সববাংলায়

বগুরান জলপাই ভ্রমণ | বগুড়ান জালপাই ভ্রমণ

বিভাগঃ ,

পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকতের তালিকায় বগুরান জলপাই (Baguran Jalpai) বা বগুড়ান জালপাই নবতম সংযোজন। নিরিবিলি এই সৈকতে মানুষজনের ভিড় কম, তবে লাল কাঁকড়ার ভিড় চোখে দেখার মত। শুধু কাঁকড়াই নয়, ম্যানগ্রোভ, ঝাউবন তথা সবুজের সমাহারে চোখ জুড়িয়ে যায়। ২০২৩ সালে বগুরান জলপাইকে জৈববৈচিত্র্য আইন, ২০০২, ধারা ৩৭(১) দ্বারা জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান (Biodiversity Heritage Site) হিসাবে ঘোষণা করা হয়েছে। এই খবরে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক। বর্তমানে যেখানে জীববৈচিত্র্য বা বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, সেখানে বগুরান জলপাইকে জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান ঘোষণা নিঃসন্দেহে খুশির খবর।

বগুরান জলপাই কোথায়

বগুরান জলপাই পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত একটি সমুদ্রসৈকত। এটি কলকাতা থেকে ১৬০ কিলোমিটার, বর্ধমান থেকে ২৪০ কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে ৭২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। মন্দারমনি থেকে বগুরান জলপাইয়ের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। পূর্ব মেদিনীপুরেই পশ্চিমবঙ্গের সর্বাধিক সৈকত রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার দিকে উপকূল বরাবর পূর্ব মেদিনীপুরের সৈকতগুলো হল যথাক্রমে বাঁকিপুট, জুনপুট, বগুরান জলপাই, মন্দারমনি, তাজপুর, চাঁদপুর, শঙ্করপুর, ওল্ড দীঘা, নিউ দীঘা। নিউ দীঘা সৈকতের পরেই ওড়িশার দুটো সমুদ্রসৈকত উদয়পুর এবং তালসারিকে স্থানীয়রা দীঘার সাইটসিইং হিসাবে ধরে।

বগুরান জলপাই কীভাবে যাবেন

ট্রেনে গেলে দীঘাগামী যেকোনো ট্রেনে চেপে কাঁথি স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে বগুরান জলপাইয়ের হোটেল অবধি যাবার জন্য অটো পাওয়া যাবে। বাসে গেলে দীঘাগামী বাস ধরে কাঁথি বাসস্ট্যান্ডে পৌঁছাতে হবে। সেখান থেকে হোটেল অবধি যাওয়ার জন্য অটো বুক করতে হবে। গাড়িতে গেলে জাতীয় সড়ক ১১৬ ধরে কাঁথি যেতে হবে। কাঁথি থেকে স্থানীয় রাস্তা ধরে বগুরান জলপাই যেতে হবে। কলকাতা থেকে গাড়িতে যেতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে।

বগুরান জলপাইতে কোথায় থাকবেন

জায়গাটি তুলনামূলক ভাবে নতুন হওয়ায় এখানে দীঘা বা মন্দারমনির মত প্রচুর হোটেল নেই। বর্তমানে বগুরান জলপাইতে থাকার একটিমাত্র হোটেল আছে – সাগর নিরালায় গেস্ট হাউস। এখানে বিভিন্ন ধরণের রুম এখানে পাওয়া যাবে। থাকা খাওয়া নিয়ে প্রতিদিন মাথা পিছু খরচ পড়বে আনুমানিক ২০০০ টাকা। একটা মাত্র হোটেল থাকার জন্য ওখানে যাওয়ার আগে অবশ্যই হোটেল বুক করে যাবেন।

বগুরান জলপাইতে কী দেখবেন

বিস্তৃত, নির্জন ও পরিষ্কার সৈকত, চারপাশে আদিম সবুজের মেলা এবং সৈকতে অজস্র লাল কাঁকড়ার সারি এখানের মূল আকর্ষণ।

বিস্তীর্ণ সৈকত – বিস্তৃত এই সৈকতে সমুদ্রকে ছুঁতে হলে অনেকটা হেঁটে যেতে হয়। ভাঁটার সময় হলে তো কথাই নেই। তখন সমুদ্র দুই কিলোমিটারের অধিক দূরে থাকে। সমুদ্র থেকে আশা জলে সৈকতের মাঝে গড়ে ওঠা জলাশয় পেরিয়ে সমুদ্রের কাছে যেতে হয়। তবে সেই সময় জলাশয় পেরিয়ে সৈকতের যে অংশে চর পড়ে থাকে, সেখানে গেলে আপনার মনেই হবে না যে এটা পশ্চিমবঙ্গের কোন সৈকত, এতটাই পরিষ্কার। দীঘার মতো এখানে সমুদ্রের ঢেউ এতটা উত্তাল নয় এবং জলও তুলনামূলক ভাবে পরিষ্কার। তাই এখানে স্নান করতে পারেন। তবে সমুদ্র স্নান করতে হলে হোটেলে জোয়ার ভাটার সময় জেনে নিন, নাহলে সমুদ্রের কাছে যাবার জন্য অনেকটা হাঁটতে হতে পারে। আগামী দিনেও যাতে এই সৈকত একইরকম পরিষ্কার থাকে, সেই চেষ্টা করবেন, কোথাও নোংরা জিনিস বা প্লাস্টিক কিছু ফেলে আসবেন না। সৈকত জুড়ে এখানে সাদা, ধুসর, বেগুনি বা রংবেরঙের ঝিনুকের খোল বা শামুকের খোল পড়ে থাকে। অনেকেই এগুলো কুড়োতে পছন্দ করেন, কিন্তু খেয়াল রাখবেন খোলের মধ্যে কোন জীবিত প্রাণী যেন না থাকে। হোটেল থেকে সৈকত প্রায় ৭০০ মিটার দূরে। অনেকে গাড়ি নিয়ে এই রাস্তাটা অতিক্রম করে। কিন্তু সবুজে ঘেরা এই রাস্তায় ব্যাঙ বা ছোট কোন প্রাণী পার হবার সময় গাড়ির ধাক্কায় মারা যায়, সেদিকে খেয়াল রাখুন।

লাল কাঁকড়া – এই সৈকতে লাল কাঁকড়ার ঝাঁক খেলা করে বেড়ায়, যা অন্য সৈকতগুলোতে সচরাচর দেখা যায় না। পূর্বে মন্দারমনি, তাজপুর বা তালসারিতে লাল কাঁকড়া যথেষ্ট পরিমাণে দেখা যেত, কিন্তু বর্তমানে প্রায় দেখাই যায় না। তাই লাল কাঁকড়া তথা প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে ২০২৩ সালে বগুরান জলপাইকে জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয়েছে। তাই খেয়াল রাখবেন সৈকতে গাড়ি চালানো, মদের বোতল নিয়ে সমুদ্রে নামা বা প্রাকৃতিক সম্পদ যে কোন ভাবে নষ্ট করলেই তা দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। লাল কাঁকড়া ছাড়াও বন বিভাগের কিছু কর্মকর্তার মতে, এখানে বিরল প্রজাতির লিমুলাস বা রাজ কাঁকড়াও দেখা যায়। সৈকতের পাশে লম্বা ঝাউবন এবং ম্যানগ্রোভ অরণ্যে রয়েছে গোল্ডেন জ্যাকল, বেঙ্গল ফক্স, মনিটর লিজার্ড, জাঙ্গল ক্যাট সহ বিভিন্ন বন্যপ্রাণী।

বগুরান জলপাই থেকে সাইটসিইং করতে একদিনে জুনপুট , বাঁকিপুট , বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত কপালকুণ্ডলা মন্দির এবং দরিয়াপুর লাইটহাউস ঘুরে দেখতে পারেন। তবে খেয়াল রাখবেন দরিয়াপুর লাইটহাউস শুধুমাত্র বিকালে খোলা থাকে। তাছাড়া অন্যদিকে মন্দারমনি, তাজপুরও ঘুরে দেখতে পারেন।

বগুরান জলপাইতে কখন যাবেন

বগুরান জলপাই সারা বছর যাওয়া যায়। তবে অক্টোবর থেকে মার্চ মাসে এখানে ভ্রমণ করার উপযুক্ত সময়। বর্ষাকালে সমুদ্রের সৌন্দর্য অন্যরকম থাকে। কিন্তু একইসাথে পোকামাকড় বা সাপখোপেরও ভয় থাকে। তাই বর্ষায় এলে সাবধানতা অবলম্বনীয়।

সতর্কতা ও পরামর্শ

  • লাল কাঁকড়াদের কোনভাবে বিরক্ত করবেন না বা তাদের হাতে ধরার চেষ্টা করবেন না।
  • জায়গাটি জৈববৈচিত্র্য আইন, ২০০২, ধারা ৩৭(১) দ্বারা জৈববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত। তাই সৈকতে গাড়ি চালানো, মদের বোতল নিয়ে সমুদ্রে নামা বা প্রাকৃতিক সম্পদ যে কোন ভাবে নষ্ট করলেই তা দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে।
  • যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন।
  • সৈকত এখানে অনেক বিস্তৃত এবং সমুদ্র অনেক দূরে। তাই সমুদ্র স্নান করতে হলে হোটেলে জোয়ার ভাটার সময় জেনে নিন।
  • হোটেল থেকে সৈকত প্রায় ৭০০ মিটার দূরে। অনেকে গাড়ি নিয়ে এই রাস্তাটা অতিক্রম করে। কিন্তু সবুজে ঘেরা এই রাস্তায় ব্যাঙ বা ছোট কোন প্রাণী পার হবার সময় গাড়ির ধাক্কায় মারা যায়, সেদিকে খেয়াল রাখুন।
  • ঝিনুকের খোল বা শামুকের খোল কুড়োনোর সময় খেয়াল রাখবেন খোলের মধ্যে কোন জীবিত প্রাণী যেন না থাকে।
  • বগুরান জলপাইতে একটামাত্র হোটেল থাকার জন্য ওখানে যাওয়ার আগে অবশ্যই হোটেল বুক করে যাবেন।

ট্রিপ টিপস

  • সৈকত জুড়ে লাল কাঁকড়ার ভিড়, সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে তাদের দৌড়নো এগুলোর ছবি তুলতে বড় লেন্সের ক্যামেরা সঙ্গে রাখুন, কিন্তু কাছে গিয়ে তাদের বিরক্ত করবেন না।

সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৪


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।