সববাংলায়

কলকাতার কাছে সেরা তিনটি সৈকত

সারাবছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এখানকার সৈকতে নির্দ্বিধায় ঘুরতে যায়। বিশেষ করে কলকাতার মানুষের কাছে সপ্তাহের শেষ দুই দিনের জনপ্রিয় গন্তব্যই হল সৈকত। এখানে কলকাতার কাছে সেরা তিনটি সৈকত নিয়ে আলোচনা করা হল। সেই সৈকতে কীভাবে যাবেন, কোথায় থাকবেন এইসব বিস্তারিত জানতে উল্লিখিত লিঙ্কে ক্লিক করুন।

১) দীঘা

কলকাতার কাছে সেরা তিনটি সৈকত বললে প্রথমেই যে নামটা মনে আসে, তা নিঃসন্দেহে দীঘা। কেউ কেউ বলে দীঘা হল “বাঙালির গোয়া”, আবার ওয়ারেন হেস্টিংস তাঁর একটি চিঠিতে দীঘাকে “প্রাচ্যের ব্রাইটন” বলে উল্লেখ করেছিলেন। কথাতেই আছে, বাঙালির ঘোরার তিনটে জায়গা হল দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং।

দীঘা বাঙালির কাছে কখনও পুরনো হয় না। তাই সারা বছর ধরেই এখানে প্রচুর ভিড় থাকে। বিশেষ করে স্কুলগুলোয় গ্রীষ্ম এবং পুজোর ছুটিতে এখানে প্রচুর মানুষ ঘুরতে যায়। একা হোক বা বন্ধুবান্ধবদের সাথে হোক কিংবা পরিবার নিয়ে হোক, সকলের জন্যই দীঘা ঘোরবার একটি আদর্শ জায়গা। এছাড়া স্থানীয় লোকেরা এখানে পিকনিক করতেও আসে।

নিউ দীঘা
অপরাহ্ণে নিউ দীঘা সৈকত। ছবি সববাংলায়

দীঘাতে ট্রেনে, বাসে বা গাড়িতে তিনভাবেই যাওয়া যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সরকারী এবং বেসরকারী বাস ছাড়ে। দীঘাতে সমস্ত মূল্যের হোটেল ভাড়া পাওয়া যায়। অনেক কম মূল্যের হোটেল বা বাজেট হোটেল যেমন আছে, আবার ফোর স্টার হোটেলও ভাড়া পাওয়া যায়। দীঘাকে দুই ভাগে ভাগ করা হয়। ওল্ড দীঘা এবং নিউ দীঘা। ওল্ড দীঘাতে অবস্থিত দীঘা মোহনা থেকে দীঘার সীমা শুরু হয় এবং নিউ দীঘার ওসিয়ানা সৈকতে গিয়ে দীঘার সীমা শেষ হয়। সমুদ্র ছাড়াও এখানে দেখবার জন্য আরও অনেক জায়গা রয়েছে যেমন নিউ দীঘা সায়েন্স ‌সেন্টার, মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টার, অমরাবতী পার্ক, কাজল দীঘি, ঢেউসাগর পার্ক ইত্যাদি। দীঘাতে কোথায় থাকবেন, কী করবেন বা কী কিনবেন সেই সব বিস্তারিত জানতে পড়ুন এখানে

২) মন্দারমনি

দীঘার পরেই কলকাতার কাছে সেরা তিনটি সৈকতের মধ্যে যে সৈকতটির নাম উঠে আসে তা হল মন্দারমনি। মূলত কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল থেকে মানুষ সপ্তাহের শেষে ছুটিতে ঘুরতে যান এখানে। প্রায় সব হোটেল থেকেই সমুদ্র দেখা যায় কারণ হোটেলগুলো সৈকতের ওপরেই তৈরি হয়েছে। সাধারণত বন্ধুবান্ধব নিয়ে বা অফিসের সহকর্মীদের সাথে কিংবা নবদম্পতিরা মধুচন্দ্রিমার জন্য এখানে ঘুরতে যান। হোটেলে বসে সমুদ্র দেখতে দেখতে সময় কাটানোর জন্য এটা আদর্শ জায়গা।

কলকাতার কাছে সেরা তিনটি সৈকত | সববাংলায়
কলকাতার কাছে সেরা তিনটি সৈকত নিয়ে ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন

ট্রেনে বা বাসের সুবিধা থাকলেও সাধারনত নিজের গাড়ি বা প্রাইভেট গাড়ি ভাড়া করেই বেশিরভাগ মানুষ এখানে ঘুরতে যান। ট্রেনে বা বাসে গেলেও হোটেল অবধি পৌঁছতে গাড়ি লাগবেই। সব হোটেলের দামই অন্য সৈকতের চেয়ে তুলনামূলকভাবে এখানে বেশি। দীঘার থেকে এই সৈকত অপেক্ষাকৃত নির্জন হলেও সপ্তাহের শেষ দুই দিন সারাবছর ধরেই এখানে ভিড় থাকে। যে কারণে সপ্তাহের শেষে মন্দারমনি যাবার প্ল্যান করলে একটু আগে থেকে হোটেল বুক করুন। মন্দারমনিতে কোথায় থাকবেন, কী দেখবেন, কী করবেন সেই সব বিস্তারিত জানতে পড়ুন এখানে

৩) বকখালি

কলকাতার কাছে সেরা তিনটি সৈকতের তালিকায় তৃতীয় স্থানে থাকবে বকখালি। দীঘা বা মন্দারমনির মত জনপ্রিয় না হলেও সৌন্দর্যের দিক থেকে বকখালি কোনও অংশে কম নয়। আবার কলকাতার কাছে সেরা তিনটি সৈকতের তালিকায় তৃতীয় স্থানে কেউ কেউ তাজপুরকে রাখতে চায়। দীঘা বা মন্দারমনির সাথে এই সৈকতের পার্থক্য হল এখানের সৈকতের সাদা বালি এবং এই সৈকতের ব্যাপ্তি । সমুদ্রকে ছুঁতে হলে সৈকতের ওপর দিয়ে অন্তত কুড়ি মিনিট হেঁটে আসতে হবে। এখানে সমুদ্রের ঢেউ অপেক্ষাকৃত ছোট। সমুদ্র সৈকতের পাড়ে রয়েছে প্রাকৃতিক ম্যানগ্রোভ অরণ্য। মূলত কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল থেকে মানুষ দুই থেকে তিনদিনের জন্য পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যান এখানে। এছাড়া স্থানীয় লোকেরা এখানে পিকনিক করতেও আসে।

বকখালির সমুদ্র সৈকত
বকখালির সমুদ্র সৈকত। ছবি সববাংলায়

২০১৮ সাল পর্যন্ত নামখানা স্টেশন থেকে জেটিঘাট পর্যন্ত এসে ভেসেলে করে হাতানিয়া দোয়ানিয়া নদী পার হয়ে বকখালি পৌঁছাতে হত। গাড়ি, বাস সমস্তই এই ভেসেলে করেই পাড় হত। বেশ খানিকটা সময় ব্যয় হত এখানেই। যাতায়াতের এই অসুবিধা এই সৈকতের জনসমাগম কম হওয়ার একটি কারণ হতে পারে। সে সময় এখানে হোটেলও ছিল কম। বর্তমানে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নামখানা ব্রিজ তৈরি হওয়ায় খুব সহজেই বকখালি যাওয়া যায়। এখন হোটেলের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক বেড়েছে। ট্রেনে, বাসে বা গাড়িতে তিনভাবেই বকখালি যাওয়া যায়। তবে এখানে যাওয়া সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল শিয়ালদহ-নামখানা লোকালে করে নামখানা স্টেশনে নেমে অটো বা টোটো করে বকখালি যাওয়া। বকখালিতে কোথায় থাকবেন, কী কিনবেন বা কী করবেন সেই সব বিস্তারিত জানতে পড়ুন এখানে

এই তালিকায় থাকা কলকাতার কাছে সেরা তিনটি সৈকত ছাড়াও অন্যান্য জনপ্রিয় সৈকতগুলো হল তাজপুর, শঙ্করপুর, উদয়পুর, তালসারি, ফ্রেজারগঞ্জ ইত্যাদি। এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য ভ্রমণস্থান নিয়ে জানতে এখানে পড়ুন


সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৫


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading