পশ্চিমবঙ্গের ইতিহাস শুধুমাত্র পাঠ্যবইয়ের পাতায় আবদ্ধ নয়; বরং এই রাজ্যের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে এমন সব নিদর্শন, যেগুলো আজও সাক্ষ্য দেয় এক গৌরবময় অতীতের। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মুসলিম শাসন বা ব্রিটিশ ঔপনিবেশিক যুগ – সব সময়ের ছাপ রয়েছে এই বাংলার মাটিতে। এখানে পশ্চিমবঙ্গের সেরা পাঁচটি ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করা হল।
১) মুর্শিদাবাদ – নবাবদের শহর
পশ্চিমবঙ্গের সেরা পাঁচটি ঐতিহাসিক স্থান বলতে বললে মুর্শিদাবাদের নাম নিঃসন্দেহে তালিকার ওপরে থাকবে। ভাগীরথীর ধারে দাঁড়িয়ে থাকা মুর্শিদাবাদ এক জীবন্ত ইতিহাসের পাতা। নদীর এক পাড়ে যেমন আজও নবাব সিরাজের সাথে বিশ্বাসঘাতকতার কাহিনী শোনা যায়, তেমনই অন্য পাড়ে হাজারদুয়ারি আর অন্যান্য প্রাসাদগুলো ইতিহাসের সাক্ষ্য দেয়। হাজারদুয়ারির সিঁড়ি বেয়ে উঠলে চোখে পড়ে ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া, আর পাশেই নিজামত ইমামবাড়ার মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি। কাটরা মসজিদের ইটের গায়ে খোদাই করা ফুলের নকশা, জগৎ শেঠের বাড়ির সোনার গেট, আর নশিপুর রাজবাড়ির ভয়ঙ্কর অত্যাচারের কাহিনী আজও শিহরণ জাগায়।
অষ্টাদশ শতকে এই শহর ছিল ইউরোপীয় কোম্পানিগুলোর বাণিজ্যকেন্দ্র। ব্রিটিশ ছাড়াও ফরাসী, পর্তুগীজ, ওলন্দাজ সবাই বাণিজ্যের প্রয়োজনে এখানে এসেছিল। অনেকেই এখানে কারখানাও স্থাপন করেছিল। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ এই শহরের ভাগ্য বদলে দেয়। নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের পর ব্রিটিশরা কলকাতায় প্রশাসনিক কেন্দ্র স্থানান্তর করে। আজ মুর্শিদাবাদ শুধু ইতিহাস নয়, এক জীবন্ত জাদুঘর—যেখানে প্রতিটি ইট, প্রতিটি দরজা অতীতের গল্প বলে। মুর্শিদাবাদ ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে।
আরও পড়ুন: হাজারদুয়ারি ভ্রমণ
২) গৌড় – প্রাচীন বাংলার রাজধানী
পশ্চিমবঙ্গের সেরা পাঁচটি ঐতিহাসিক স্থান জিজ্ঞেস করলে গৌড়ের নাম তালিকার ওপরেই রাখতে হবে। মালদার শুষ্ক মাটি আর লাল ইটের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা গৌড় যেন এক নিঃশব্দ রাজ্য। দাখিল দরওয়াজার তলা দিয়ে হাঁটলে মনে হয়, যেন সময় পিছিয়ে যাচ্ছে। ফিরোজ মিনার নিজের রাজসিক সৌন্দর্যে দাঁড়িয়ে, আর লুকোচুরি দরওয়াজা যেন সত্যিই লুকিয়ে রাখে ইতিহাসের রহস্য। তাছাড়া বড় সোনা মসজিদ, গুমতি দরওয়াজা, বাইশগাজি প্রাচীর—সবই গৌড়ের স্থাপত্য ঐতিহ্যের নিদর্শন।
এই শহর একসময় ছিল বাণিজ্য, ধর্ম, রাজনীতি ও শিল্পের কেন্দ্রবিন্দু। একসময় গৌড় ছিল পাল, সেন, খিলজি, ইলিয়াস শাহী, হাবশি ও মুঘল শাসকদের রাজধানী। ১৫০০ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম শহর ছিল এটি। ১৫৭৫ সালের প্লেগ মহামারী ও গঙ্গার গতিপথ পরিবর্তনের ফলে শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে। আজও গৌড়ের ধ্বংসস্তূপে দাঁড়ালে মনে হয়, ইতিহাসের এক গোপন দরজা খুলে গেছে। গৌড় ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে।
৩) বিষ্ণুপুর – টেরাকোটার শহর
পশ্চিমবঙ্গের সেরা পাঁচটি ঐতিহাসিক স্থানের তালিকায় বিষ্ণুপুর প্রথমের সারিতে আসবে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলো ইউনেস্কোর প্রস্তাবিত বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, যা ভবিষ্যতে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেতে পারে। এখানের রাসমঞ্চে পা রাখতেই পোড়ামাটির গন্ধে ভরে যায় মন। জোড়বাংলা মন্দিরের খোদাইয়ে রামায়ণ, মহাভারতের দৃশ্য যেন জীবন্ত হয়ে ওঠে। মল্ল রাজাদের তৈরি মন্দিরগুলোতে দেখা যায় চালা, একরত্ন, পঞ্চরত্ন শৈলীর ব্যবহার। বিষ্ণুপুর শুধু স্থাপত্য নয়, এটা এক শিল্পময় অধ্যায়—যেখানে টেরাকোটা, বাঁশের কাজ, বালুচরি শাড়ি সব মিলিয়ে বাংলার হস্তশিল্পের গর্ব।
সপ্তদশ থেকে অষ্টাদশ শতকে নির্মিত মন্দিরগুলোতে রয়েছে রাধা-কৃষ্ণের উপাসনা, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ছাপ। বীর হাম্বীরের সময় থেকেই বিষ্ণুপুর একটি বৈষ্ণব সংস্কৃতি ও শিল্পের কেন্দ্র হিসেবে বিকশিত হয়, যা ভিন্নধর্মী ধর্মীয়, স্থাপত্য ও সঙ্গীতজগতের সংমিশ্রণ ঘটিয়েছিল। ৯৯৪ সালে বিষ্ণুপুরে প্রথম দুর্গাপূজার সূচনা হয়। বিষ্ণুপুর ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে।
আরও পড়ুন: দার্জিলিং টয় ট্রেন ভ্রমণ
৪) কলকাতা – ব্রিটিশ ভারতের প্রাক্তন রাজধানী
পশ্চিমবঙ্গের সেরা পাঁচটি ঐতিহাসিক স্থানের মধ্যে কলকাতা এক উল্লেখযোগ্য নাম। ১৭৭২ সালে ব্রিটিশ আমলে যখন মুর্শিদাবাদ থেকে রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয়, তখন থেকেই শহরটি হয়ে ওঠে ব্রিটিশ ভারতের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ১৯১১ সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলেও কলকাতা আজও ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। কলকাতার রাস্তায় ট্রামের ঘণ্টা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মার্বেলে সূর্যের আলো, কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ছায়া, আর রবীন্দ্রনাথের কবিতার ছন্দে শহরটা যেন নিজেই একটা সাহিত্য। কলকাতা শুধু শহর নয়, এটা স্মৃতি দিয়ে বাঁধা এক জীবন। ফোর্ট উইলিয়াম, টাউন হল, সেন্ট পলস ক্যাথেড্রাল, এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন। কলকাতা ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে।
৫) চন্দ্রকেতুগড় – প্রাচীন সভ্যতার নিদর্শন
পশ্চিমবঙ্গের সেরা পাঁচটি ঐতিহাসিক স্থান বললে চন্দ্রকেতুগড়ের নাম শুরুতেই আসা উচিত, যদিও তা আসে নয়া। বারাসতের কাছে একটুকরো টিলা, আর কিছু খননের দাগে ভরা চন্দ্রকেতুগড়ে ঘুমিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এখানে পাওয়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজ ভারতের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত, আর কিছু বিদেশেও পৌঁছে গেছে। এখানে খনা-মিহিরের ঢিপির সামনে দাঁড়িয়ে মনে হয়—এইখানেই কি কৃষির জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন খনা? গুপ্ত, মৌর্য, পাল, সেন যুগের নিদর্শন—টেরাকোটা, মুদ্রা, অলংকার, পোড়ামাটির মূর্তি—সবই এখানে পাওয়া গেছে। চন্দ্রকেতুগড়কে অনেকেই গঙ্গারিডাই সভ্যতার অংশ বলে মনে করেন, যেটি গ্রিক ঐতিহাসিকদের লেখায় পাওয়া যায়। কিন্তু আজ এই জায়গা অনেকটাই অবহেলিত। চন্দ্রকেতুগড় ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে।
পশ্চিমবঙ্গের সেরা পাঁচটি ঐতিহাসিক স্থান বলতে আমরা যে পাঁচটি জায়গা নিয়ে আলোচনা করেছি, সেগুলো ছাড়াও এই বাংলায় প্রচুর উল্লেখযোগ্য জায়গা রয়েছে। এই তালিকায় সকলের জায়গা হয়নি। আমরা কয়েকটি জায়গা নিয়েই পশ্চিমবঙ্গের সেরা পাঁচটি ঐতিহাসিক স্থানের তালিকা তৈরি করেছি।
আরও পড়ুন: ভারতীয় জাদুঘর ভ্রমণ
সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৫
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান