প্রতিবছর প্রতিমাসের নির্দিষ্ট কিছু দিনে কিছু হয়। নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সমস্ত দিবস পালিত হয়। বিশ্বের পালনীয় সেই সমস্ত দিবসগুলি মধ্যে একটি হল বিশ্ব পরিবেশ দিবস (World Environment day)।
৫ জুন সারা বিশ্ব জুড়েই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে।
পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এবং তার ভারসাম্য বজায় রাখতে এই বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন। ১৯৭২ সালের জুন মাসে সুইডেনের স্টকহোমে রাষ্ট্রসংঘের প্রথম মানবিক পরিবেশ সম্মেলন আয়োজিত হয়। ঐ সম্মেলনেই রাষ্ট্রসংঘের পরিবেশীয় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ৫ জুন তারিখটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার দুই বছর পরে ১৯৭৪ সাল থেকে প্রত্যেক বছর দিনটি পালিত হয়ে আসছে।
সারা বিশ্বে দিনটি পালন করা হয় সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াবার এবং তাদের পরিবেশ সংরক্ষণের কাজে উৎসাহ দেবার উদ্দেশ্যে। প্রকৃতি না বাঁচলে মানবজাতিই যে বিপন্ন হবে, সেই নিয়ে সচেতনতা বাড়ানোই মূলত এই দিনের উদ্দেশ্য। শিল্পায়ন, নগরায়ন, বিশ্বায়ন আর আধুনিকতার জেরে গোটা বিশ্বজুড়েই পরিবেশের অবস্থা প্রতিনিয়ত খারাপ হয়েই চলেছে। যে ভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, ভূগর্ভে সঞ্চিত জল ও জ্বালানি তলানিতে এসে ঠেকেছে , তাতে অদূর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে যে বিশাল সংকট এসে উপস্থিত হবে তাতে কোনও সন্দেহ নেই। পরিবেশ রক্ষার দায়িত্ব সকলের। এই পরিবেশ সচেতনতা তৈরি করাই এই দিনটির উদ্দেশ্য।
১৯৭৪ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করার সময় থেকেই প্রতি বছর এই দিনটির জন্য নির্দিষ্ট একটি থিম বা প্রতিপাদ্য ঠিক করা হয়। সঙ্গে প্রতি বছর কোন একটি শহর বা দেশকে দিনটির মূল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। ১৯৭৪ সালে প্রথম পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল ‘একটাই পৃথিবী’ (Only One Earth)’। আয়োজক শহর ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের স্পোকান। ২০২১ সাল থেকেই রাষ্ট্রসংঘের ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধরের দশক’ (Decade on Ecosystem Restoration) শুরু হয়েছে যা শেষ হবে ২০৩০ সালে (২০২১-২০৩০)।
বিশ্ব পরিবেশ দিবসের থিম বা প্রতিপাদ্য
- ২০২৬ সালের প্রতিপাদ্য – প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য (Inspired by Nature. For Climate. For Our Future)। আয়োজক দেশ আজারবাইজান।
- ২০২৫ সালের প্রতিপাদ্য – প্লাস্টিক দূষণকে পরাজিত কর (Beat Plastic Pollution)। আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া।
- ২০২৪ সালের প্রতিপাদ্য – ভূমির পুনরুদ্ধার, মরুকরণ প্রতিরোধ এবং খরা সহনশীলতা (Land Restoration, Desertification and Drought Resilience)। আয়োজক দেশ সৌদি আরব।
- ২০২৩ সালের প্রতিপাদ্য – প্লাস্টিক দূষণকে পরাজিত কর (Beat Plastic Pollution)। আয়োজক দেশ আইভরি কোস্ট।
- ২০২২ সালের প্রতিপাদ্য – একটাই পৃথিবী (Only One Earth)। আয়োজক দেশ সুইডেন।
- ২০২১ সালের প্রতিপাদ্য – পুনরায় কল্পনা কর, পুনরায় সৃষ্টি কর, পুনরুদ্ধার কর (Reimagine. Recreate. Restore.)। আয়োজক দেশ পাকিস্তান।
- ২০২০ সালের প্রতিপাদ্য – প্রকৃতির জন্য সময় (Time for Nature)। আয়োজক দেশ কলম্বিয়া
- ২০১৯ সালের প্রতিপাদ্য – বায়ু দূষণকে প্রতিহত করা (Beat Air Pollution)। আয়োজক দেশ চীন
- ২০১৮ সালের প্রতিপাদ্য – প্লাস্টিক দূষণকে প্রতিহত করা (Beat Plastic Pollution)। আয়োজক দেশ ছিল ভারত।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় দিবসের ইতিকথা, বিমান বসু, পৃষ্ঠা-৪৭
- https://en.wikipedia.org/wiki/World_Environment_Day
- https://roar.media/bangla/
- https://eisamay.indiatimes.com/
- https://www.business-standard.com/


আপনার মতামত জানান