জগদ্ধাত্রী পূজা বাংলার অন্যতম জনপ্রিয় শাক্ত উৎসব। দেবী দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রীকে বিশ্বব্রহ্মাণ্ডের ধারিণী ও পালনকর্ত্রী হিসেবে আরাধনা করা হয়। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে অনুষ্ঠিত এই পূজা বিশেষভাবে জনপ্রিয় পশ্চিমবঙ্গের হুগলী জেলার চন্দননগর এবং নদীয়া জেলার কৃষ্ণনগরে। প্রতিমার বৈশিষ্ট্য, প্রাচীন ধর্মীয় ঐতিহ্য, বর্ণাঢ্য মণ্ডপসজ্জা এবং চোখধাঁধানো আলোকসজ্জার জন্য এই পূজা বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে।
২০২৬ সালের জগদ্ধাত্রী পূজা কবে?
- বাংলা তারিখ: ১অগ্রহায়ণ, ১৪৩৩
- ইংরাজি তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা ও কালীপূজার পর এই পূজা অনুষ্ঠিত হয় বলে বাংলার শারদোৎসবের মরশুমে এটি একটি বিশেষ উৎসব হিসেবে বিবেচিত হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সাধারণত অক্টোবর অথবা নভেম্বর মাসে এই পূজা অনুষ্ঠিত হয়।
পৌরাণিক গল্প
দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব ও তাঁর উপাসনার সঙ্গে একাধিক পৌরাণিক কাহিনি জড়িয়ে রয়েছে। এর মধ্যে কেন উপনিষদে বর্ণিত উমা হৈমবতীর উপাখ্যান এবং দেবী মহাত্ম্যমে বর্ণিত মহিষাসুরের হাতিরূপ ধারণের কাহিনি বিশেষভাবে উল্লেখযোগ্য।
উমা হৈমবতীর কাহিনী
কেন উপনিষদ অনুসারে, একসময় দেবতা ও অসুরদের মধ্যে ভয়ংকর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে দেবতারা অসুরদের পরাজিত করেন। কিন্তু এই জয়ের পর দেবতাদের মধ্যে অহংকার জন্ম নেয়। তাঁরা ভাবতে শুরু করেন যে নিজেদের শক্তি ও ক্ষমতার জোরেই তাঁরা এই যুদ্ধে জয়লাভ করেছেন। ব্রহ্মের শক্তি যে তাঁদের সমস্ত ক্ষমতার উৎস, সেই কথা তাঁরা ভুলে যান। দেবতাদের এই অহংকার দূর করার জন্য ব্রহ্ম তাঁদের সামনে এক রহস্যময় যক্ষের রূপে আবির্ভূত হন। কিন্তু দেবতারা তাঁকে চিনতে পারেননি। যক্ষ তাঁদের সামনে এক টুকরো ঘাস রেখে সেটিকে পোড়াতে বা উড়িয়ে দিতে বলেন।
প্রথমে অগ্নিদেব নিজের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই ঘাসটিকে পোড়াতে পারলেন না। এরপর বায়ুদেব তাঁর সমস্ত শক্তি দিয়ে ঘাসটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনিও ব্যর্থ হলেন। দেবতারা বুঝতে পারলেন, তাঁদের শক্তির ঊর্ধ্বে কোনো এক মহাশক্তি রয়েছে। এরপর দেবরাজ ইন্দ্র যক্ষের পরিচয় জানার জন্য তাঁর কাছে উপস্থিত হলেন। কিন্তু ইন্দ্রের সামনে যক্ষ অদৃশ্য হয়ে গেলেন। সেই জায়গায় আবির্ভূতা হলেন এক অপরূপ দিব্য নারী। তিনি ছিলেন উমা হৈমবতী। ইন্দ্র তাঁকে যক্ষের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে উমা জানান, যিনি যক্ষরূপে আবির্ভূত হয়েছিলেন, তিনিই ব্রহ্ম। দেবতারা আসলে নিজেদের শক্তিতে নয়, ব্রহ্মের শক্তিতেই যুদ্ধে জয়লাভ করেছিলেন। জগদ্ধাত্রীকে এখানে সেই মহাশক্তির প্রতীক হিসেবে দেখা হয়, যিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন।
মহিষাসুরের হাতিরূপ ধারণের কাহিনি
শ্রীশ্রীচণ্ডীতে বর্ণিত হয়েছে, দেবী দুর্গার সঙ্গে যুদ্ধের সময় মহিষাসুর বারবার নিজের রূপ পরিবর্তন করে দেবীকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন। প্রথমে মহিষাসুর মহিষরূপ ত্যাগ করে সিংহের রূপ ধারণ করেন। পরে তিনি তরবারি হাতে এক পুরুষের রূপ নেন। দেবী সেই রূপগুলিকেও পরাজিত করলে মহিষাসুর এক বিশালাকার হাতির রূপ ধারণ করেন। হাতিটি দেবীর সিংহবাহনকে শুঁড় দিয়ে টেনে আক্রমণ করতে উদ্যত হয়। তখন দেবী নিজের তরবারির আঘাতে হাতিটির শুঁড় ছিন্ন করে দেন। এরপর মহিষাসুর আবার মহিষের রূপ ধারণ করেন এবং শেষ পর্যন্ত দেবীর হাতে নিহত হন।
দেবীর বাহন সিংহ একটি হাতির পিঠের উপর দাঁড়িয়ে থাকে। এই হাতিরূপটি মহিষাসুরেরই হাতিরূপ। তবে প্রচলিত জগদ্ধাত্রী মূর্তিতত্ত্বে হাতিটিকে করীন্দ্রাসুর বা মহাগজাসুরের প্রতীক হিসেবেও অভিহিত করা হয়। সংস্কৃত ভাষায় হাতির একটি নাম ‘করী’। সেই সূত্রে দেবীকে করীন্দ্রাসুরনিসূদিনী নামেও অভিহিত করা হয়।
ঐতিহাসিক গল্প
দেবী জগদ্ধাত্রীর উপাসনা ঠিক কবে থেকে শুরু হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায় না। তবে পঞ্চদশ শতাব্দীর স্মৃতিশাস্ত্রকার শূলপাণির রচিত ‘কালবিবেক’ গ্রন্থে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজার বিধানের উল্লেখ পাওয়া যায়। বাংলায় এই পূজার প্রসারে অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়।
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা
বাংলায় জগদ্ধাত্রী পূজার জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রচলিত কাহিনি অনুসারে, দুর্গাপূজার সময় বন্দি থাকায় তিনি নিজের রাজ্যে ফিরে পূজায় অংশগ্রহণ করতে পারেননি। এরপর দেবী তাঁকে স্বপ্নে জগদ্ধাত্রী রূপে পূজা করার নির্দেশ দেন। সেই স্বপ্নাদেশ অনুসারেই তিনি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন বলে লোককথা রয়েছে। তবে এই স্বপ্নাদেশের কাহিনির ঐতিহাসিক সত্যতা প্রমাণিত নয়। এই পূজা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে।
গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পূজা
হুগলি জেলার গুপ্তিপাড়া বাংলার বারোয়ারি পূজার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রচলিত কাহিনি অনুসারে, একবার স্থানীয় কয়েকজন মানুষ একটি জমিদারবাড়ির দুর্গাপূজায় প্রবেশের অনুমতি না পেয়ে নিজেরাই সর্বসাধারণের জন্য পূজার আয়োজন করার সিদ্ধান্ত নেন। এরপর বারোজন বন্ধু একত্রিত হয়ে চাঁদা সংগ্রহ করে জগদ্ধাত্রী পূজার আয়োজন করেন। এই বারোজন বন্ধুর সমবেত উদ্যোগ থেকেই ‘বারোয়ারি’ পূজার প্রচলন হয়েছে বলে মনে করা হয়। এই পূজা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে।
চন্দননগরের জগদ্ধাত্রী পূজা
চন্দননগরের জগদ্ধাত্রী পূজার ইতিহাসের সঙ্গে ইন্দ্রনারায়ণ চৌধুরীর নাম জড়িয়ে রয়েছে। প্রচলিত মতে, তাঁর উদ্যোগেই এখানে পূজার সূচনা হয়। পরবর্তীকালে চন্দননগরের চালপট্টি অঞ্চলে সাধারণ মানুষের উদ্যোগে এই পূজা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তবে ইন্দ্রনারায়ণ চৌধুরীর উদ্যোগে পূজা শুরুর বিষয়টি নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। এই পূজা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে।
জয়রামবাটীর জগদ্ধাত্রী পূজা
জয়রামবাটীতে জগদ্ধাত্রী পূজার সূচনা শ্রীশ্রীমা সারদা দেবীর সময়ে। প্রচলিত বিবরণ অনুসারে, সারদা দেবীর স্বপ্নাদেশের সূত্র ধরে তাঁর পিত্রালয়ে এই পূজার প্রচলন হয়। পরবর্তীকালে এটি জয়রামবাটীর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়।
বর্তমানে জগদ্ধাত্রী পূজা কীভাবে পালিত হয়
বর্তমানে জগদ্ধাত্রী পূজা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও সামাজিক উৎসব। বিশেষ করে হুগলী জেলার চন্দননগর এবং নদীয়া জেলার কৃষ্ণনগরে এই উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা দেখা যায়। চন্দননগরের পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এক বিশাল সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। কোথাও ঐতিহ্যবাহী মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়, আবার কোথাও আধুনিক স্থাপত্য, শিল্পকর্ম কিংবা বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে মণ্ডপসজ্জা করা হয়। প্রতিমার সাজসজ্জায় শোলার কাজ ও ডাকের সাজের ব্যবহার দেখা যায়। এখানকার প্রতিমাগুলির উচ্চতাও অনেক সময় বেশ বড় হয়।
তবে চন্দননগরের সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার আলোকসজ্জা। বিভিন্ন পুজো কমিটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাস্তার দুই পাশে এবং মণ্ডপের সামনে নানা ধরনের আলোকচিত্র ও চলমান আলোর প্রদর্শনী তৈরি করে। আলো দিয়ে কখনও পৌরাণিক কাহিনি, কখনও সামাজিক বার্তা, আবার কখনও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ফুটিয়ে তোলা হয়। এই আলোকসজ্জা দেখতে প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ চন্দননগরে ভিড় করেন।
কৃষ্ণনগরের পূজার অন্যতম প্রধান আকর্ষণ হল চাষাপাড়ার বুড়িমা। এই প্রতিমাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে গভীর ভক্তি ও আবেগ রয়েছে। প্রচলিত মতে, এই পূজার সূচনা হয়েছিল ১৭৭২ সালে। এছাড়া কৃষ্ণনগরের বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা নির্মাণ ও মণ্ডপসজ্জার নিজস্ব বৈশিষ্ট্য দেখা যায়। এখানকার প্রতিমাশিল্পের ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। উৎসবের দিনগুলিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিমা দর্শনে আসেন।
চন্দননগর ও কৃষ্ণনগরের পাশাপাশি বাংলার আরও বেশ কিছু অঞ্চলে জগদ্ধাত্রী পূজা বিশেষ জনপ্রিয়। বাঁকুড়া জেলার জয়রামবাটীর পূজার সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীশ্রীমা সারদা দেবীর স্মৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্য। হুগলি জেলার গুপ্তিপাড়া, ধাত্রীগ্রাম, ভদ্রেশ্বর ও রিষড়া এবং নদিয়া জেলার শান্তিপুরসহ বিভিন্ন অঞ্চলে এই পূজা যথেষ্ট জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে জগদ্ধাত্রী পূজা একদিকে যেমন দেবীশক্তির আরাধনা, অন্যদিকে তেমনই বাংলার ঐতিহ্য, শিল্পকলা ও সংস্কৃতির এক সুন্দর প্রকাশ।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান