুরু। অন্যমতে দেবীর নাম রত্নাগর্ভি। এই সতীপীঠ নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/konkalitola-satipith/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
একটি কাহিনী অনুসারে গুন্ডিচা হলেন কৃষ্ণের মাসি। রথযাত্রার সময় পোড়াপিঠে খেতে জগন্নাথ তাঁর ভাইবোনকে নিয়ে মাসির বাড়ি আসেন। আবার অন্য কাহিনী অনুসারে গুন্দিচা গত জন্মে ছিলেন কৃষ্ণের ভক্ত। তাঁর একটি কথা রাখতে জগন্নাথ আসেন গুন্দিচা মন্দিরে। এছাড়াও এই মন্দির ঘিরে রয়েছে আরও কাহিনী। সেসব জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/Uq4FO_gPht
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান