সববাংলায়

উপপাণ্ডব ।। দ্রৌপদীর পাঁচ সন্তান

পঞ্চপাণ্ডবের স্ত্রী ছিলেন দ্রৌপদী। তাঁর গর্ভে পঞ্চপাণ্ডবের ঔরসে জন্ম নিয়েছিল পাঁচ বীরসন্তান। এই পাঁচ সন্তানদের বলা হয় উপপাণ্ডব । কুরুক্ষেত্র যুদ্ধের শেষদিনে যখন তাঁরা ঘুমোচ্ছিলেন, তখন ঘুমন্ত অবস্থাতেই অশ্বত্থামা তাঁদের হত্যা করেন।

কুন্তী এবং মাদ্রীর সাথে পাণ্ডুর বিয়ে হয়েছিল। মাদ্রীর মৃত্যুর পর কুন্তী পাঁচ সন্তানকেই নিজের সন্তানের মত করে সমান অধিকারের সাথে মানুষ করে তোলে। দ্রৌপদীর সাথে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পঞ্চপাণ্ডব নিজেদের মধ্যে নিয়ম বেঁধে রেখেছিলেন। সেই রকম দ্রৌপদীর গর্ভে সন্তান উৎপাদনের ক্ষেত্রেও কুন্তী এবং মাদ্রীর পুত্রেরা একটি বিশেষ নিয়ম পালন করতেন। সন্তান উৎপাদনের প্রথম অধিকার আসে যুধিষ্ঠিরের, যিনি ছিলেন জ্যেষ্ঠ পাণ্ডব এবং কুন্তীর প্রথম সন্তান। তাঁর পরে আসে মাদ্রীর সন্তান নকুলের পালা। তাঁর পরে কুন্তীর দ্বিতীয় পুত্র ভীম আসে। তাঁর পরে আসেন মাদ্রীর দ্বিতীয় পুত্র সহদেব। তিনি আসার পরে কুন্তীর কনিষ্ঠ পুত্র অর্জুন। উপপাণ্ডবদের নামগুলো হল যথাক্রমে –
১। প্রতিবিন্ধ্য- যুধিষ্ঠির ও দ্রৌপদীর পুত্র
২। শতনিকা- নকুল ও দ্রৌপদীর পুত্র
৩। সূতসোমা- ভীম ও দ্রৌপদীর পুত্র
৪। শ্রুতসেন – সহদেব এবং দ্রৌপদীর পুত্র
৫। শ্রুতকর্মা- অর্জুন এবং দ্রৌপদীর পুত্র

জ্যেষ্ঠ উপপাণ্ডব প্রতিবিন্ধ্যকে চিত্ররথের অবতার বলে মনে করা হয়। চিত্ররথ ছিলেন একজন গন্ধর্ব রাজা। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় তিনি অর্জুনের সাথে যুদ্ধ করেছিলেন। দ্বিতীয় উপপাণ্ডব শতানিকাকে বিশ্বদেবের অবতার বলে মনে করা হয়। কুরু বংশেরই একজন বিখ্যাত রাজার নামে তাঁর নামকরণ হয়েছিল। তিনি কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষের রাজা ভূতকর্মাকে বধ করেছিলেন। তৃতীয় উপপাণ্ডব সূতসোমা কুরুক্ষেত্র যুদ্ধের সময় শকুনিকে প্রায় বধ করে ফেলছিলেন। তিনি অর্জুনের খুব প্রিয় ছিলেন এবং অর্জুন তাঁর রথের জন্য একটি ধনুক এবং ঘোড়া দিয়েছিলেন। চতুর্থ উপপাণ্ডব শ্রুতসেন কুরুক্ষেত্রের যুদ্ধে ভুরিশ্রভার ভাইকে বধ করেছিলেন। পঞ্চম উপপাণ্ডব শ্রুতকর্মার বয়স কুরুক্ষেত্র যুদ্ধের সময় কম হলেও যুদ্ধে তিনি দুঃশাসন ও অশ্বত্থামার মত শক্তিশালী যোদ্ধাদের মুখোমুখি হয়েছিলেন।

কুরুক্ষেত্র যুদ্ধের শেষ দিন যখন ভীমের হাতে দুর্যোধনের পরাজয় ঘটে, তখন অশ্বত্থামা প্রতিশোধ নেওয়ার জন্য কৃতর্বমা এবং কৃপাচার্যকে সঙ্গে নিয়ে পাণ্ডবশিবিরে আসেন এবং পঞ্চপাণ্ডব ভেবে ঘুমন্ত উপপাণ্ডবদের হত্যা করেন। এই হত্যা ছিল কুরুক্ষেত্র যুদ্ধের এক অনৈতিক এবং অন্যতম নৃশংস হত্যা।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading